বাংলাদেশ বার্তা টুডে
পঞ্চগড়ে আত্মার বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন
পঞ্চগড়, ৫ আগস্ট ২০২৬: পঞ্চগড়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহ সৃষ্টি এবং রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বাড়াতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার আত্মার বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে কামারহাট আদর্শ উচ্চ বিদ্যালয় ও শালশিড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব, মানবিক কাজে তরুণদের অংশগ্রহণ এবং রক্তের প্রয়োজন হলে কীভাবে দ্রুত রক্তের ব্যবস্থা করা যায়—এসব বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়। এ সময় মাদকের ক্ষতিকর প্রভাব নিয়েও শিক্ষার্থীদের সচেতন করা হয়। পাশাপাশি জরুরি মুহূর্তে রোগীর জন্য রক্তের প্রয়োজনীয়তা ও রক্তদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচানোর গুরুত্ব তুলে ধরা হয়। ক্যাম্পেইন শেষে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাসহ ৫০০ জনের বেশি মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে কারও রক্তের প্রয়োজন হলে সংগঠনের পক্ষ থেকে রক্তের ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালশিড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইদ্দিস আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামারহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চয়নুল আলম। এ ছাড়া উপস্থিত ছিলেন আত্মার বন্ধন ফাউন্ডেশনের সভাপতি মো. মতিন ইসলাম, সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজুল ইসলামসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবকরা। ক্যাম্পেইনটির আয়োজন করে আত্মার বন্ধন ফাউন্ডেশন। কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে নিউ জননী ক্লিনিক, বোদা, পঞ্চগড়।
জমি বিক্রির কথা বলে দুই প্রবাসী পরিবারের কাছ থেকে ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের পূর্ব সোনাব গ্রামের দুই প্রবাসী ভাইয়ের কাছ থেকে জমি বিক্রির প্রতিশ্রুতি দিয়ে ৩০ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে একই এলাকার ফিরোজ মিয়া ও তাঁর চার ছেলের বিরুদ্ধে। টাকা নেওয়ার প্রায় এক বছর পার হলেও জমি রেজিস্ট্রি করে না দিয়ে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কাওরাইদ ইউনিয়নের পূর্ব সোনাব গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম ও তাঁর ছোট ভাই রিমন মিয়া দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন। শরিফুল প্রায় ১৪ বছর ধরে মালয়েশিয়ায় এবং রিমন প্রায় এক বছর ধরে সৌদি আরবে কর্মরত। তাঁদের মা শেফালি আক্তার জানান, প্রতিবেশী ফিরোজ মিয়া তাঁর ছেলে পারভেজ, ইন্নছ, আলমাছ ও হাসানকে বিদেশে পাঠানোর প্রয়োজনের কথা বলে তাঁদের কাছে ২৮ শতাংশ জমি বিক্রির প্রস্তাব দেন। পরবর্তীতে জমি মাপজোক করে ধাপে ধাপে দুই ভাইয়ের কাছ থেকে মোট ৩০ লাখ টাকা গ্রহণ করা হয়। টাকা পরিশোধের পর শরিফুলদের পরিবার জমির দখল বুঝে পায় এবং প্রায় এক বছর ধরে সেখানে চাষাবাদও করে আসছে। কিন্তু জমি রেজিস্ট্রির সময় এলে ফিরোজ মিয়া বিভিন্ন অজুহাতে তা বিলম্বিত করতে থাকেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। প্রবাসী দুই ভাইয়ের বাবা, শারীরিক প্রতিবন্ধী তাজ উদ্দিন বলেন, সম্প্রতি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানিয়ে জমি রেজিস্ট্রির জন্য চাপ দেওয়া হলে বিক্রির জন্য স্থাপন করা জমির খুঁটিও তুলে নেওয়া হয়। বর্তমানে অভিযুক্তরা জমি রেজিস্ট্রি করে দিচ্ছেন না, আবার নেওয়া ৩০ লাখ টাকাও ফেরত দিচ্ছেন না। এ ঘটনায় তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে অভিযুক্ত ফিরোজ মিয়া ও তাঁর ছেলেদের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে ফিরোজ মিয়ার ছেলে আলমাছ বলেন, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। ১৪ শতাংশ জমি রেজিস্ট্রি করে দেওয়া হবে। জমির নামজারি না থাকায় কিছুটা দেরি হচ্ছে। কত টাকা নেওয়া হয়েছে, সে বিষয়ে আমার কোনো ধারণা নেই। