হবিগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর, অনুপস্থিত ফার্মাসিস্ট বদলি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১০:৫৪ পিএম

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

আজ শনিবার (২৯ আগস্ট) দুপুরে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ হাসপাতালে গিয়ে উপস্থিত হন তিনি। মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনে হাসপাতাল কর্মীদের মধ্যে চরম চাঞ্চল্য সৃষ্টি হয়।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, প্যাথলজি, শিশু ওয়ার্ড, ওষুধাগার ও রান্নাঘরসহ বিভিন্ন বিভাগ সরজমিনে ঘুরে দেখেন। তিনি টিকিট কাউন্টারে লাইনে দাঁড়িয়ে থাকা সেবাগ্রহীতা এবং বিভিন্ন ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন ও চিকিৎসায় কোনো সমস্যা হচ্ছে কি না তার খোঁজ নেন। 

এ সময় রোগীরা হাসপাতালের নানা অব্যবস্থাপনা, নোংরা পরিবেশ, জনবল সংকট এবং বাইরে থেকে স্যালাইনসহ জরুরি ওষুধ কিনে আনার মতো বিভিন্ন ভোগান্তির কথা মন্ত্রীর সামনে তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন।

রোগী ও স্বজনদের অভিযোগ শোনার পর হাসপাতালের সেবার মান এবং অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।

 তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, "দেশের অন্যান্য জেলার তুলনায় হবিগঞ্জ সদর হাসপাতালের পরিচ্ছন্নতার অবস্থা অত্যন্ত খারাপ। 

সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম সহ্য করা হবে না।" চিকিৎসকদের আরও আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশ দেন তিনি।

হাসপাতালটির ডিসপেনসারি (ওষুধাগার) পরিদর্শনের সময় রিগান আহমেদ (রিগান হোসেন) নামের একজন ফার্মাসিস্টকে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত পান মন্ত্রী। দায়িত্বে এই গাফিলতির কারণে স্বাস্থ্যমন্ত্রী তাৎক্ষণিকভাবে উক্ত ফার্মাসিস্টকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বদলির আদেশ দেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের চিকিৎসা খাতের মানোন্নয়নে দেশব্যাপী এই ধরণের ঝটিকা পরিদর্শন অব্যাহত থাকবে। 

হবিগঞ্জ সদর হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি, চিকিৎসক সংকট দূরীকরণ এবং হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস দ্রুত চালুর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান ।

মন্ত্রীর পরিদর্শনের সময় হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব, হাসপাতালের তত্ত্বাবধায়ক আমিনুল হক সরকারসহ স্থানীয় জেলা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com