গাজীপুরে সিফাত আব্দুল্লাহর ‘ভৌতিক’ বিদ্যুৎ বিলের অভিযোগের সত্যতা পায়নি পল্লী বিদ্যুৎ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পিএম
গাজীপুর প্রতিনিধি :
অতিরিক্ত বিদ্যুৎ বিল ও অসহনীয় লোডশেডিংয়ের অভিযোগ তুলে সরকারপ্রধানকে কটূক্তি ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর বিদ্যুৎ বিল তদন্ত করেছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১। তদন্তে তাঁর বাসার বিদ্যুৎ বিল তৈরিতে কোনো অনিয়ম বা অতিরিক্ত বিলের প্রমাণ পাওয়া যায়নি।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গাজীপুর মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডে সিফাতের পরিবারের বাড়িতে থাকা তিনটি আবাসিক মিটারের জুলাই ও আগস্ট মাসের মোট বিল ১০ হাজার ৬৮১ টাকা। গ্রাহকের কাছে থাকা বিলের কপির সঙ্গেও পল্লী বিদ্যুতের হিসাবের মিল পাওয়া গেছে।
পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বোর্ড বাজার জোনাল অফিসের ডিজিএম মো. আহসান কবীর জানান, সরেজমিনে তদন্ত করে বিল প্রস্তুতে কোনো অনিয়ম পাওয়া যায়নি।
এদিকে এনসিপির মুখ্য সংগঠক আলী নাছের খান দাবি করেছেন, চার মাসের হিসাব সামনে আনার কারণে বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। তাঁর ভাষ্য, জুলাই ও আগস্টের বিলের প্রকৃত হিসাব গোপন রেখে চার মাসের হিসাব প্রকাশ করায় সিফাতকে নিয়ে নতুন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর রাতে গাজীপুরের গাছা থানা-পুলিশ সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করে। পরে তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হলে তাঁকে কারাগারে পাঠানো হয়।