নওগাঁয় ৪৭ হাজার টাকার জাল নোট সহ যুবক গ্রেফতার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পিএম
মোঃ রমজান হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁয় গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৪৭ হাজার টাকার জাল নোটসহ তারিকুল ইসলাম মল্লিক (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় জাল নোট তৈরির কাজে ব্যবহৃত একটি কম্পিউটার মনিটর, দুটি সিপিইউ, একটি কালার প্রিন্টার ও একটি স্ক্যানার জব্দ করেছে পুলিশ।
রবিবার (৬ সেপ্টেম্বর) নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল নওগাঁ সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে, উপজেলার পয়না বাজারে নিজস্ব পরিচালিত ‘মল্লিক ডিজিটাল স্টুডিও ল্যাব প্রিন্ট অ্যান্ড ফটোকপি টেলিকম’ দোকানে কম্পিউটারের মাধ্যমে জাল টাকা তৈরি করছেন এক ব্যক্তি। পরে তথ্যের ভিত্তিতে বিকেল ৩টা ১৫ মিনিটের সময় ওই দোকানে অভিযান চালানো হয়।
অভিযানে বাজারে উপস্থিত লোকজনের সামনে তারিকুল ইসলাম মল্লিকের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার হেফাজত থেকে এক হাজার টাকা মূল্যমানের ৪৭টি জাল নোট উদ্ধার করা হয়, যার মোট মূল্য ৪৭ হাজার টাকা।
এ ছাড়া তার দোকান থেকে একটি কম্পিউটার মনিটর, দুটি সিপিইউ, একটি কালার প্রিন্টার ও একটি স্ক্যানার জব্দ করা হয়।
পুলিশের দাবি, জব্দ করা কম্পিউটারে জাল নোট তৈরির সংক্রান্ত তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তাকৃত তারিকুল ইসলাম মল্লিক নওগাঁ সদর উপজেলার পয়না বাজার এলাকার আশরাফ আলীর ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে নওগাঁ সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।