শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীর সমন্বয় ছাড়া ভালো ফলাফল সম্ভব না: ইউএনও তানজিলা আখতার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পিএম

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

শিক্ষার মানোন্নয়ন ও দশম শ্রেণির শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার প্রস্তুতি বিষয়ে কিশোরগঞ্জের তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সামছুন্নাহার এর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার। 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার বলেন, শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীর সমন্বয় ছাড়া ভালো ফলাফল সম্ভব না। তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়কে জেলার সেরা স্কুল হিসেবে গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে। একই সঙ্গে সন্তানদের লেখাপড়ার অগ্রগতি সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ, শৃঙ্খলা, পরীক্ষার প্রস্তুতি এবং ভালো ফলাফল অর্জনে অভিভাবকদের করণীয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান। 

সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, দশম শ্রেণির শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com