বাংলাদেশ বার্তা টুডে
৫ আগস্ট টেকনাফ উপজেলা বিএনপির গণমিছিল সফল করতে হোয়াইক্যং ইউনিয়ন উত্তর শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আগামী ৫ আগস্ট টেকনাফ উপজেলা বিএনপির ঘোষিত গণমিছিল সফল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হোয়াইক্যং ইউনিয়ন উত্তর শাখার উদ্যোগে এক প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন হোয়াইক্যং ইউনিয়ন উত্তর শাখার সভাপতি ফিরোজ আহমদ। এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি সিরাজুল হক এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী। আলোচনা সভায় বক্তারা আগামী ৫ আগস্টের গণমিছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সফল করার লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের উপস্থিতি এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। সভায় বক্তারা বলেন, দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা বিএনপির ঘোষিত কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের সর্বাত্মক অংশগ্রহণের আহ্বান জানান। সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ আগামী ৫ আগস্টের গণমিছিল সর্বাত্মকভাবে সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।
বেরোবিতে সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি, ৭ কর্মদিবসে প্রতিবেদন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাসুদ রানাকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। সহকারী প্রক্টর আব্দুল্লাহ আল মাহবুব সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন। কমিটির অন্য সদস্যরা হলেন বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. আমির শরীফ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তানজিউল ইসলাম এবং রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. হারুন আল রশিদ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, একটি মহল বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কমিটি নিরপেক্ষভাবে কাজ করবে। তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এর আগে সোমবার সন্ধ্যায় জুলাই অভ্যুত্থান উপলক্ষে ছাত্রশিবির আয়োজিত একটি প্রদর্শনীতে ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগকে কেন্দ্র করে দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর জেরে মঙ্গলবার উভয় সংগঠন পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের মূল ফটকসংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারির জন্য পুলিশের কাছে আবেদন করে। একই সঙ্গে প্রধান ফটকের সামনে ছাত্রদল এবং নগরীর লালবাগ এলাকায় ছাত্রশিবিরের নেতাকর্মীরা অবস্থান নেন। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা যায়।
আইন মেনে তালাকের পর সাবেক স্ত্রীর হয়রানিমূলক মিথ্যা মামলা: বৃদ্ধ মায়ের জীবন শঙ্কায়, আতঙ্কে পুরো পরিবার
রাজশাহীতে আইনি ও ধর্মীয় অনুশাসন মেনে তালাক দেওয়ার পর সাবেক স্বামী ও তাঁর সম্পূর্ণ পরিবারের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা যৌতুক ও নির্যাতনের মামলা দেওয়ার অভিযোগ উঠেছে। হয়রানিমূলক এই মামলার কারণে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবারটি। শুধু তাই নয়, বৃদ্ধ ও গুরুতর অসুস্থ মায়ের চিকিৎসার সুযোগ না পেয়ে এবং গ্রেপ্তার আতঙ্কে গৃহহীন অবস্থায় দিন কাটাচ্ছেন রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর প্যারামেডিকেল এলাকার নিবাসী রকিবুল আলম রাসেদ ও তাঁর পরিবার। অনুসন্ধানে জানা যায়, গত ২৬ ডিসেম্বর ২০২১ তারিখে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন নতুন বিলশিমলা এলাকার রেজওয়ানা কবিরের সাথে রকিবুল আলমের বিবাহ সম্পন্ন হয়। দাম্পত্য জীবনের নানা বনিবনা না হওয়ায় এবং পারিপার্শ্বিক পরিস্থিতিতে গত ১ জুলাই ২০২৬ তারিখে সম্পূর্ণ ইসলামিক শরীয়াহ ও দেশের প্রচলিত আইন মেনে রেজওয়ানা কবিরকে তালাক প্রদান করেন রকিবুল আলম। আইনসম্মত তালাকের মাত্র ১১ দিনের মাথায়, অর্থাৎ ১২ জুলাই ২০২৬ তারিখে সাবেক স্ত্রী রেজওয়ানা কবির সংক্ষুব্ধ হয়ে রকিবুল আলমসহ তাঁর পরিবারের প্রত্যেকটি সদস্যকে আসামি করে একটি মিথ্যা ও কাল্পনিক যৌতুক ও নির্যাতন মামলা দায়ের করেন। ভুক্তভোগী রকিবুল আলম জানান, তালাকপ্রাপ্ত হওয়ার আক্রোশ থেকেই এই ভিত্তিহীন মামলাটি দায়ের করা হয়েছে।