নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পর্যটকবাহী বাস, আহত ১৫

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পিএম

কলাপাড়া, পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাবল ডেকার স্লিপার বাস পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন।** শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আইকনিক পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব-১২-৪৫৫৫) রাতে ঢাকা থেকে ২০ থেকে ২৫ জন পর্যটক নিয়ে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হয়। পরে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে খলিলপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের একটি অগভীর পুকুরে পড়ে যায়। এতে অন্তত ১৫ জন পর্যটক আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে গুরুতর আহত ছয়জনকে কলাপাড়া হাসপাতালে পাঠানো হয়।

জানা গেছে, বাসটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০১ ও ২০২৩ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা ছিলেন। কুয়াকাটা ভ্রমণের জন্য তারা বাসটি রিজার্ভ করেছিলেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, **বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।**

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com