সৌদি আরবে কারখানায় ভয়াবহ আগুন, নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৮:২৬ এএম

মোঃ রমজান হোসেন, নওগাঁ জেলা সংবাদদাতা:

সৌদি আরবের রাজধানী রিয়াদের মানফুরা এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার সাত প্রবাসী নিহত হয়েছেন।

 

রবিবার (৯ আগস্ট) দুপুরে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান ৭ জন প্রবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিহতরা হলেন—আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের মৃত বাদলের ছেলে সুমন (৩৫) ও চঞ্চলের ছেলে হাসিবুল হাসান শুভ (২৭)। কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামের মৃত গুফফার প্রামাণিকের ছেলে মহুন প্রামাণিক (৪২), সুমুন প্রামাণিক, জাননার ছেলে রুবেল হোসেন (৩০) ও ফজলুর প্রামাণিকের ছেলে কলি প্রামাণিক (৩৫)। এছাড়া একই উপজেলার পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল (৩৮) নিহত হয়েছেন।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের এসব প্রবাসী জীবিকার তাগিদে সৌদি আরবে গিয়ে রিয়াদের মানফুরা এলাকার ওই সোফা তৈরির কারখানায় কাজ করছিলেন। রোববার দুপুরে হঠাৎ কারখানাটিতে আগুনের সূত্রপাত হলে তারা ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, সৌদি আরবের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে আত্রাই উপজেলার সাতজন রয়েছেন। নিহতদের মধ্যে গন্ডগোহালি গ্রামের চারজন, ডুবাই গ্রামের দুজন এবং পারকাসুন্দা গ্রামের একজন রয়েছেন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি জানান।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com