আমাকে আগে থেকে হুমকি দিয়ে আসছিল আমি রাজপাড়া থানা ডিজি করা আছে। মামলায় পরিবারের সবাইকে আসামি করায় আইনগত হয়রানির ভয়ে তাঁরা নিজ বাসভবনে অবস্থান করতে পারছেন না। এর ফলে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন তাঁর বৃদ্ধা মা। তিনি দীর্ঘদিন ধরে অ্যাজমা (হাঁপানি), উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। ঘরছাড়া অবস্থায় সঠিক সময়ে ওষুধ ও ডাক্তারের পরামর্শ না পাওয়ায় তাঁর শারীরিক অবস্থার আশঙ্কাজনক। এই বিষয়ে মামলার বাদী রেজওয়ানা কবিরকে ফোন দিলে তিনি রাগান্বিত হন কোথাকার সাংবাদিক মামলার কাগজ কোথায় পেলেন আপনি আসামি লোক আপনি আপনার প্রশ্ন উত্তর দিতে বাধ্য না। মামলার তদন্তকারী কর্মকর্তা রাজপাড়া থানার এসআই আব্দুল্লাহ বলেন, মামলা হচ্ছে সত্য মিথ্যা তদন্ত করে দেখা হবে। পুরোপুরি তদন্ত শেষ না হলে কিছু বলা যাচ্ছে না। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগের দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানিয়েছেন, যেন একজন অসুস্থ বয়োবৃদ্ধা নারী সঠিক চিকিৎসা পান।
বাগেরহাটে মোংলার উপকূলীয় এলাকায় পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট স্থাপন
মোংলার জয়মনির ঘোলে এলাকাবাসীর জন্য নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (০৪ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে এবং জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, বর্তমান সরকারের জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে আজ ৪ আগস্ট ২০২৬ মঙ্গলবার সকাল ১১ টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক বাগেরহাটের মোংলা থানাধীন জয়মনির ঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় জনগণের দীর্ঘদিনের নিরাপদ সুপেয় পানির সংকট নিরসনের লক্ষ্যে একটি আধুনিক RO (Reverse Osmosis) প্ল্যান্ট স্থাপন করা হয়। RO প্লান্টটি স্থাপনের ফলে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের পাশাপাশি আশপাশের স্থানীয় সাধারণ জনগণ নিরাপদ ও বিশুদ্ধ সুপেয় পানির সুবিধা ভোগ করতে পারবেন। এর মাধ্যমে বিদ্যালয় ও জয়মনির ঘোল এলাকার জনসাধারণের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনের পাশাপাশি পানিবাহিত রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের জনগণের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
৫৫ বিজিবি ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে
৫৫ হবিগঞ্জে বিজিবির অভিযানে প্রায় ৬২ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে মেহেদি, ফুচকা, কিটক্যাট চকলেট ও বিস্কুট। সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান। বিজিবি জানায়, একটি কাভার্ডভ্যানে ভারতীয় অবৈধ পণ্য পরিবহন করা হচ্ছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে মাধবপুর উপজেলার পুরোনো মহাসড়কের সুরমা চা–বাগান এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কাভার্ডভ্যানটি মহাসড়কের পাশে ফেলে পালিয়ে যায়। পরে কাভার্ডভ্যানটি তল্লাশি করে কার্টনের মধ্যে সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় মেহেদি, ফুচকা, কিটক্যাট চকলেট ও বিস্কুট জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, এসব পণ্য পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল। জব্দ করা মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে। এ কাজে সীমান্তবর্তী জনগণের সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিরও আহ্বান জানান তিনি।
রাজনীতি মানুষকে দূরে ঠেলে দেয়, বিভেদ তৈরি করে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজনীতি মানুষকে দূরে ঠেলে দেয়, বিভেদ তৈরি করে ও বিভাজন সৃষ্টি করে। কিন্তু আমরা ঠাকুরগাঁওয়ে সেই বিভাজন দেখতে চাই না। আমরা এমন একটি সমাজ চাই, যেখানে মতপার্থক্য থাকবে, কিন্তু মানুষে মানুষে সম্পর্ক ও সম্প্রীতি অটুট থাকবে। রোববার বিকেলে ঠাকুরগাঁও নাট্য সমিতিতে আয়োজিত এক সাংস্কৃতিক মিলনমেলা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। “শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের ’পরে বুকের ’পরে” প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে জেলার নাট্য ও সাংস্কৃতিক অঙ্গনের শিল্পী-কর্মীরা অংশ নেন। মির্জা ফখরুল বলেন, অতীতে রাজনৈতিক মতভেদ থাকলেও সমাজে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় ছিল। আমাদের পূর্বপুরুষরা একসঙ্গে বসে চা খেতেন, গল্প করতেন। রাজনৈতিক মঞ্চে গিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে বক্তব্য দিলেও সামাজিক সম্পর্ক অটুট থাকত। সেই সম্প্রীতির সমাজই আবার ফিরিয়ে আনতে হবে। তরুণ প্রজন্মকে নাটক, সাংস্কৃতি ও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলা তরুণদের সৃজনশীল ও মানবিক করে তোলে। একই সঙ্গে মাদকাসক্তি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে। যখন ছেলেমেয়েরা মাঠে খেলাধুলা করে, নাটক করে কিংবা সাংস্কৃতিক অনুশীলনে ব্যস্ত থাকে, তখন সেখানে মাদকের কোনো স্থান থাকে না। সাংস্কৃতিকর্মীদেরও পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, অনেক নাট্যকর্মী ও শিল্পী রয়েছেন যারা নিষ্ঠার সঙ্গে সাংস্কৃতি চর্চা করলেও আর্থিক সংকটে জীবনযাপন করেন। তাদের সহযোগিতা করা এবং শিল্প-সাংস্কৃতির বিকাশে পৃষ্ঠপোষকতা দেওয়ার তাগিদ জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নতুন কুঁড়ি ও যে সাংস্কৃতিক চর্চার ভিত্তি গড়ে দিয়েছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ধারাকে আরও এগিয়ে নিচ্ছেন। বর্তমানে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতি ও খেলাধুলার চর্চা বৃদ্ধি পেয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মকে ইতিবাচক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উপস্থিত শিল্পী, নাট্যকর্মী ও সাংস্কৃতিক কর্মীদের উদ্দেশে তিনি সমাজে সম্প্রীতি, মানবিকতা ও সাংস্কৃতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, শিক্ষাবিদ ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোতোষ কুমার দে, ঠাকুরগাঁও নাট্য সমিতির সভাপতি ফজলে এলাহী মুকুট চৌধুরী সহ অনেকে।
সাতক্ষীরার ব্লিস হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড
সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় অবস্থিত ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের সঙ্গে ছড়িয়ে পড়া ঘন কালো ধোঁয়ায় পুরো হাসপাতাল ভবন আচ্ছন্ন হয়ে পড়লেও দ্রুত রোগীদের নিরাপদে সরিয়ে নেওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টা ৩০মিনিটের দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পলাশপোল চৌরঙ্গী মোড়ে অবস্থিত ওই বহুতল বেসরকারি হাসপাতালটিতে এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালের সহকারী প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার বলেন, বেজমেন্টে আগুন লাগার বিষয়টি প্রথমে নিরাপত্তাকর্মী ফোন করে হাসপাতালের ব্যবস্থাপককে জানান। এরপর মুহূর্তের মধ্যেই পুরো ভবনে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। দ্রুত চিকিৎসক, নার্স ও কর্মচারীরা রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। আইসিইউর রোগী, নবজাতক এবং লিফটে আটকে থাকা ব্যক্তিদেরও নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। ঘন ধোঁয়ায় শ্বাসকষ্ট দেখা দিলে কয়েকটি কেবিনের রোগীর স্বজনেরা বাতাস প্রবেশের জন্য হাসপাতালের কাচ ভেঙে ফেলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিজিবি ও ফায়ার সার্ভিস সদস্যদের সহায়তায় ক্ষতিগ্রস্ত হাসপাতালের সকল রোগীকে নিরাপদে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এবং