ধানখেত থেকে বাড়ি ফেরা হলো না তোফাজ্জলের, বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পিএম

প্রতীকী চিত্র।

তানভীর আজাদ, জেলা প্রতিনিধি কুষ্টিয়া:

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সদর উপজেলায় জমিতে সার প্রয়োগ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তোফাজ্জল হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের তেঘরিয়া মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তোফাজ্জল হোসেন আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর গ্রামের মান্নান প্রধানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বর্গা নেওয়া ধানি জমিতে সার প্রয়োগ করেন তোফাজ্জল হোসেন। কাজ শেষে বাড়ির উদ্দেশে ফেরার পথে তেঘরিয়া মাঠ এলাকায় বজ্রপাতের শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় বজ্রপাতে আরও দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

আলামপুর পুলিশ ক্যাম্পের এএসআই ফরিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে বজ্রপাতেই তোফাজ্জল হোসেনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com