ডেঙ্গু
ডেঙ্গু প্রতিরোধে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক সেমিনার
সাম্প্রতিক সময়ে দেশে ডেঙ্গু সংক্রমণের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বিশেষ "ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান" পরিচালনা করা হয়েছে। অভিযানে হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। এছাড়া হাসপাতালের চিকিৎসক ও নার্সদের অংশগ্রহণে একটি অভ্যন্তরীণ আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ডেঙ্গুর সর্বশেষ চিকিৎসা নির্দেশিকা (গাইডলাইন), আধুনিক চিকিৎসা প্রোটোকল এবং রোগীদের দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে বাড়ি ও আশপাশে কোথাও যেন পরিষ্কার পানি জমে না থাকে, পানির ট্যাংক ঢেকে রাখা, ফুলের টব ও ট্রের পানি নিয়মিত পরিবর্তন, পরিত্যক্ত পাত্র পরিষ্কার রাখা, জানালা-দরজায় মশানিরোধী জাল ব্যবহার এবং দিন-রাত মশারি টানিয়ে ঘুমানোর অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। স্বাস্থ্য কর্তৃপক্ষ আরও জানায়, তীব্র পেটব্যথা, অবিরাম বমি, শরীরের বিভিন্ন স্থান থেকে রক্তপাত, অতিরিক্ত দুর্বলতা, শ্বাসকষ্ট অথবা দীর্ঘ সময় প্রস্রাব না হলে দেরি না করে দ্রুত হাসপাতালে যেতে হবে। সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিতে হাসপাতাল সর্বদা প্রস্তুত রয়েছে। ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে ঘরে বসে না থেকে দ্রুত হাসপাতালে এসে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি
ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (২৫ জুলাই) সকালে এক জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। র্যালিতে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সোনারগাঁ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন। র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র কিংবা আশপাশের কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার মাধ্যমেই ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনগণের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার সচেতন ও দায়িত্বশীল অংশগ্রহণের মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব। ডেঙ্গুমুক্ত সোনারগাঁ গড়ে তুলতে উপজেলা প্রশাসনের জনসচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
জ্বর হওয়ার সাথে সাথে ডেঙ্গু পরীক্ষার অনুরোধ স্বাস্থ্য অধিদফতরের
রোববার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা: মঈনুল আহসান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই অনুরোধ জানান।