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক ঐক্যের আহ্বান প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের
পঞ্চগড়, ৫ আগস্ট ২০২৬: জুলাই সনদের প্রতিটি অক্ষর ও নির্দেশনা বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। একই সঙ্গে দেশের অর্জিত পরিবর্তনের সুফল ধরে রাখতে রাজনৈতিক দল ও মতের মানুষের মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার সকালে পঞ্চগড় জেলা শহরের শেরে বাংলা পার্কে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানে পঞ্চগড়ের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, জুলাই সনদের প্রতিটি পৃষ্ঠা ও অক্ষরের বাস্তবায়ন নিশ্চিত করা হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বিভেদ সৃষ্টি করে কোনো অপশক্তি যাতে পুনরায় সুযোগ নিতে না পারে, সে জন্য সব রাজনৈতিক দল ও মতের মানুষের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। অর্জিত ‘দ্বিতীয় স্বাধীনতার’ সুফল রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরে জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোছাঃ শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জে জুলাই- গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালিত
বুধবার (৫ আগস্ট) ঝিনাইদহ কালীগঞ্জে জুলাই- গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন উপলক্ষে কালীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ - ৪ সংসদ সদস্য মাওঃ আবু তালিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক সফল প্যানেল মেয়র, বিশিষ্ট রাজনীতিবিদ গণমানুষের নেতা হামিদুল ইসললাম হামিদ এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসারউপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওনা নাহিদ, আরও উপস্থিত ছিলেন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, শামসুল আলম, যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, জুলাই যোদ্ধা সহ আরো অনেকে ।
মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ: গাজীপুর জেলা পরিষদ
গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে উচ্চশিক্ষা পর্যায়ে অধ্যয়নরত জেলার ৩৫ জন মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীর সভাপতিত্বে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। জেলা পরিষদ সূত্রে জানা যায়, কলেজ পর্যায়ের ১২ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২৩ জন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়েছে। বক্তারা বলেন, আর্থিক সংকট যেন কোনো মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যেই জেলা পরিষদের এ উদ্যোগ। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সহায়তায় এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উজানের ঢল-ভারী বৃষ্টিতে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি
দুই দিনের টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে আবারও ফুঁসে উঠেছে তিস্তা নদী। এতে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাটের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা দেখা দিয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২৮ সেন্টিমিটার, (বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার) যা বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরআগেও সকাল ৬টায় বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। হাতীবান্ধার চর গড্ডিমারী এলাকার বাসিন্দা তোফাজ্জল মিয়া বলেন, কাল রাত থেকে পানি বাড়তে শুরু করেছে। এর সঙ্গে ভারী বৃষ্টিও হচ্ছে। এবার বন্যা ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছি। আমরা এরই মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্র উঁচু স্থানে সরিয়ে নিয়েছি, তবে এখন পর্যন্ত সরকারি কোনো সহায়তা পাইনি। কালীগঞ্জের শৈলমারী এলাকার কৃষক আব্দুল হাই বলেন, ভারী বৃষ্টি পাত ও উজানের ঢলের কারনে আমাদের এলাকায় পানি প্রবেশ করেছে। ফসলের ক্ষের তলিয়ে গেছে। গাবাদি পশু নিয়ে দুশ্চিন্তায় আছি, ঠিকমতো খাবার সংগ্রহ করতে পারছিনা। এভাবে পানি বাড়তে থাকলে উচু এলাকায় আশ্রয় নিতে হবে। আদিতমারী গোবর্ধন এলাকার বাসিন্দা তানজিলা আক্তার বলেন, গত রাতেই আমাদের বাড়িতে পানি উঠে গেছে। বাধ্য হয়ে আমরা রাস্তার পাশে আশ্রয় নিয়েছি। টানা বৃষ্টির মধ্যে খুব কষ্টে দিন কাটছে। তিস্তা আমাদের শান্তিতে থাকতে দিচ্ছে না। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, বৃষ্টিপাত ও উজানের পানি প্রবাহ অব্যাহত থাকায় পানি বেড়েছে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে। এ কারনে নদী তীরবর্তি এলাকার নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদী বন্য দেখা দিতে পারে। সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, সকাল ৬টা থেকে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাতে পানি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনিল কুমার বলেন, ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে বুধবার সকাল থেকে তিস্তা নদীতে পানি প্রবাহ বেড়ে যায়। স্বল্প মেয়াদী বন্যা দেখা দিতে পারে।
নড়াইলের মুলিয়ায় এক পা-তেই জীবন সংসার গোপী বিশ্বাস'র প্রতিবন্ধী জীবনটাই যেন অভিশাপ
নড়াইলের মুলিয়ায় এক পা-তেই জীবন সংসার গোপী বিশ্বাস'র প্রতিবন্ধী জীবনটাই যেন অভিশাপ। জন্ম থেকেই একটি পা অচল গোপী বিশ্বাসের (৩২)। হাঁটাচলা করতে হয় লাঠি ভর দিয়ে। ছোটোবেলা থেকে চেষ্টা করেছেন আত্মনির্ভরশীল হওয়ার। জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে এখন ইলেকট্রনিক পণ্য মেরামতের কাজ করে জীবিকা নির্বাহ করছেন তিনি। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের কাজলা নদীর পশ্চিম তীরে অবস্থিত পানতিতা গ্রামের বাসিন্দা গোপী। বাবা নিতাই বিশ্বাস ও মা কল্পনা বিশ্বাসের তিন সন্তানের মধ্যে তিনি সবার ছোট। গরিব পরিবারে জন্ম নেওয়ায় পড়াশোনার সুযোগ পাননি তিনি। তৃতীয় শ্রেণি পর্যন্ত লেখাপড়া করার পর পারিবারিক অবস্থার কারণে স্কুল ছাড়তে হয় তাকে। ছোটোবেলায় এলাকার এক দোকানে সহকারী হিসেবে কাজ শেখা শুরু করেন গোপী। টর্চ লাইট, গ্যাস লাইটসহ নানা বৈদ্যুতিক জিনিসপত্র মেরামতের কাজ রপ্ত করেন তিনি। প্রায় ১৯ বছর ধরে এই পেশায় রয়েছেন। কিন্তু একটানা এই পেশায় টিকে থাকা সম্ভব হয়নি। আয় কম হওয়ায় মাঝে মাঝে ভ্যান চালানো, চা বিক্রি, এমনকি ওয়েল্ডিংয়ের কাজও করতে হয়েছে তাকে। তবে প্রতিবন্ধকতা থাকায় বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো দীর্ঘস্থায়ী হয়নি। শেষমেশ আবারও মেরামতের পেশায় ফিরেছেন তিনি। জেলা শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে মুলিয়া বাজারের দক্ষিণ পাশে, মুলিয়া-বাহিরগ্রাম সড়কের এক পাশে ছোট একটি একচালা দোকান বসিয়েছেন। টিনের ছাউনি থাকলেও চারপাশে কোনো বেড়া নেই। সেখানেই সকাল থেকে রাত পর্যন্ত বসে টর্চ লাইট, গ্যাস লাইট, এলইডি বাল্ব, স্প্রে মেশিন ও রাইস কুকারসহ নানা ইলেকট্রনিক সামগ্রী মেরামত করেন। চার সদস্যের পরিবার গোপীর ঘাড়ে। স্ত্রী, এক শিশুপুত্র এবং এক কন্যাসন্তান নিয়ে তার সংসার। বড় মেয়েটি বর্তমানে চতুর্থ শ্রেণিতে পড়ে। প্রতিদিন কাজ করে আয় হয় মাত্র ১০০ থেকে ১৫০ টাকা। ভালো দিন হলে ২০০-৩০০ টাকা পর্যন্ত ওঠে। কিন্তু বর্তমান বাজার দরে এই টাকায় সংসার চালানো সম্ভব নয়। মাঝে মাঝে ব্যাগে যন্ত্রপাতি ভরে এক পায়ে সাইকেল চালিয়ে পাশের তুলারামপুর হাটেও যান কাজের খোঁজে। গোপী বিশ্বাস বলেন, ‘আজ একটু হলুদ কিনি, কাল একটু লবণ। ছেলেমেয়েকে মাছ খাওয়াতে পারি না। দেনা করে বাজার করতে হয়। তিন মাস পর প্রতিবন্ধী ভাতার কিছু টাকা পাই, তাও দেনা শোধে চলে যায়।’ অশ্রুসিক্ত কণ্ঠে তিনি আরও বলেন, ‘প্রতিবন্ধী জীবনটাই যেন অভিশাপ। সংসার চালাব, না ছেলেমেয়েকে মানুষ করব—এই দুশ্চিন্তায় থাকি। সরকারের কাছে অনুরোধ, যেন আমাদের মতো মানুষদের পাশে দাঁড়ায়, আমাদের সন্তানরা মানুষ হতে পারে, সেই ব্যবস্থা করে। ওরা মানুষ হলে আমাদের কষ্টের কিছুটা হলেও সার্থকতা থাকবে।’ গোপীর কাজের প্রশংসা করেন স্থানীয়রাও। তারা জানান, তার মতো অভিজ্ঞ মেরামতকারীর কাজের ওপর অনেকেই নির্ভরশীল। তিনি না থাকলে এসব কাজের জন্য শহরে যেতে হতো, সময় ও অর্থ ব্যয় হতো বেশি। গোপীর দোকানে লাইট মেরামত করতে আসা মিলন সরকার বলেন, ‘গোপীর কাজের মান ভালো হাওয়ায় তার নিকট আমরা ইলেকট্রনিক বিভিন্ন জিনিস মেরামত করতে আসি। তার কষ্ট দেখে খারাপ লাগে, কিন্তু আমরা নিজেরাও খুব বেশি কিছু করতে পারি না। সকাল থেকে রাত পর্যন্ত এই খুপড়ি ঘরে বসে ইলেকট্রনিক যন্ত্র মেরামত করে সংসার চালায় সে।’ কোড়গ্রামের বাসিন্দা বিকাশ রায় বলেন, ‘গোপী দীর্ঘদিন ধরে এই বাজারে কাজ করছে। ভালো মানুষ, ভালো কাজ করে। আমরা তার ওপর ভরসা করি। যদি সরকারি বা বেসরকারি পর্যায়ে কেউ এই সংগ্রামী মানুষের পাশে দাঁড়ায়, তাহলে হয়তো গোপীর মতো প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন আরেকটু সহজ হয়ে উঠবে।’ মুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী বলেন, ‘গোপী বিশ্বাস এক জন প্রতিবন্ধী হয়েও স্বাভাবিক মানুষের মতো সংগ্রাম করে যাচ্ছেন। তার এই সংগ্রামী জীবন অন্যদের জন্য অনুকরণীয়। তার মতো অনেকে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করছেন। কিন্তু তিনি কারো কাছে হাত পাতেন না। ছোট থেকেই কাজ করে সংসার চালাচ্ছেন। ইতিমধ্য সে প্রতিবন্ধী ভাতার সুবিধাভোগী। তাকে ইউনিয়ন পরিষদ থেকে যতটুকু পারা যায় সহযোগিতা করা হবে।
শরণখোলায় মাদক নির্মূলে সাংবাদিকদের সাথে পুলিশের মতবিনিময়
শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ রোকেয়া খানম এর আমন্ত্রণে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মঙ্গলবার(০৪ আগষ্ট) রাতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত। সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন। এ সময় এলাকার আইন-শৃঙ্খলা ও মাদক নির্মূলে করণীয় নিয়ে ব্যাপক আলোচনা হয়। মাদক নির্মূল করতে অফিসার ইনচার্জ কে সাংবাদিকবৃন্দ সব ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এছাড়া বর্তমান সরকারের সার্বিক উন্নয়ন কর্মকান্ড সঠিকভাবে হয় কিনা তা দেখার জন্য উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সাংবাদিকদের তা তুলে ধরার আহ্বান জানান।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞান ক্লাস নিলেন এমপি ফজলে হুদা বাবুল
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বিশেষ ক্লাস নিয়েছেন ৪৮,নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফজলে হুদা বাবুল। আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত ক্লাসে তিনি হিসাববিজ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও কর্মজীবন নিয়ে দিকনির্দেশনা দেন। শিক্ষার্থীরা তাঁর সহজ ও সাবলীল উপস্থাপনার প্রশংসা করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসনাত আব্দুল্লাহ বলেন, তাঁকে রাজনৈতিক ব্যক্তি হিসেবে নয়, অভিজ্ঞ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও শিক্ষাবিদ হিসেবে অতিথি শিক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।
"তোর মিটার তুই নে, আগের মিটার ফিরিয়ে দে" শ্লোগানে উত্তাল হাতীবান্ধা
"তোর মিটার তুই নে, আগের মিটার ফিরিয়ে দে", "প্রিপেইড মিটার বাতিল করতে হবে"-এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা। প্রিপেইড মিটার বাতিল ও ঘন ঘন লোডশেডিং বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় সাধারণ মানুষ। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে উপজেলার মেডিকেল মোড় গোলচত্বর এলাকায় হাতীবান্ধা সচেতন নাগরিক ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে আন্দোলনকারীরা হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন। সমাবেশে বক্তব্য রাখেন, হাতীবান্ধা সচেতন নাগরিক ঐক্য পরিষদের সমন্বয়ক শামসুল আলম বুলেট, ফারুক হোসেন, ফিরোজ হোসেন, নজরুল, কমরেড সৈকত ও সবুজ সরকার। বক্তারা বলেন, প্রিপেইড মিটার চালুর পর থেকে সাধারণ মানুষ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। এর সঙ্গে ঘন ঘন লোডশেডিং যুক্ত হয়ে জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। অবিলম্বে প্রিপেইড মিটার বাতিল, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবি জানান তারা। কর্মসূচিতে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রন্টি পদ্দার ও হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল জামান। এসময় শত শত গ্রাহক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। পরে বিক্ষোভকারীরা লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে অবরোধ প্রত্যাহার করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
নওগাঁয় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে ধ/র্ষ/ণ চেষ্টার অভিযোগ, স্কুলে ভাং/চুর ও আ/গুন
নওগাঁর বদলগাছীতে ১২ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে আলফা কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক শফিউল হাসান দিপুর বিরুদ্ধে। সোমবার (৩ আগস্ট) সকালে বিদ্যালয়ে একা পেয়ে পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে পরিবারের অভিযোগ। ঘটনাটি জানাজানি হলে মঙ্গলবার (৪ আগস্ট) সকালে স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষার্থীরা বিদ্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে ঘটনার প্রতিবাদে ভান্ডারপুর চারমাথা এলাকায় মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করা হয়। বদলগাছী থানার ওসি রুহুল আমিন জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং ভুক্তভোগীর পরিবারকে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি সবাইকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান। অভিযুক্ত শফিউল হাসান দিপুর বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
