শ্যামনগরে খোলপেটুয়ায় অবৈধ বালু উত্তোলন, বাল্কহেডসহ আটক ১, ৫০ হাজার টাকা জরিমানা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ এএম
এবিএম রায়হান পারভেজ, বিশেষ প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জাহাঙ্গীর গাজী (৩০) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে ১৭ বিজিবি ব্যাটালিয়ন নীলডুমুর ক্যাম্পের সদস্যদের পরিচালিত অভিযানে একটি বাল্কহেডসহ তাকে আটক করা হয়। আটক জাহাঙ্গীর গাজী উপজেলার আটুলিয়া ইউনিয়নের মৃত সাত্তার গাজীর ছেলে।
পরে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় তাকে এই জরিমানা করা হয়। জরিমানা পরিশোধের পর তাকে মুক্তি দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে উপকূলীয় অঞ্চলের বিভিন্ন নদী থেকে অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে নদীর তলদেশের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি তীরবর্তী এলাকা ও গুরুত্বপূর্ণ বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। বিশেষ করে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীর তীব্র স্রোতের সময় ক্ষয়ক্ষতির আশঙ্কা বহুগুণ বেড়ে যায়। দিনের বেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা থাকলেও রাতের আঁধারে বিভিন্ন পয়েন্টে অবাধে বালু উত্তোলনের প্রবণতা রয়েছে বলে জানান তারা।
এ বিষয়ে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন জানান, উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা এলাকায় খোলপেটুয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ওই ব্যক্তিকে আটক ও জরিমানা করা হয়েছে। উপকূলের পরিবেশ, নদীর স্বাভাবিক গতিপথ এবং গুরুত্বপূর্ণ বেড়িবাঁধ রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।