কালীগঞ্জে বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে, আহত ২০
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পিএম
একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের কেয়াবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর জানান, কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের বাসটি কেয়াবাগান এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় এর সামনের একটি চাকা খুলে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গিয়ে সামনের গ্লাস ভেঙ্গে বিভিন্ন অংশ দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধারে এগিয়ে আসেন। স্থানীয় সূত্রে অন্তত ২০ জন আহত হওয়ার কথা জানা গেছে। অনেকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ভর্তি হয়। আরও অনেকে যশোরসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা নেন। ফলে আহতের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ারফাইটার দিপু বিশ্বাস জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শিশির সানা জানান, সকালে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা আহত সাতজনকে হাসপাতালে নিয়ে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, আহতদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও শাবানা খাতুন (৩২) ও মাসুদ রানা (২৯) নামের দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।