কুষ্টিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে জন্মাষ্টমী

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পিএম

তানভীর আজাদ কুষ্টিয়া প্রতিনিধি:

উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুষ্টিয়ায় পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। এ উপলক্ষে জেলার বিভিন্ন মন্দিরে পূজা-অর্চনা ও নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে কুষ্টিয়া শহরের শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরসহ বিভিন্ন মন্দিরে বিশেষ পূজা, অর্চনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয়। জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরগুলোতে ভক্তদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

বিকেল ৫টার দিকে শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির প্রাঙ্গণ থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে নারী-পুরুষের পাশাপাশি বিপুলসংখ্যক শিশু অংশ নেয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার সার্বজনীন পূজা মন্দিরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় শিশুদের অনেকেই শ্রীকৃষ্ণের সাজে অংশ নেয়। পাশাপাশি কয়েকজনকে কংসের চরিত্রে সাজতেও দেখা যায়। ঢাক-ঢোল ও বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে শোভাযাত্রায় সৃষ্টি হয় উৎসবের আবহ। অংশগ্রহণকারীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে শহরের সড়কগুলো।

জন্মাষ্টমী উদযাপনে অংশ নেওয়া সনাতন ধর্মাবলম্বীরা বলেন, অন্যায় ও অশুভ শক্তির বিনাশ এবং ধর্ম প্রতিষ্ঠার বার্তা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তাঁর জন্মতিথিকে স্মরণ করে প্রতিবছর নানা আয়োজনের মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপন করা হয়।

তারা আরও বলেন, সমাজে অন্যায়-অবিচার ও অত্যাচার থেকে মানুষ মুক্তি চায়। জন্মাষ্টমীর এই দিনে তাদের প্রার্থনা, ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ ও ন্যায়ের পথে সমাজ পরিচালিত হোক এবং মানুষের মধ্যে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক।

দিবসটি উপলক্ষে কুষ্টিয়ার বিভিন্ন মন্দিরে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান ও নানা কর্মসূচি পালিত হচ্ছে। উৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে আনন্দ ও উৎসবের আমেজ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com