মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পিএম

শেখ জোবায়ের আল জামান,সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা কালেক্টরেট চত্বর থেকে র‌্যালিটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। 

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মোজাফফর উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। 

সভায় বক্তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক, দক্ষ ও সমৃদ্ধ সমাজ গঠনে সাক্ষরতার বিকল্প নেই। শুধু পড়তে ও লিখতে পারাই নয়, সময়ের সঙ্গে তাল মিলিয়ে মানুষের জ্ঞান, দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রেও সাক্ষরতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সাক্ষরতার আওতায় এনে তাদের জীবনমান উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা। 

আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলমগীর কবির, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, বেসরকারি সংস্থা সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর নির্বাহী পরিচালক ইমান আলী, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকু ও সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. মাহবুবুর রহমান। 

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সদর উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক শেখ ফারুক হোসেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com