সাতক্ষীরার কালিগঞ্জে গৃহবধূর ঝু/ল/ন্ত ম/র/দেহ উদ্ধার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পিএম
সাতক্ষীরা সংবাদদাতা :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে সারথী সরকার সারু (৪৭) নামের দুই সন্তানের এক জননী গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের বিশ্বনাথ সরকারের স্ত্রী।
পরিবারের বরাত দিয়ে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন জানান, রাতের খাবার ও দৈনন্দিন কাজ শেষে পরিবারের সবাই নিজ নিজ কক্ষে ঘুমাতে যান। ছোট ছেলে বাড়িতে না থাকায় স্বামী বিশ্বনাথ তার নিজের কামরাঘরে এবং বড় ছেলে অন্য একটি ঘরে ঘুমাচ্ছিলেন। সারথী ছিলেন তাদের মধ্যবর্তী ঘরে। সকালে বড় ছেলে মাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি মায়ের মরদেহ ঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলতে দেখতে পান।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়। পরবর্তীতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতপূর্বক ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, গৃহবধূর এই অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা সম্ভব হবে। এ ঘটনায় থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।