শরণখোলায় গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে বাস,শিশুসহ ৭ যাত্রী প্রাণে রক্ষা
বাগেরহাটের শরণখোলায় সাইনবোর্ড – রায়েন্দা আঞ্চলিক মহাসড়কের আমড়াগাছিয়া বাজার সংলগ্ন কাঠের পুল এলাকায় ঢাকা থেকে শরণখোলা গামী হামিম পরিবহনের একটি বাস গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে মাঠের মধ্যে পড়ে যায়। সৌভাগ্যক্রমে শিশুসহ ৭ যাত্রী প্রাণে রক্ষা পায়। ঘটনাটি ঘটেছে ৪ আগস্ট রাত তিনটার দিকে আঞ্চলিক মহাসড়কের আমড়াগাছিয়া বাজার সংলগ্ন কাঠেরপুল এলাকায়। পরিবহনের যাত্রী ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, ঢাকা থেকে শরণখোলা গামী হামিম পরিবহনের একটি বাস সন্ধ্যা ছয়টার দিকে ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে শরণখোলার উদ্দেশ্যে রওনা দেয়। রাত তিনটার দিকে শিশুসহ সাত জন যাত্রী নিয়ে সাইনবোর্ড – রায়েন্দা আঞ্চলিক মহাসড়কের আমড়াগাছিয়া বাজার সংলগ্ন কাঠেরপুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি তাল গাছে ধাক্কা মেরে পার্শ্ববর্তী মাঠের মধ্যে পড়ে যায়। ঘুমন্ত যাত্রীরা হঠাৎ দিকবিদিক হয়ে মাঠে পানি কম থাকায় জানালা দিয়ে বেরিয়ে আসে। এ ঘটনায় তিন চার জন যাত্রী সামান্য আহত হলে ও হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানা গেছে। এক যাত্রী জানায় তার এক শিশুসন্তান কোলে ছিল বাসটি পড়ে যাওয়ার সময় তিনি শিশুকে বুকের সাথে জড়িয়ে ধরেন যার জন্য কোন সমস্যা হয়নি। অন্য এক যাত্রী জানায় ধারণা করা হচ্ছে ড্রাইভারের ঘুম আসছিল যার জন্য তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে পড়ে যায়। নাম প্রকাশ না করার শর্তে অন্য এক যাত্রী জানায় মূল ড্রাইভার গাড়িতে না থাকায় হেলপার দিয়ে গাড়ি চালানোর জন্য এ ধরনের ঘটনা ঘটছে। তবে রায়েন্দা বাস স্ট্যান্ড সংলগ্ন হামিম কাউন্টারের ম্যানেজার মিজানুর রহমান বলেন এ গাড়ির ড্রাইভার অনেক ভালো তবে কেন এ ঘটনা ঘটছে তা নিয়ে জানাতে পারেননি।
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে নোবিপ্রবিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে চব্বিশের ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের স্মৃতি ও চেতনাকে ধারণ করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মুগ্ধ মেডিকেল সেন্টারে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করে নোবিপ্রবি ব্লাড ব্রিগেড ও নোয়াখালী ব্লাড ব্যাংক। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী । তিনি স্বেচ্ছায় রক্তদান করে কর্মসূচির উদ্বোধন করেন এবং রক্তদানে শিক্ষার্থীসহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: হাসান উদ্দীন। এছাড়াও বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। রক্তদান কর্মসূচির পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয়ের ব্যবস্থা করা হয়। পাশাপাশি বয়োজ্যেষ্ঠ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বিনামূল্যে ব্লাড গ্লুকোজ পরীক্ষা করা হয়। আয়োজকরা জানান, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং সমাজে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
টেকনাফে নিত্যপণ্যের দামে আগুন, চাপে সাধারণ মানুষ
