নানা আয়োজনে সুর সপ্তক সংগীত নিকেতনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ প্রতিনিধি :
নানা আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জের সাংস্কৃতিক সংগঠন সুর সপ্তক সংগীত নিকেতনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে ।
শনিবার বিকেলে মানিকগঞ্জ শহরের উদীচী কার্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
সংগঠনটির সভাপতি অধ্যাপক আবুল ইসলাম শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. এমরান জাহান ।সভায় বক্তব্য দেন মানিকগঞ্জ জাদুঘরের সাধারণ সম্পাদক মো. হাবিল উদ্দিন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জাসাস জেলা কমিটির সদস্যসচিব শামীম বিশ্বাস, জেলা রবীন্দ্র সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক রতন সাহা, সুর সপ্তক সংগীত নিকেতনের পরিচালক বিউটি আচার্য্য এবং সংগীতশিল্পী জুইরিয়া ইসলাম নুপুর ।
আলোচকেরা বলেন, সংস্কৃতির উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ প্রশংসনীয় । স্কুল পর্যায়ে সংগীতচর্চার জন্য শিক্ষক নিয়োগের উদ্যোগও স্বাগত জানান তারা ।
তাদের মতে, সাংস্কৃতিক সংগঠনগুলোকে টিকিয়ে রাখা এবং নিয়মিত সংস্কৃতিচর্চার সুযোগ তৈরি করতে সরকার ও স্থানীয় পর্যায়ের উদ্যোগী ব্যক্তিদের আরও গুরুত্ব দিতে হবে ।
আলোচনা সভা শেষে সুর সপ্তক সংগীত নিকেতনের শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ।