শ্রীপুরে পুকুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পিএম
মহিউদ্দিন আহমেদ, শ্রীপুর( গাজীপুর )সংবাদদাতা
গাজীপুরের শ্রীপুরে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ দুই শিশুর মরদেহ প্রায় আট ঘণ্টা পর একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ইলিমবাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো ৯ বছর বয়সী জুনাইদ ও ৮ বছর বয়সী ইউসুফ। জুনাইদ বিক্রমপুরের মো. মামুনের ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ত। ইউসুফ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার এমদাদুল হকের ছেলে এবং স্থানীয় একটি কওমি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে দুই শিশু বাড়ি থেকে বের হয়। এরপর দীর্ঘ সময় পার হলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেন। কিন্তু কোথাও তাদের সন্ধান পাওয়া যাচ্ছিল না।
এরই মধ্যে বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয়রা আবুল হোসেনের পুকুরের পাশে শিশু দুটির জুতা পড়ে থাকতে দেখেন। এতে পুকুরে তাদের সন্ধানের উদ্যোগ নেওয়া হয় এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
সংবাদ পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে পুকুরের ভেতর থেকে জুনাইদ ও ইউসুফের মরদেহ উদ্ধার করা হয়।
মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খাইরুল আলম জানান, নিখোঁজের পর পুকুরপাড়ে দুই শিশুর জুতা পাওয়া যায়। খবর পেয়ে ডুবুরি দল সেখানে অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।
দুই শিশুর মৃত্যুর খবরে পুরো ইলিমবাড়ি এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। শিশু দুটির পুকুরে ডুবে যাওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন
৪ নং ধামইরহাট উমার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো: আব্দুর রউফ ৬ দফা অঙ্গীকার প্রকাশ
বিশ্বনাথে ঘরে ঢুকে মারধর-লুট ও ভাংচুরের ঘটনায় আ’লীগ-ছাত্রলীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদল নেতা বকুলের মামলা
পঞ্চগড়ে স্থানীয় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, কাজী ফার্মসের বিরুদ্ধে ক্ষোভ