কক্সবাজারের টেকনাফে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। প্রতিদিনের বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা। খাদ্যপণ্যের পাশাপাশি রান্নার গ্যাস, বিদ্যুৎ বিল এবং অন্যান্য নিত্যব্যয় বেড়ে যাওয়ায় সংসারের হিসাব মেলাতে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে অনেক পরিবারকে। মঙ্গলবার (৪ আগস্ট) টেকনাফের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গত কয়েক সপ্তাহের ব্যবধানে অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। বাজারে কাঁচামরিচ প্রতি কেজি ৪০০ টাকা এবং টমেটো ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া বিভিন্ন ধরনের শাকসবজি, মাছ ও মাংসের দামও ঊর্ধ্বমুখী থাকায় সাধারণ ক্রেতাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বর্তমান বাজার পরিস্থিতিতে সীমিত আয়ে সংসার চালানো দিন দিন কঠিন হয়ে পড়েছে। মাসের শুরুতেই আয়ের বড় অংশ বাজার খরচে ব্যয় হয়ে যাওয়ায় বাড়িভাড়া, শিক্ষা, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করাও কষ্টকর হয়ে উঠেছে। টেকনাফ পৌরসভার এক বাসিন্দা বলেন, “আগে যে টাকায় সপ্তাহের বাজার করা যেত, এখন তা দুই-তিন দিনের বেশি চলে না। প্রতিদিনই কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে। সংসার চালানো খুব কঠিন হয়ে গেছে।” এক গৃহিণী বলেন, “সবজির দাম এত বেশি যে প্রয়োজনমতো কিনতে পারছি না। সন্তানদের চাহিদা পূরণ করাও কষ্টসাধ্য হয়ে পড়েছে।” খাদ্যপণ্যের পাশাপাশি জ্বালানি ব্যয়ও বাড়তি চাপ সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, অনেক এলাকায় ১২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডার প্রায় ১ হাজার ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে বিদ্যুৎ বিল বৃদ্ধি পাওয়ায় মাসিক পারিবারিক ব্যয় আরও বেড়েছে। অন্যদিকে ব্যবসায়ীদের দাবি, পাইকারি বাজারে মূল্যবৃদ্ধি, পরিবহন ব্যয় বৃদ্ধি, সরবরাহ সংকট এবং মৌসুমি প্রভাবের কারণে খুচরা বাজারেও পণ্যের দাম বেড়েছে। অতিরিক্ত লাভের উদ্দেশ্যে নয়, বরং বেশি দামে পণ্য কিনতে হওয়ায় খুচরা পর্যায়ে মূল্য সমন্বয় করতে হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, বাজার ব্যবস্থাপনায় কার্যকর নজরদারি জোরদার, পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং অসাধু মুনাফাখোরদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়তে পারে।প্রয়োজনে এটিকে টিভি নিউজ স্ক্রিপ্ট বা অনলাইন নিউজ পোর্টালের উপযোগী করেও সাজিয়ে দিতে পারি।
গঙ্গাচড়ায় ইয়াবাসহ দুই নারী আটক, পলাতক মূল অভিযুক্ত
রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালিয়ে মেঝের নিচ থেকে ২ হাজার ৭০৮ পিস ইয়াবা উদ্ধারের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় দুই নারীকে আটক করা হয়েছে। তবে অভিযানের প্রধান অভিযুক্ত বলে পুলিশের দাবি করা হানিফুল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা যায়নি। মঙ্গলবার(৪ আগষ্ট) দুপুর ২টার দিকে উপজেলার বেতগাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্য খাপড়িখাল এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের দিকনির্দেশনায় গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান, গ্রাম পুলিশ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পুলিশের ভাষ্য, প্রায় তিন ঘণ্টার তল্লাশির পর হানিফুলের বাড়ির পাকা ঘরের পূর্ব পাশের একটি কক্ষের মেঝে খুঁড়ে দুটি প্লাস্টিকের বক্স থেকে ২ হাজার ৭০৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা। অভিযান চলাকালে হানিফুলের স্ত্রী মোছা. শিউলি (৩৫) ও হানিফা খাতুন আন্নি (১৯) নামে দুই নারীকে আটক করা হয়। পরে তাদের গঙ্গাচড়া মডেল থানায় নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(খ) ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক হানিফুলকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।