রাণীনগরে বাছুরসহ ছয় গরুর নিলাম স্থগিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১০:২২ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগর থানা চত্বরে এক মাসের বেশি সময় ধরে রাখা পাঁচটি উদ্ধার করা গরুর সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি বাছুর। একটি গরু থানায় থাকা অবস্থায় এঁড়ে বাছুর জন্ম দেওয়ায় বর্তমানে গরুর সংখ্যা দাঁড়িয়েছে ৬ টি তে। তবে নির্ধারিত সময়ের আগে আদালতের নির্দেশে এসব গরুর নিলাম স্থগিত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ জুলাই র‌্যাবের সহযোগিতায় নাটোরের নলডাঙ্গা এলাকা থেকে আসলাম নামের এক গরু চোরকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন ১৫ জুলাই ভোরে নাটোরের সিংড়া উপজেলার ছোট চৌগ্রাম এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় অসিত নামে এক ব্যক্তিকে আটক করে তার গোয়ালঘর থেকে পাঁচটি গরু উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গরুগুলোর মধ্যে একটি গরু তখন গর্ভবতী ছিল।

উদ্ধার করা গরুগুলোর প্রকৃত মালিকের সন্ধান না পাওয়ায় আদালতের নির্দেশে সেগুলো রাণীনগর থানায় রাখা হয়। পরে চুক্তিভিত্তিক একজন ব্যক্তির মাধ্যমে গরুগুলোর খাবার ও পরিচর্যার ব্যবস্থা করা হয়। থানায় থাকা অবস্থাতেই একটি গরু সম্প্রতি বাছুর জন্ম দেয়।

এদিকে, নওগাঁর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর গত ২৭ আগস্টের নিলাম বিজ্ঞপ্তিতে বাছুরসহ ছয়টি গরু ৩০ আগস্ট বিকেল ৩টায় রাণীনগর থানা চত্বরে প্রকাশ্য নিলামে বিক্রির সময় নির্ধারণ করা হয়। নিলামে অংশগ্রহণকারীদের পাঁচ হাজার টাকা জামানত এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দেওয়ার শর্ত দেওয়া হয়েছিল।

কিন্তু নিলামের নির্ধারিত সময়ের আগেই পপি রাণী হালদার নামে এক নারী নিলাম স্থগিতের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন। আবেদনটি বিচারাধীন থাকায় ৩০ আগস্ট আদালতের নতুন বিজ্ঞপ্তিতে নিলাম কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।

ফলে আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাণীনগর থানায় থাকা বাছুরসহ ছয়টি গরুর নিলাম অনুষ্ঠিত হচ্ছে না।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com