ঘিওরে কিশোর গ্যাংয়ের আতঙ্কে এক পরিবার পালিয়ে বেড়ানোর অভিযোগ উঠেছে

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পিএম

মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের হিজুলিয়া, ফুলহারা ও রামকৃষ্ণপুর এলাকায় কিশোরদের একটি দলের বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ উঠেছে । স্থানীয় বাসিন্দাদের দাবি, বিকেল হলেই হিজুলিয়া-খোশালবাড়ি সেতু এলাকায় ২০ থেকে ৩০ জন কিশোর-তরুণের আড্ডা বসে। তাঁদের দাপটে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে ।

নিরাপত্তাহীনতার কারণে একটি পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে ।

বড়টিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হিজুলিয়া-খোশালবাড়ি এলাকার বাসিন্দা সীমা আক্তারের অভিযোগ, তাঁর দুই ছেলে মেহেদী হাসান মেহেদী ও বিজয় হোসেন রাব্বিকে কয়েক দফা মারধর ও ভয়ভীতি দেখানো হয়েছে । এসব ঘটনায় স্থানীয়ভাবে সালিসও হয়েছে ।

সীমা আক্তার বলেন, কয়েক দিন আগে তাঁর ছেলেদের মারধরের ঘটনায় স্থানীয় মাতব্বরেরা অভিযুক্তদের জরিমানা করে ছেড়ে দেন । ওই সময় ঘিওর থানার দুজন পুলিশ কর্মকর্তাও সেখানে উপস্থিত ছিলেন বলে দাবি তার ।

 

তার অভিযোগ, কয়েক দিন আগে লক্ষ্মী হৃদয় নামের এক কিশোর ফোন করে তাঁকে হুমকি দেয়। পরে সন্ধ্যার দিকে একদল কিশোর-তরুণ দা, লাঠি ও কুড়াল নিয়ে তাঁদের বাড়ি ঘেরাওয়ের চেষ্টা করে । এ সময় দুই ছেলেকে নিয়ে রাতের আঁধারে পাশের একটি গ্রামে চলে যান তিনি ।

সীমা আক্তারের ভাষ্য, তাঁদের না পেয়ে পরে পাশের বাড়ির মোজাম্মেলের ছেলে ইমরানকে রাস্তায় আটকে মারধর করা হয় ।

সীমা আক্তার বলেন, “নিরাপত্তার কারণে এখনো বাড়িতে ফিরতে পারছি না। কখন আবার হামলার শিকার হই, সেই আতঙ্কে দিন কাটছে ।”

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কিশোরদের এসব কর্মকাণ্ড বন্ধে দ্রুত ব্যবস্থা না নিলে এলাকায় বড় ধরনের সংঘাতের আশঙ্কা রয়েছে । তবে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বাসিন্দা বলেন, নিজেদের ও পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে তাঁরা প্রকাশ্যে এসব বিষয়ে কথা বলতে সাহস পান না ।

ফুলহারা গ্রামের কিশোর লিওনের ভাষ্য, হিজুলিয়া সেতু ও খোশালবাড়ির ছোট সেতু এলাকায় প্রতিদিন বিকেলে ২০ থেকে ৩০ জন কিশোর-তরুণের আড্ডা বসে।

এ বিষয়ে ঘিওর থানার সেকেন্ড অফিসার এসআই চিন্ময় মন্ডল বলেন, “এর আগে স্থানীয় লোকজন এ বিষয়ে বসেছিলেন। পরে কী ঘটেছে, তা আমি জানি না ।”

 

ঘিওর থানার ওসি (তদন্ত) এম এ ওয়াদুদ বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন । তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

এদিকে, এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত কিশোর-তরুণদের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com