আশপাশের অন্যান্য ক্লিনিকগুলোতে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় সাতক্ষীরা টু খুলনা মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। আহত ও আশঙ্কাজনক রোগীদের দ্রুত স্থানান্তরিত করতে সড়কজুড়ে অ্যাম্বুলেন্সের দীর্ঘ সারি দেখা যায়। উক্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যরা তৎপর ছিলেন। তিনি জানান ""অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও হাসপাতালজুড়ে প্রচুর বিষাক্ত ধোঁয়া ছিল। তাৎক্ষনিক আহত ও অসুস্থদের হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে""।
মাঠে ক্লাসের দুর্ভোগ শেষ, পঞ্চগড়ের সেই স্কুলে নতুন শ্রেণিকক্ষ ও শিক্ষা উপকরণ
পঞ্চগড়, ৪ আগস্ট ২০২৬: পঞ্চগড় সদর উপজেলার দক্ষিণ কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনের কারণে দীর্ঘদিন ধরে খোলা মাঠে পাঠদান করতে হচ্ছিল শিক্ষক-শিক্ষার্থীদের। রোদ-বৃষ্টি ও ঝড়ো আবহাওয়ায় পাঠদান করতে গিয়ে চরম দুর্ভোগে পড়ছিল কোমলমতি শিক্ষার্থীরা। গণমাধ্যমে বিদ্যালয়টির দুরবস্থার বিষয়টি উঠে আসার পর নজরে আসে জেলা প্রশাসনের। শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে চার কক্ষবিশিষ্ট একটি অস্থায়ী টিনশেড শ্রেণিকক্ষ নির্মাণ করা হয়েছে। সোমবার দুপুরে নবনির্মিত শ্রেণিকক্ষটির উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীন। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোমিনুল হক, গড়িনাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দিপুসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অস্থায়ী শ্রেণিকক্ষ নির্মাণের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য টিফিনবক্স, স্কুলব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ উপহার দেন জেলা প্রশাসক। এসব উপহার পেয়ে আনন্দিত হয়ে ওঠে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা জানায়, তারা জেলা প্রশাসকের কাছ থেকে এমন উপহার পাওয়ার কথা ভাবেনি। স্কুলব্যাগটি তার খুব প্রয়োজন ছিল বলেও জানায় সে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক বলেন, কয়েক মাস ধরে মাঠে পাঠদান করতে হয়েছে। এখন আপৎকালীনভাবে একটি টিনশেড শ্রেণিকক্ষ নির্মাণ করে দেওয়ায় শিক্ষার্থীদের পাঠদানে স্বস্তি ফিরেছে। একই সঙ্গে শিক্ষা উপকরণ পাওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা আনন্দিত। তবে বিদ্যালয়ের জন্য দ্রুত একটি স্থায়ী ভবন নির্মাণের দাবি জানান তিনি। জেলা প্রশাসক শুকরিয়া পারভীন বলেন, বিদ্যালয়টির দুরবস্থার কথা জানতে পেরে শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার্থে আপৎকালীন শ্রেণিকক্ষ নির্মাণের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা উপকরণও দেওয়া হয়েছে। পিছিয়ে পড়া এলাকার মানুষ ও শিক্ষার্থীদের উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রশাসন কাজ করে যাচ্ছে।
বাগেরহাটে বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লা/শ উদ্ধার
বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের পশ্চিম চান্দেরকোলা গ্রামে একটি বসতঘর থেকে একই পরিবারের তিনজনের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে। নিহত ব্যক্তিরা হলেন আহাত হাওলাদার (২২), তার বাবা আব্দার হাওলাদার; মনিরা বেগম (৫৫), তার বাবা রশিদ শেখ; এবং রাশিদা বেগম (৮৫), তার স্বামী মৃত রশিদ শেখ। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে ওই ঘর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে বিষয়টি প্রতিবেশীদের নজরে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর তিনজনের গলিত লাশ দেখতে পায়। পুলিশ ও স্থানীয় লোকজনের প্রাথমিক ধারণা, কয়েক দিন আগে পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়ে থাকতে পারে। লাশে পচন ধরায় হত্যাকাণ্ডটি কয়েক দিন আগে ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে কচুয়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ঘটনাস্থল ঘিরে রাখা হয় এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি নৃশংস হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো।
