রংপুরের বেতগাড়ীতে কৃষ্ণজন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পিএম
রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি :
শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বেতগাড়ীর ঐতিহ্যবাহী কালী, দুর্গা ও হরি মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়।
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, গঙ্গাচড়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি বেতগাড়ী কেন্দ্রীয় কালী মন্দির থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে নারী-পুরুষের পাশাপাশি শিশু-কিশোরদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
ঢাক-ঢোল, ড্রাম ও বাঁশির তালে তালে শোভাযাত্রায় যোগ দেন সনাতন ধর্মাবলম্বীরা। ‘শুভ, শুভ, শুভদিন—শ্রীকৃষ্ণের জন্মদিন’সহ নানা স্লোগানে মুখর হয়ে ওঠে বেতগাড়ীর সড়ক। শোভাযাত্রাজুড়ে ছিল উৎসবের আমেজ ও আনন্দঘন পরিবেশ।
শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বেতগাড়ী ইউনিয়ন শাখার সভাপতি নবদ্বীপ রায়। প্রধান অতিথি ছিলেন সংগঠনের আহ্বায়ক বাবু তপন কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের গঙ্গাচড়া থানা শাখার সদস্যসচিব শ্রী বিমল চন্দ্র বর্মন এবং বেতগাড়ী শাখার সহসভাপতি স্বপন মণ্ডল। এ ছাড়া বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জন্মাষ্টমীর আয়োজনকে ঘিরে নিরাপত্তার ব্যবস্থাও ছিল জোরদার। যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে গঙ্গাচড়া মডেল থানার পুলিশ শোভাযাত্রার সঙ্গে থেকে নিরাপত্তা নিশ্চিত করে।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি স্মরণে জন্মাষ্টমী পালিত হয়। দিনটি উপলক্ষে উপবাস, পূজা, নামকীর্তন, ভজনসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেতগাড়ীতেও ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।