বাংলাদেশ বার্তা টুডে
জাককানইবিতে ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা দিলেন ইউসিবি কর্মকর্তা
জাককানইবিতে ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা দিলেন ইউসিবি কর্মকর্তা নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও করপোরেট জগতে প্রবেশের প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ইউসিবি ক্যারিয়ার কানেক্ট’ শীর্ষক সেমিনার। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির উদ্যোগে এবং জাককানইবি স্কিল ডেভেলপমেন্ট ক্লাব (জেকেকেএনআইইউ-এসডিসি) ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত কেন্দ্রীয় গ্রন্থাগারের নবযুগ অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, পরিবহন প্রশাসক আহমেদ শাকিল হাশমি, ছাত্র পরামর্শ ও দিকনির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, সহকারী প্রক্টর মোহাম্মদ তরিকুল ইসলাম জনি, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম এবং সহকারী অধ্যাপক কাজী সাইফুর রহমান। মূল বক্তা হিসেবে বক্তব্য দেন ইউসিবি পিএলসির হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট ডিভিশনের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট তাহসিন জালিল চৌধুরী। তিনি করপোরেট জগতের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি ক্যারিয়ার গড়ার কৌশল, প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্বগুণ, ক্যারিয়ার পরিকল্পনা ও চাকরির প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনা দেন। বর্তমান চাকরির বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরিতে যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা ও পেশাদার মনোভাবের গুরুত্বও তুলে ধরেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বর্তমান কর্মক্ষেত্রে সফল হতে একাডেমিক জ্ঞানের পাশাপাশি যোগাযোগ দক্ষতা, নেতৃত্বগুণ ও পেশাগত সক্ষমতা অর্জন অত্যন্ত জরুরি। তিনি শিক্ষার্থীদের সময়ের চাহিদা অনুযায়ী নিজেদের দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানান এবং ক্যারিয়ার পরিকল্পনায় সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য আরও প্রস্তুত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তারা একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় পেশাগত দক্ষতা অর্জন ও কর্মজীবনের জন্য আগাম প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। আয়োজনের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব, যেখানে ক্যারিয়ার পরিকল্পনা, ব্যাংকিং খাতে চাকরির প্রস্তুতি ও করপোরেট কর্মপরিবেশ নিয়ে প্রশ্ন করেন শিক্ষার্থীরা। অংশগ্রহণকারীদের জন্য ছিল বিশেষ স্ন্যাক্স ও গুডিস ব্যাগের ব্যবস্থাও।
নদী পারাপারে ঝুঁকি, অলস পড়ে ৪৯ কোটি টাকার বন্দর
নদী পারাপারে ঝুঁকি, অলস পড়ে ৪৯ কোটি টাকার বন্দর: চুনারুঘাটে ‘বাল্লা খোয়াই’ ইমিগ্রেশন চেকপোস্ট নতুন স্থলবন্দরে স্থানান্তরের আকুল দাবি মনির সরকার- চুনারুঘাট (হবিগঞ্জ): হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১ নং গাজীপুর ইউনিয়নের কেদারাকোট এলাকায় প্রায় ৪৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন ও আধুনিক 'বাল্লা স্থলবন্দর'। তবে বন্দরের আধুনিক অবকাঠামো পুরোপুরি প্রস্তুত থাকলেও পুরানো 'বাল্লা খোয়াই' ইমিগ্রেশন চেকপোস্টটি নতুন স্থানে স্থানান্তরিত না হওয়ায় সরকারের বিপুল অর্থের বিনিয়োগ এখন অলস পড়ে আছে। অন্যদিকে বন্দরের পূর্ণাঙ্গ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ, ব্যবসায়ী ও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা। খোঁজ নিয়ে জানা যায়, খোয়াই নদীর ওপর সেতু না থাকায় নদী পার হয়ে পুরানো চেকপোস্টে যাতায়াত করতে হয়। পর্যটন, ব্যবসায়িক কাজ কিংবা ভারতে চিকিৎসার উদ্দেশ্যে যাওয়া হাজার হাজার যাত্রী প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বর্ষা মৌসুমে নদীর প্রখর স্রোত পার হতে গিয়ে যাত্রী সাধারণকে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিতে হচ্ছে। জরাজীর্ণ স্থান থেকে ইমিগ্রেশন কার্যক্রম অবিলম্বে কেদারাকোটে নির্মিত নতুন স্থলবন্দর চত্বরে সরিয়ে নেওয়া। নদী পারাপারের ভয়াবহ ঝুঁকি এড়িয়ে পাসপোর্টধারী যাত্রীদের দ্রুত, আধুনিক ও মানসম্মত সেবা সুনিশ্চিত করা। রাজস্ব বৃদ্ধি ও ব্যবসা-বাণিজ্য: বন্দরটি পুরোপুরি সচল হলে সীমান্ত বাণিজ্যে গতি ফিরবে এবং সরকারের ঘরে প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব জমা হবে। লাখ লাখ মানুষের যাতায়াত সহজ করতে এবং জাতীয় অর্থনীতিতে গতি আনতে ৪৯ কোটি টাকার এই মেগা প্রকল্পটিকে দ্রুত পুরোদমে চালুর দাবি জানিয়েছেন স্থানীয়ও সচেতন মহল। দ্রুত ইমিগ্রেশন চেকপোস্ট স্থানান্তরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি ও জরুরি হস্তক্ষেপ কামনা করছেন সবাই।
