মাদক-চাঁদাবাজি রুখে খেলার মাঠ সচল রাখার শপথ: এমপি এস এ জিন্নাহ কবিরের
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ :
‘মাদক ও চাঁদাবাজিকে না বলে আজ থেকেই খেলার মাঠ সচল রাখার শপথ নিলাম।’ বলেছেন মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির।
শনিবার (৫ সেপ্টেম্বর) মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী কালীনারায়ণ ইনস্টিটিউশনের মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা শেষে বক্তব্যে তিনি এ কথা বলেন ।
এস এ জিন্নাহ কবির (এমপি) বলেন, তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সবাইকে উদ্যোগী হতে হবে। আগামী তিন মাসের মধ্যে খেলার মাঠের পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি ।
ফাইনালে নাগরপুরের আলাই পাইকেল ফুটবল একাডেমি ও ঘিওরের তরা একতা ক্রীড়া সংঘ মুখোমুখি হয় । নির্ধারিত সময়ে খেলা ১–১ গোলে ড্র হলে টাইব্রেকারে গড়ায়। পরে টাইব্রেকারে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় আলাই পাইকেল ফুটবল একাডেমি ।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক মো. কাজী মোস্তাক হোসেন দিপু । তেরশ্রী স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক কায়সুল হক পলাশ ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন ।
আয়োজকেরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে । ফাইনাল খেলা দেখতে মাঠে ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ।