সংবাদ সম্মেলনের মাধ্যমে পাঁচবিবি পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা অ্যাডভোকেট জনির

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পিএম

মোস্তাকিন হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

আসন্ন জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সংবাদ সম্মেলনের মাধ্যমে মেয়র পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়পুরহাট জেলা শাখার সদস্য সচিব, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও এপিপি অ্যাডভোকেট নাজমুল ইসলাম জনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে পাঁচবিবি পৌর পার্কে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, জয়পুরহাট জেলা শাখার আয়োজনে সংবাদ সম্মেলনে তিনি মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে  অ্যাডভোকেট নাজমুল ইসলাম জনিকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়পুরহাট জেলা শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম রব্বানী মুকুল, এপিপি অ্যাডভোকেট শাহীনুর রেজা বানু, অ্যাডভোকেট আব্দুস সালাম, আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট খায়রুল আহসান জুয়েল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এপিপি অ্যাডভোকেট মোজাহিদুল ইসলাম মোনা, অ্যাডভোকেট নাজমুল ইসলাম জনির সমর্থক ও আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট নাজমুল ইসলাম জনি বলেন, দীর্ঘদিন ধরে পাঁচবিবি পৌরবাসী কাঙ্ক্ষিত উন্নয়ন ও নাগরিকসেবা থেকে বঞ্চিত। পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা এবং নাগরিকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, পাঁচবিবি পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে পৌরবাসীর সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

এ সময় তিনি পাঁচবিবি পৌরসভার উন্নয়ন ও নাগরিকসেবা নিশ্চিত করতে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচিতে পৌর এলাকার রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, নাগরিকসেবা সহজীকরণসহ বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

অ্যাডভোকেট নাজমুল ইসলাম জনি আরও বলেন, নির্বাচিত হলে পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। দল-মত নির্বিশেষে সব নাগরিকের মতামতকে গুরুত্ব দেওয়া হবে এবং পৌরবাসীর মৌলিক নাগরিক সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

সংবাদ সম্মেলনের শেষে অ্যাডভোকেট নাজমুল ইসলাম জনি পাঁচবিবি পৌরবাসীর কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে উন্নত, আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পাঁচবিবি পৌরসভা গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার আহ্বান জানান।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com