শ্রীপুরে পুকুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর
শ্রীপুরে পুকুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর মহিউদ্দিন আহমেদ শ্রীপুর( গাজীপুর )সংবাদদাতা গাজীপুরের শ্রীপুরে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ দুই শিশুর মরদেহ প্রায় আট ঘণ্টা পর একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ইলিমবাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো ৯ বছর বয়সী জুনাইদ ও ৮ বছর বয়সী ইউসুফ। জুনাইদ বিক্রমপুরের মো. মামুনের ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ত। ইউসুফ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার এমদাদুল হকের ছেলে এবং স্থানীয় একটি কওমি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। পরিবার ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে দুই শিশু বাড়ি থেকে বের হয়। এরপর দীর্ঘ সময় পার হলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেন। কিন্তু কোথাও তাদের সন্ধান পাওয়া যাচ্ছিল না। এরই মধ্যে বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয়রা আবুল হোসেনের পুকুরের পাশে শিশু দুটির জুতা পড়ে থাকতে দেখেন। এতে পুকুরে তাদের সন্ধানের উদ্যোগ নেওয়া হয় এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে পুকুরের ভেতর থেকে জুনাইদ ও ইউসুফের মরদেহ উদ্ধার করা হয়। মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খাইরুল আলম জানান, নিখোঁজের পর পুকুরপাড়ে দুই শিশুর জুতা পাওয়া যায়। খবর পেয়ে ডুবুরি দল সেখানে অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। দুই শিশুর মৃত্যুর খবরে পুরো ইলিমবাড়ি এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। শিশু দুটির পুকুরে ডুবে যাওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
নওগাঁয় বজ্রপাতে কিশোর নিহত
নওগাঁয় বজ্রপাতে কিশোর নিহত মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় বন্ধুদের সঙ্গে খেলাধুলা করার সময় বজ্রপাতে অনিক পাহান (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হামিদপুর আদিবাসী পাড়া গ্রামের কাউয়ার পুকুরপাড়ে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত অনিক পাহান ওই গ্রামের মন্টু পাহানের ছেলে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, বিকাল বেলা কয়েকজন বন্ধু মিলে বাড়ির কাছেই কাউয়ার পুকুরপাড়ে খেলাধুলা করছিল অনিক। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু তার আগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বজ্রপাতে কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক।
নোবিপ্রবিতে সমুদ্রবিজ্ঞান বিভাগের ১৬তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
" নোবিপ্রবিতে সমুদ্রবিজ্ঞান বিভাগের ১৬তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত " মোঃ জাহিদ হাসান নোবিপ্রবি প্রতিনিধি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সমুদ্রবিজ্ঞান বিভাগের ১৬তম আবর্তনের (২০২০-২১ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ রুহুল আমীন অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ ড. মো. হাসান উদ্দিন এবং বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. মহিনুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো. গোলাম মোস্তফা। এছাড়াও বিভাগের সর্বস্তরের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এতে অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল ও সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেওয়া হয়। পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সংবর্ধনা