নীলফামারীতে পুকুরপাড় থেকে পরিত্যক্ত ‘তাজা’ ধাতব গ্রেনেড উদ্ধার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পিএম

রফিকুল ইসলাম সাবুল, রংপুর প্রতিনিধি:

 নীলফামারীর সৈয়দপুরে একটি পুকুরের উত্তর অংশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পুরাতন তাজা ধাতব গ্রেনেড উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-১৩ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সৈয়দপুর থানার শ্বাসকান্দর ডাঙ্গাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। 

র‌্যাব-১৩-এর সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল প্রশিক্ষিত বোম্ব ডিসপোজাল টিমের সহায়তায় স্থানীয়দের উপস্থিতিতে অভিযান চালায়।

এ সময় গ্রামের মো. আলতাফ (৫০), পিতা-মৃত মোহাম্মদ আলীর বসতবাড়ির পূর্ব পাশে অবস্থিত পুকুরের উত্তর অংশে পরিত্যক্ত অবস্থায় কালো রঙের একটি পুরাতন তাজা ধাতব গ্রেনেড পড়ে থাকতে দেখা যায়। পরে গ্রেনেডটি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধার হওয়া গ্রেনেডটির ওজন আনুমানিক ৪৫০ গ্রাম এবং দৈর্ঘ্য প্রায় ৫ ইঞ্চি।

পরে উদ্ধারকৃত গ্রেনেডটি সৈয়দপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়। এ ঘটনায় সৈয়দপুর থানায় ৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জিডি নম্বর-২৪৭ করা হয়েছে।

 

র‌্যাব-১৩ জানিয়েছে, সমাজে অপরাধ ও সহিংসতা প্রতিরোধে তাদের গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com