পঞ্চগড়ে মানবিক সহায়তা: ১১৬ অসহায় মানুষের হাতে জেলা পরিষদের অনুদান
পঞ্চগড়, ৪ আগস্ট ২০২৬: পঞ্চগড়ে অসহায়, দরিদ্র, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ। মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জেলার ১১৬ জন মানুষের মাঝে মোট ৫ লাখ ৫৫ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) পঞ্চগড় জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোঃ তৌহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার। এছাড়া জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং অনুদানপ্রাপ্ত ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জেলা পরিষদ সূত্রে জানা গেছে, সামাজিক নিরাপত্তা ও মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে জেলার বিভিন্ন উপজেলা থেকে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের নির্বাচন করে এ সহায়তা দেওয়া হয়। কর্মসূচির আওতায় মোট ১১৬ জনকে ৫ লাখ ৫৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। চেক বিতরণকালে জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোঃ তৌহিদুল ইসলাম বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সংকটের সময়ে সহযোগিতা করা জেলা পরিষদের অন্যতম দায়িত্ব। মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার বলেন, জেলা পরিষদ উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও কাজ করে যাচ্ছে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় এ ধরনের উদ্যোগ আগামীতেও চলমান থাকবে। অনুদানপ্রাপ্ত ব্যক্তিরা জেলা পরিষদের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে কৃতজ্ঞতা জানান। তাদের মতে, সংকটের সময়ে পাওয়া এ আর্থিক সহায়তা জরুরি প্রয়োজন মেটাতে কিছুটা হলেও স্বস্তি দেবে। জেলা পরিষদ কর্তৃপক্ষ জানিয়েছে, মানুষের কল্যাণকে গুরুত্ব দিয়ে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে ভবিষ্যতেও বিভিন্ন মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
পঞ্চগড়ে নারীর ঘর থেকে জহিরুল আটক, চার বিয়ের দাবি স্থানীয়দের
পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের গইজপাড়া এলাকায় এক নারীর ঘর থেকে জহিরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এলাকাবাসীর দাবি, জহিরুল ইসলামের আগে চারটি বিয়ে রয়েছে। তিনি স্থানীয়ভাবে জামায়াতের সমর্থক হিসেবেও পরিচিত বলে দাবি স্থানীয়দের। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) রাত প্রায় ১১টার দিকে গইজপাড়া এলাকায় জহিরুল ইসলামকে এক নারীর ঘর থেকে আটক করেন স্থানীয়রা। পরে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও উত্তেজিত জনতার কারণে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পঞ্চগড় জেলা প্রতিনিধি সঞ্জু বনিক সৌরভ-এর পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জহিরুল ইসলাম ও ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা গেছে, সংবাদ লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, জহিরুল ইসলামকে জামায়াতের কর্মী বা সমর্থক হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের আলোচনা চললেও জেলা জামায়াতের নেতারা দাবি করেছেন, তিনি দলের কোনো সদস্য নন। তাদের ভাষ্য, জহিরুল ইসলাম কেবল দলটির সমর্থক ছিলেন; সাংগঠনিকভাবে তার কোনো পদ বা সদস্যপদ নেই। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছ বলেন, নারী ও পুরুষ দুজনকেই উদ্ধার করে থানায় আনা হয়েছে। বর্তমানে তারা থানায় রয়েছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ছাত্রদল-শিবির উত্তেজনায় বেরোবিতে ১৪৪ ধারা