পর্বে ১৭তম ব্যাচের শিক্ষার্থীরা বিদায়ী ব্যাচের উদ্দেশ্যে তাদের শুভেচ্ছা বক্তব্য ও স্মৃতিচারণ তুলে ধরেন। পরবর্তীতে বিদায়ী ১৬তম ব্যাচের শিক্ষার্থীরা তাঁদের বিশ্ববিদ্যালয় জীবনের নানা অভিজ্ঞতা, প্রাপ্তি ও আবেগঘন অনুভূতি ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সার্বিক সাফল্য ও উজ্জ্বল উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। ডিন ও বিভাগের শিক্ষকমণ্ডলী তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে দেশের সমুদ্রসম্পদ রক্ষা ও গবেষণায় কাজে লাগানোর আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন এবং দেশ ও সমাজের কল্যাণে নিজেদের জ্ঞান, মেধা ও দক্ষতা কাজে লাগানোর আহ্বান জানান। পরে বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত সবাই অংশ নেন। আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
কালীগঞ্জে ভোক্তা অধিকারের তিন হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা
কালীগঞ্জে ভোক্তা অধিকারের তিন হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি মিষ্টির দোকান ও হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা পরিচিত হয়। পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ। ঐ সময় আদি ঘোষ সুইট, ঘোষ সুইট ও নিউ বাঘাট মিষ্টান্ন ভান্ডার নামের তিনটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ, ঢাকনাবিহীন অবস্থায় খাদ্যসামগ্রী রাখা এবং নিউজপেপারে খাদ্যসামগ্রী বিক্রয়ের মতো অনিয়ম পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠান তিনটিকে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কালীগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ
কালীগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জে বিপুল পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের অবৈধ সিগারেট এবং ব্যবসায়িক নথিপত্র জব্দ করেছে কাস্টমস, আবগারি ও ভ্যাট কর্তৃপক্ষ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাজরানিয়া বাজারের ব্যবসায়ী মো. সাইফুল ইসলামের প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়। জব্দ পণ্যের মধ্যে রয়েছে- প্রিমিয়াম গোল্ড সিগারেট ১,৫৬৫ প্যাকেট, পার্টনার সিগারেট ২২০ প্যাকেট, ফিউচার কিংস সিগারেট ৫৬০ প্যাকেট এবং ইন্ডো ব্ল্যাক সিগারেট ১৪০ প্যাকেট। এ ছাড়া ব্যবসায়িক হিসাব-নিকাশ যাচাইয়ের জন্য ওই প্রতিষ্ঠান থেকে ১টি রেজিস্টার খাতা, ১টি কর্মচারী খাতা ও ১টি ক্যাশ খাতা জব্দ করা হয়েছে। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল লালমনিরহাটের সহকারী রাজস্ব কর্মকর্তা সঞ্জয় কুমার বলেন, সরকারি রাজস্ব ফাঁকি রোধ ও কর দায়বদ্ধতা নিরূপণের লক্ষ্যে এই অভিযান চালানো হয়েছে। জব্দ মালামালের বিপরীতে আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অভিযান চলবে।
জামালপুরের বকশিগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
জামালপুরের বকশিগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি। মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য স্বাক্ষরতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বকশিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। সভায় স্বাক্ষরতার গুরুত্ব, শিক্ষার প্রসার এবং নিরক্ষরতা দূরীকরণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান মো. রেজাউল করিম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আনোয়ারুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোছা. কনিকা খাতুন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, ব্র্যাক শিক্ষা কর্মসূচির ম্যানেজার মো. শহিদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। নিরক্ষরতা দূর করে একটি জ্ঞানভিত্তিক, দক্ষ ও সমৃদ্ধ সমাজ গঠনে সরকার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আলোচনা সভায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।
বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা নিয়ে মানিকগঞ্জে সভা
বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা নিয়ে মানিকগঞ্জে সভা সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ : বাংলাদেশের সার্বিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) ভূমিকা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা । তাঁদের মতে, এনজিওগুলোর কার্যক্রম ও অর্থায়ন বাড়ানো গেলে দেশের উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে । আজ মঙ্গলবার মানিকগঞ্জ জেলা শহরের বেউথা এলাকায় আরব সংস্থার মিলনায়তনে ‘বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন । অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) মানিকগঞ্জ জেলা শাখা এ সভার আয়োজন করে । সভায় প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস । এডাবের জেলা কমিটির সহসভাপতি শিউলী আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন এডাবের কেন্দ্রীয় কার্যালয়ের পরিচালক কাওসার আলম মুন্সি কনক, বিভাগীয় সমন্বয়কারী নুরুল আমিন স্বপন, জেলা কমিটির সদস্য-সচিব সঞ্জয় কুমার দাস, আরবের নির্বাহী পরিচালক নূরতাজ আলম নিশো, স্টেপের উপপরিচালক সিরাজুল ইসলাম, সিডার নির্বাহী পরিচালক নিভা সরকার ও পারডোর নির্বাহী পরিচালক শামীমা আক্তার। বক্তারা বলেন, দেশের শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন ক্ষেত্রে এনজিওগুলো দীর্ঘদিন ধরে কাজ করছে । তবে বিগত সরকার বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করার পর অনেক এনজিওর কার্যক্রম ও অর্থায়ন কমে যায়। এতে কিছু সংস্থা কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে এবং অনেক কর্মকর্তা-কর্মচারী চাকরি হারিয়েছেন । তাঁদের ভাষ্য, বর্তমান সরকার এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিলে বিদেশি দাতা সংস্থাগুলো আবার বাংলাদেশে এনজিওগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডে অর্থায়নে আগ্রহী হবে । এতে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে । সভায় আরবের কর্মকর্তা আনিসুর রহমান, স্টেপের কর্মকর্তা জহুরুল ইসলামসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন ।
জামায়াতের লংমার্চ ও সংসদের বক্তব্যে মিল নেই, তারা রাজনৈতিক দ্বিচারিতা করছে: চরমোনাই পীর
জামায়াতের লংমার্চ ও সংসদের বক্তব্যে মিল নেই, তারা রাজনৈতিক দ্বিচারিতা করছে: চরমোনাই পীর তানভীর আজাদ জেলা প্রতিনিধি কুষ্টিয়া । জামায়াতে ইসলামীর লংমার্চের দাবি এবং জাতীয় সংসদে দেওয়া বক্তব্যের মধ্যে দ্বিমুখী নীতি রয়েছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেছেন, বিদ্যুৎসহ বিভিন্ন দাবিতে লংমার্চ করার পর সংসদে গিয়ে সম্পূর্ণ উল্টো বক্তব্য দেওয়া তাদের রাজনৈতিক দ্বিচারিতার স্পষ্ট প্রমাণ। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া শহরের ফজলুল উলম মাদ্রাসায় একটি কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জামায়াতের ইসলামী পরিচয় সংকটে স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদের বক্তব্যের উদ্ধৃতি টেন চরমোনাই পীর বলেন, জামায়াতে ইসলামী তাদের দলীয় লোগো থেকে ‘আকিমুদদ্বীন’ কথাটি বাদ দিয়েছে। இதன் ফলে সেখানে ইসলামের কোনো অস্তিত্ব থাকছে না এবং দলটিকে ইসলামী দল বলার কোনো সুযোগ নেই। অতীতে তাদের নির্বাচনী ইশতেহারে কিংবা দলের আমীরের বক্তব্যেও শরিয়া আইন অনুযায়ী দেশ পরিচালনার কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি ছিল না উল্লেখ করে তিনি বলেন, এসব কারণে জামায়াত এখন তাদের মৌলিক ইসলামী পরিচয় হারাচ্ছে। বিদ্যুৎ সংকটের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামী বিদ্যুৎসহ নানা দাবিতে রাজপথে লংমার্চ করেছিল। অথচ সেখান থেকে ফিরে দলের আমীর সংসদে গিয়ে বললেন যে বর্তমান বিদ্যুতের সমস্যা এই সরকারের সৃষ্টি নয়। তাহলে এত তেল-পুড়িয়ে কেন তারা সেই লংমার্চ করেছিলেন? সাধারণ মানুষের সঙ্গে এমন দ্বিমুখী আচরণ কেন । দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও প্রশাসনের কার্যক্রমে তীব্র অসন্তোষ প্রকাশ করে মুফতি রেজাউল করীম বলেন, বিগত নির্বাচন নিয়ে নানা সংশয় থাকলেও তারা তা মেনে নিয়েছিলেন। তবে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন আমলের চেয়েও দেশকে আরও বেশি খারাপ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছড়িয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে আমরা পাতি শৃগালের কাছে মুরগি বর্গা দিয়েছি। এ সময় বিএনপির সমালোচনা করে তিনি জানান, নির্বাচনের আগে শরিয়া বিরোধী কোনো আইন প্রণয়ন না করার ওয়াদা দিলেও বিএনপি তা রক্ষা করছে না। ইতিমধ্যে তারা সংসদে শরিয়া বিরোধী আইন অনুমোদন করেছে বলে অভিযোগ করে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, এই ধরনের আইন থেকে সরে না আসলে কঠোর প্রতিবাদ ও আন্দোলনে নামতে বাধ্য হবে দল। কর্মী সমাবেশে কুষ্টিয়া জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আখন্দ ও সেক্রেটারি জিএম তাওহীদ আনোয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ, বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
