নওগাঁয় কম্পিউটার দিয়ে জাল টাকা তৈরির অভিযোগে গ্রেফতার ১, উদ্ধার ৪৭ হাজার টাকার জাল নোট

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ এএম

মো: ছাব্বির হাসান, নওগাঁ বিশেষ প্রতিনিধি

নওগাঁয় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে ৪৭ হাজার টাকার জাল নোট এবং জাল টাকা তৈরির সরঞ্জামাদিসহ তারিকুল ইসলাম মল্লিক (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর, ২০২৬) বিকেল পৌনে ৪টার দিকে নওগাঁ সদর থানাধীন পয়না বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল নওগাঁ সদর থানা এলাকায় বিশেষ অভিযান চালাচ্ছিল। অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে যে, পয়না বাজারে অবস্থিত 'মল্লিক ডিজিটাল স্টুডিও ল্যাব প্রিন্ট অ্যান্ড ফটোকপি টেলিকম' নামের একটি দোকানে কম্পিউটারের সাহায্যে জাল টাকা তৈরি করা হচ্ছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বেলা ৩টা ১৫ মিনিটে ডিবি পুলিশের আভিযানিক দলটি ওই দোকানে হানা দেয়। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে দোকানের মালিক তারিকুল ইসলাম মল্লিককে তল্লাশি করে তার হেফাজত থেকে ১,০০০ টাকা মূল্যের ৪৭টি জাল নোট (মোট ৪৭ হাজার টাকা) উদ্ধার করা হয়।

পরবর্তীতে দোকানে তল্লাশি চালিয়ে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ১টি মনিটর, ২।টি সিপিইউ, ১টি কালার প্রিন্টার এবং ১টি স্ক্যানার জব্দ করা হয়। কম্পিউটারের হার্ডডিস্কে জাল নোট তৈরির বিভিন্ন আলামত ও তথ্যও খুঁজে পায় পুলিশ।

গ্রেফতারকৃত আসামি তারিকুল ইসলাম মল্লিক (৩৮) নওগাঁ জেলার সদর থানার পয়না বাজার এলাকার আশরাফ আলীর ছেলে। এ বিষয়ে তার বিরুদ্ধে নওগাঁ সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com