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ছাত্রদল ও ছাত্রশিবিরের পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারিসহ প্রয়োজনীয় সহযোগিতা চেয়ে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত আবেদন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান। আবেদনে বলা হয়, গত ৩ আগস্ট ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষে পাঁচজন শিক্ষার্থী গুরুতর আহত হন। আহত আরও প্রায় ২০ শিক্ষার্থী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এরই মধ্যে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে উভয় সংগঠনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণায় নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দেয়। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীকে কেন্দ্র করে দুই সংগঠনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
বাগআঁচড়ায় প্রতারণার মাধ্যমে নারীর কাছ থেকে স্বর্ণের দুল ও মোবাইল ছিনতাই
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে প্রতারণার মাধ্যমে অভিনব কায়দায় আছমা খাতুন(৩৮) নামে এক গৃহবধূর কাছ থেকে স্বর্ণের দুল ও একটি স্মার্ট মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে বাগআঁচড়া বাজারের ১নং কলেজ রোডে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গৃহবধূ ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের রাজবাড়ীয়া গ্রামের জলিল গাজীর স্ত্রী। ভুক্তভোগী নারী জানান,তিনি সাংসারিক জিনিসপত্র কিনতে সকালে বাজারের উদ্দেশ্য বের হয়ে বাগআঁচড়া বাজারে কলেজ রোডে পৌঁছালে তিন জন লোক তাকে ডাক দিয়ে বলে তারা বিপদে পড়েছে।তারা মিষ্টি বানানো একটি পাউন্ড বিক্রি করতে এসেছে যা মূল্য দুই লক্ষ টাকা।তবে তারা যে দোকানে জিনিসটি বিক্রি করবে সে দোকানে তারা যেতে পারছে না। তখন ভুক্তভোগী গৃহবধূকে জিনিসটি ওই দোকানে পৌঁছে দিলে তাকে ৫০ হাজার টাকা দিবেন।গৃহবধূ তাদের কথায় রাজি হয়ে গেলে তারা মহিলার প্রমান স্বরুপ তার কানে থাকা ৫ আনা ওজনের স্বর্ণের দুলও মোবাইল ফোন দিয়ে যেতে বলেলে সে রাজি হয় এবং দুল ও মোবাইল তাদের হাতে দিয়ে তাদের দেয়া একটি ব্যাগ নিয়ে দেখিয়ে দেয়া একটি দোকানে বিক্রি করতে আসে। হঠ্যাৎ ভুক্তভোগী গৃহবধূর সন্দেহ হলে পিছন ফিরে সেই তিন প্রতারককে না দেখতে পেয়ে সে বুঝে ফেলে সে প্রতারনার শিকার হয়েছেন। তখন তিনি কান্নায় ভেঙে পড়েন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগীদের থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিলো।
কৃষি উৎপাদন বৃদ্ধিতে মহালছড়ি জোনের মানবিক উদ্যোগ: বিতরণ হলো ধানের বীজ
পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি জোন কর্তৃক সামাজিক দায়বদ্ধতা ও কার্যক্রমের অংশ হিসেবে মহালছড়ি উপজেলার থলিপাড়া ও টিএনটি পাড়া এলাকায় বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ করা হয়েছে। উক্ত কার্যক্রমে মহালছড়ি জোনের পক্ষ থেকে ক্যাপ্টেন তাহমিদ সামিন উপস্থিত থেকে পাহাড়ি বাঙালি কৃষকদের মাঝে বীজ বিতরণ করেন। এ উদ্যোগের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদান এবং বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্প্রীতির সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। মহালছড়ি জোন ভবিষ্যতেও স্থানীয় জনগণের কল্যাণে এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
সংঘর্ষের পর বেরোবি ক্যাম্পাসে বহিরাগত ও যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের পর ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারে বহিরাগত ও সব ধরনের যানবাহন প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসের সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অতিথি, দর্শনার্থী এবং বাইসাইকেল, মোটরসাইকেল, রিকশা ও ব্যক্তিগত গাড়িসহ সব ধরনের যানবাহনের প্রবেশ বন্ধ থাকবে। ৪ আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্য, সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সোমবার (৩ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত একটি প্রদর্শনীকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষের পর থেকেই ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।