গোপালগঞ্জ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ, বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ :- সাইফুল ইসলাম গোপালগঞ্জ প্রতিনিধি: ০৮-০৯-২৬ গোপালগঞ্জ টুঙ্গিপাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ, ব্যক্তিগত বিষয় নিয়ে আপত্তিকর মন্তব্য এবং অস্বস্তিকর কথাবার্তার অভিযোগ উঠেছে। অভিযোগের প্রতিবাদে এবং ঘটনার নিরপেক্ষ তদন্তসহ অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ৯টার দিকে শিক্ষার্থীরা বিদ্যালয়ের ভেতরে অবস্থান নিয়ে তাদের অভিযোগ ও দাবির কথা জানায়। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ কর্মসূচিতে তারা অভিযুক্ত শিক্ষক ফারুকুজ্জামানের বিরুদ্ধে তদন্তের দাবি এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে , কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানায় শিক্ষার্থীরা। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ভাষ্য, শিক্ষক ফারুকুজ্জামান বিভিন্ন সময়ে ছাত্রীদের পোশাক, শারীরিক বিষয় ও ব্যক্তিগত জীবন নিয়ে এমন মন্তব্য করতেন, যা তাদের কাছে অস্বস্তিকর। কয়েকজন শিক্ষার্থী দাবি করে, নির্দিষ্ট কিছু ছাত্রীকে আলাদাভাবে ডেকে আপত্তিকর কথা বলার ঘটনাও ঘটেছে। অষ্টম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী জানায়, বিজ্ঞান ক্লাসে বয়সন্ধিকাল ও ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করার সময় শিক্ষক এমন কিছু মন্তব্য করতেন, যা একজন শিক্ষকের কাছ থেকে প্রত্যাশিত নয় বলে তারা জানায়। অষ্টম শ্রেণির শিক্ষার্থী লুনা আক্তার অভিযোগ করে, শিক্ষক তাদের পোশাক ও শারীরিক বিষয় নিয়ে বিভিন্ন মন্তব্য করতেন এবং অনেক সময় আচরণও ভালো ছিল না। একই শ্রেণির তাইবা আক্তার অভিযোগ করেন, ছাত্রীদের উদ্দেশে শিক্ষক এমন মন্তব্য করেছেন, যা তাদের অস্বস্তিতে ফেলেছে। আরেক শিক্ষার্থী জানায়, শিক্ষক অনেক সময় ছাত্রীদের বিভিন্ন আদুরে নামে সম্বোধন করতেন, যা তাদের কাছে বিব্রতকর বলে মনে হতো। শিক্ষার্থীদের কয়েকজন আরও অভিযোগ করে, ক্লাসের সময় তাদের পোশাক ও শরীর নিয়ে মন্তব্য করার পাশাপাশি খারাপ ভাষা ব্যবহারের ঘটনাও ঘটেছে। কেউ কেউ শিক্ষককে ভয়ভীতি দেখানোর অভিযোগও করেছে। এক শিক্ষার্থীর দাবি, তার সাথে ঘটে যাওয়া কোনো এক ঘটনা অন্যদের জানালে সামাজিকভাবে সমস্যায় পড়তে হবে—এমন ধরনের কথা বলে তাকে ভয় দেখানো হয়েছিল। এ কারণে অনেক শিক্ষার্থী বিষয়টি নিয়ে আতঙ্কে ছিল বলে তারা জানায়। এ ছাড়া পরীক্ষার ফলাফল দেখানোর বিষয়েও একজন ছাত্রীকে একা আসতে বলা হয়েছিল বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা। ওই ছাত্রী সঙ্গে একজন বান্ধবীকে নেওয়ার কথা বললে শিক্ষক একা আসার কথা বলেছিলেন, দাবি এক শিক্ষার্থীর। এসব অভিযোগ সামনে আসার পর শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের পাশাপাশি প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা, বদলি ও অভিযোগ প্রমাণিত হলে চাকরি থেকে বহিষ্কারের দাবি জানায়। বিদ্যালয়ে প্রশাসন কর্মকর্তা বৃন্দ, শিক্ষার্থীদের আন্দোলনের খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ বিদ্যালয়ে যান। