নীলফামারী-গাইবান্ধায় র‌্যাবের অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও হেরোইনসহ গ্রেপ্তার ২

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৯:৪৬ এএম

নীলফামারী-গাইবান্ধায় র‌্যাবের অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও হেরোইনসহ গ্রেপ্তার ২

 

রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি

 

নীলফামারী ও গাইবান্ধায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও হেরোইন জব্দ করেছে র‌্যাব-১৩। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১৩ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ২৮ আগস্ট রাত ২টা ২৫ মিনিটে নীলফামারীর ডোমার থানার সোনারায় আমিনুর হাজির মোড় এলাকার পাকা সড়কে অভিযান চালায় র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের একটি দল।

অভিযানে ১৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় মাদক ব্যবসার অভিযোগে মো. মাসুদ পারভেজ সোহেল (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ডোমার উপজেলার ছোটরাউতা ডাংগাপাড়া এলাকার বাসিন্দা।

অন্যদিকে, একই রাতে গাইবান্ধা সদর থানার পূর্ব সবুজপাড়া এলাকায় পৃথক অভিযান চালায় র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি দল। রাত ৩টার দিকে পরিচালিত ওই অভিযানে ৬ পুরিয়া হেরোইন, যার ওজন ০.০৭ গ্রাম, এবং ১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ সময় মাদক ব্যবসার অভিযোগে মো. হানিফ মিয়া (৪৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি গাইবান্ধা পৌরসভার পূর্ব সবুজপাড়া এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের এবং জব্দ করা মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com