দ্রুত অসহায় মানুষের জন্য পাঁচবিবির আটটি ইউনিয়নে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করা হবে: মাসুদ রানা প্রধান

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৩:৫৭ পিএম

মোস্তাকিন হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

অসহায় ও দরিদ্র মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটটি ইউনিয়নে দ্রুতই ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করা হবে বলে জানিয়েছেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।

তিনি বলেন, শুধু পৌর শহরকেন্দ্রিক নয়, উপজেলার প্রত্যন্ত ইউনিয়নগুলোর মানুষও যাতে দ্রুত ও সহজে চিকিৎসাসেবা নিতে পারেন, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অসহায় মানুষ মাত্র ৫০ টাকা প্রদান করে অ্যাম্বুলেন্স সেবা নিতে পারবেন। এর মাধ্যমে দুর্গম ও প্রত্যন্ত এলাকার রোগীদের জরুরি সময়ে হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে ভোগান্তি অনেকটাই কমবে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় পাঁচবিবি উপজেলা অডিটোরিয়ামে সোনালী অতীত ফুটবল ক্লাবের উদ্যোগে আয়োজিত সাবেক ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসুদ রানা প্রধান আরও বলেন, পাঁচবিবির আটটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির কাজ খুব দ্রুত করা হবে। খেলাধুলার পরিবেশ তৈরি করে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি পাঁচবিবি খোদাবক্স স্টেডিয়ামের উন্নয়ন কাজও দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের প্রশংসা করে তিনি বলেন, তাঁর মতো দায়িত্বশীল ও কর্মঠ কর্মকর্তা প্রতিটি উপজেলায় থাকলে স্থানীয় পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে। তাঁর নেতৃত্বে পাঁচবিবি উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম প্রশংসনীয় বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে পাঁচবিবিকে একটি রোল মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

“ফুটবলকে ভালোবাসুন, মাদককে না বলুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখা পাঁচবিবির সাবেক ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী অতীত ফুটবল ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেন, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম, সোনালী অতীত ফুটবল ক্লাবের উপদেষ্টা জাহিদুর রহমান অশ্রু, সাবেক ফুটবলার এম আই মিঠু, সাবেক ফুটবলার ও সাংবাদিক আব্দুল হালিম সাবু, সংগঠনের সদস্য সচিব মো. মেহেদী হাসান অর্নব এবং সাবেক ফুটবলার আর আই রকি।

এছাড়া যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন সোনালী অতীত ফুটবল ক্লাবের উপদেষ্টা আলীম আল রাজী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব মো. মঞ্জুরে মওলা পলাশ, সাবেক ফুটবলার জাহিদুর রহমান রানা, শ্রী বিশ্বনাথ গোয়ালা, কবিরুল ইসলাম হেলাল, ভরত প্রসাদ গোয়ালা, মোস্তাকিম ওয়াজেদ, জাহাঙ্গীর আলম, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি মো. তাইজুল ইসলাম, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, সোনালী অতীত ফুটবল ক্লাবের সম্পাদক মো. হারুনুর রশীদ হারুন, সাবেক ফুটবলার ও সহকারী অধ্যাপক আহসান হাবিব, সাবেক ফুটবলার ও সাংবাদিক আকতার হোসেন বকুল, পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস, সাংবাদিক মোস্তাকিন হোসেন, উল্লাস হাজরা ও বাবুল হোসেনসহ সাবেক ফুটবলার, ক্রীড়াবিদ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে সোনালী অতীত ফুটবল ক্লাব দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। সাবেক ও গুণী ক্রীড়াবিদদের সম্মান জানানোর পাশাপাশি স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্লাবের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।

তারা আরও বলেন, পাঁচবিবির ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ও গৌরব ধরে রাখতে নতুন প্রজন্মের খেলোয়াড়দের উৎসাহিত করা প্রয়োজন। এ ধরনের আয়োজনের মাধ্যমে একদিকে সাবেক খেলোয়াড়দের দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি দেওয়া হচ্ছে, অন্যদিকে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার সুযোগ সৃষ্টি হচ্ছে। খেলাধুলার প্রসার ঘটলে তরুণ প্রজন্ম মাদক ও অপরাধ থেকে দূরে থেকে সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com