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল ইসলাম এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার প্রধান শিক্ষক বিলকিস খানমের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। পরে কর্মকর্তাগণ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছ থেকে ঘটনার বিষয়ে বক্তব্য শোনেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের জানান, অভিযোগগুলো গুরুত্ব দিয়ে যাচাই করা হবে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস খানম জানান, আগের দিন শিক্ষার্থীরা ওই শিক্ষকের বিরুদ্ধে কয়েকটি অভিযোগ তার কাছে জানিয়েছিল। বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের চেষ্টা করলেও শিক্ষার্থীরা তাতে সন্তুষ্ট হয়নি। পরে তারা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলন করে। সাময়িক বরখাস্তের সিদ্ধান্তে প্রশাসন সূত্র জানিয়েছে, অভিযোগের প্রাথমিক যাচাই শেষে শিক্ষক ফারুকুজ্জামানকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগের বিস্তারিত তদন্তে একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত পরিস্থিতি নিশ্চিত হওয়ার পর পরবর্তী প্রশাসনিক ও আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অন্যদিকে, শিক্ষার্থীদের করা অভিযোগের বিষয়ে শিক্ষক ফারুকুজ্জামানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। শিক্ষার্থীরা বলছে, পুরো বিষয়টি যেন নিরপেক্ষভাবে তদন্ত করা হয় এবং অভিযোগ প্রমাণিত হলে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি বিদ্যালয়ে ছাত্রীদের নিরাপত্তা, মর্যাদা ও স্বস্তি নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।
নড়াইলের লোহাগড়ায় দুইপক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ৭ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন
নড়াইলের লোহাগড়ায়ায় দুইপক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ৭ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় উপজেলায় দুইপক্ষে সংঘর্ষে মিসকান সরদার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনার আহত হয়েছে ৭ জন।উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মঙ্গলবার ( ৮ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা এই সংঘর্ষের ঘটনা ঘটে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মিসকান সরদার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামের লোকমান সরদারের ছেলে। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামের শহিদুল (মেম্বার) মোল্যা এবং আজমাল মুন্সি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। তার জেরে মঙ্গলবার সকাল ১১ টার দিকে দুই পক্ষে সংঘর্ষে জড়াই। এতে মিসকান সরদারকে শহিদুল মেম্বারের লোকজন কুপিয়ে গুরুতর জখন করেন। পরে স্থানীয়রা মিসকান সরদারকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। তার অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকা নেওয়ার পথে মাদারীপুরের পাঁচ-চর এলাকায় পৌঁছলে মিসকান সরদার মারা যান। এ ঘটনার দুইপক্ষে আরো ৭জন আহত হয়েছে। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুর রহমান বলেন, দুইপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে আছি এই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়ে। এলাকায় পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।
কালীগঞ্জে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত
কালীগঞ্জে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত। একরামুল ইসলাম তুষার, ঝিনাইদহ : ঝিনাইদহ কালীগঞ্জে এমইপি গ্রুপের উদ্যোগে সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কালীগঞ্জ শহরের ভূষণ হাই স্কুল রোডে সুপার লাক্সারী ডাইন রেস্টুরেন্ট এ সম্মেলনের আয়োজন করা হয়। "একসঙ্গে এগিয়ে চলি, ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করি"—এই শিরোনাম সামনে রেখে অনুষ্ঠিত সম্মেলনে পরিবেশক, ডিলার ও ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার, ব্যবসা সম্প্রসারণ, নতুন পণ্যের পরিচিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইপি গ্রুপের চিফ সেলস অফিসার (সিএসও) মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) মোঃ নিজাম উদ্দিন। এবং এমইপি গ্রুপের কালীগঞ্জ পয়েন্টের পরিবেশক এএইচএম আলীম। সম্মেলনে এমইপি গ্রুপের বিভিন্ন পণ্য, বাজার সম্প্রসারণের কৌশল, বিক্রয় বৃদ্ধি এবং গ্রাহকসেবার মান উন্নয়ন বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পাশাপাশি পরিবেশক ও ব্যবসায়ীদের মতামত এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুক্ত আলোচনা হয়।অনুষ্ঠান শেষে কৃতী পরিবেশক ও ব্যবসায়ীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ, র্যাফেল ড্র, ফটোসেশন এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজন ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীর সমন্বয় ছাড়া ভালো ফলাফল সম্ভব না: ইউএনও তানজিলা আখতার
শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীর সমন্বয় ছাড়া ভালো ফলাফল সম্ভব না: ইউএনও তানজিলা আখতার রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: শিক্ষার মানোন্নয়ন ও দশম শ্রেণির শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার প্রস্তুতি বিষয়ে কিশোরগঞ্জের তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সামছুন্নাহার এর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার বলেন, শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীর সমন্বয় ছাড়া ভালো ফলাফল সম্ভব না। তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়কে জেলার সেরা স্কুল হিসেবে গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে। একই সঙ্গে সন্তানদের লেখাপড়ার অগ্রগতি সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ, শৃঙ্খলা, পরীক্ষার প্রস্তুতি এবং ভালো ফলাফল অর্জনে অভিভাবকদের করণীয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান। সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, দশম শ্রেণির শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জে সরকারি কলেজে আন্ত: বিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৬
গোপালগঞ্জে সরকারি কলেজে আন্ত: বিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৬। সাইফুল ইসলাম গোপালগঞ্জ প্রতিনিধি: ০৮-০৯-২৬ গোপালগন্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা- ২০২৬ এর শুভ উদ্বোধন ও উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। আজ মঙ্গলবার(৮ সেপ্টেম্বর) সকাল ১০.০০ ঘটিকায় গোপালগঞ্জ সরকারি কলেজ, গোপালগঞ্জের আয়োজনে প্রফেসর শাহ মোঃ ইকবাল হোসেন, অধ্যক্ষ, গোপালগঞ্জ সরকারি কলেজ, গোপালগঞ্জের সভাপতিত্বে গোপালগঞ্জ সরকারি কলেজ মাঠে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা- ২০২৬ ও উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল প্রতিযোগিতা খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আরিফ-উজ- জামান, জেলা প্রশাসক গোপালগঞ্জ মহোদয় , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাবীবুল্লাহ, পুলিশ সুপার, গোপালগঞ্জ মহোদয় এবং জনাব শেখ রাকিবুল ইসলাম, সহযোগী অধ্যাপক ও সম্পাদক, শিক্ষক পরিষদ গোপালগঞ্জ সরকারি কলেজ, গোপালগঞ্জ। উক্ত ফুটবল প্রতিযোগিতা খেলায় অংশগ্রহণ করেন গোপালগঞ্জ সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের দল। প্রতিযোগিতা শেষে অতিথিগণ উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং অভিনন্দন জানান । পুলিশ সুপার মহোদয় বক্তব্যে শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধিতে খেলাধুলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন যে, নিয়মিত খেলাধুলা কেবল শরীরকে সুস্থ ও রোগব্যাধিমুক্ত রাখে না, বরং পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং মানসিক অবসাদ দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাঠের খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সহমর্মিতা, শ্রদ্ধাবোধ, আন্তরিকতা, সামাজিক মূল্যবোধ এবং সুদৃঢ় সুশৃঙ্খল ঐক্য গড়ে ওঠে। তিনি আরও বলেন, খেলাধুলা মানুষকে মাঠের প্রতিটি মুহূর্তে যেমন আত্মবিশ্বাসী ও সাহসী করে তোলে, ঠিক তেমনি বাস্তব কর্মজীবনেও চরম পরিশ্রমী ও দায়িত্বশীল হতে শেখায়। উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, এটি আলোকিত মানুষ গড়ার বাহন । এ শিক্ষা যেন সততা, শ্রদ্ধা আর শিক্ষার আলো ছড়ানোর কেন্দ্র হয়ে থাকে। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল নয় বরং মাদক থেকে দূরে থেকে একজন ভালো ও যোগ্য মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য আহবান জানান। জেলা পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে খেলা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় গোপালগঞ্জ সরকারি কলেজের সম্মানিত শিক্ষক বৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ এবং ক্রীড়ামোদী সুধীজন ও সকল স্তরের জনগণ উপস্থিত ছিলেন।