পল্লবী থেকে নিখোঁজ শিশু রংপুরে উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে হস্তান্তর

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পিএম

রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি

ঢাকার পল্লবী থেকে নিখোঁজ ১৪ বছরের শিশু আরমান আহম্মদ বাঁধনকে রংপুর থেকে উদ্ধার করেছে র‌্যাব। নিখোঁজের ২৪ ঘণ্টার মধ্যে র‌্যাব-৪ ও র‌্যাব-১৩-এর যৌথ অভিযানে তাকে উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গত ৩০ আগস্ট রাত পৌনে ১০টার দিকে ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন ১২ নম্বর সেকশনের ৪/৪ রোডের বাসার নিচে খেলাধুলা করছিল আরমান আহম্মদ বাঁধন (১৪)। এরপর সে আর বাসায় ফেরেনি। পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরদিন ৩১ আগস্ট পল্লবী থানায় একটি নিখোঁজ জিডি করেন।

ঘটনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে শিশুটিকে উদ্ধারে গোয়েন্দা তৎপরতা শুরু করে র‌্যাব। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪-এর সিপিএসসি, মিরপুর, ঢাকা এবং র‌্যাব-১৩-এর সিপিএসসি, রংপুরের যৌথ আভিযানিক দল অভিযান চালায়।

অভিযানের অংশ হিসেবে ৩১ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন কাছারি বাজার এলাকার মৌবন বেকারির সামনে পাকা সড়ক থেকে আরমানকে উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, উদ্ধার হওয়া শিশুটি সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ছিল। পরে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com