মতলব দক্ষিণে পুলিশের বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ৬
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পিএম
মতলব দক্ষিণ, চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের মতলব দক্ষিণে ৩ মাদক কারবারিসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর ) গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে প্রেরণ করেছে পুলিশ। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাফিজুর রহমান মানিকের দিকনির্দেশনা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ওসি মো হাফিজুর রহমান মানিক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মোবারকদী এলাকা থেকে ৫ সেপ্টেম্বর মাদক কারবারি মোবারকদী গ্রামের নুর ইসলামের ছেলে মো. হাসেম সওদাগর(৩৩)কে ইয়াবাসহ গ্রেপ্তার করে।
এদিকে শনিবার (৫ সেপ্টেম্বর) থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ পরিচালিত মোবাইল কোর্ট পরিচালনাকালে মতলব দক্ষিণ উপজেলার মোবারকদী গ্রামের দুলাল গাজীর ছেলে মো. কাউছার(২৩), চাঁদপুর সদর উপজেলার ধনপর্দ্দী গ্রামের হান্নান আকন্দের ছেলে রবিন আকন্দ (১৮)কে আটক পূর্বক তিন মাসের সাজা প্রদান করে।
অপর অভিযান পরিচালনাকালে রোববার(৬ সেপ্টেম্বর) মতলব দক্ষিণের পৌলপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে মো. জাহিদ,খর্গপুর এলাকার আবুল কাশের ছেলে মো. কাউছার(৩৯) এবং পাঁচদোনা গ্রামের আইয়ুব আলীর ছেলে মো. বোরহান-কে গ্রেফতার করা হয়।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন,গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরন করা হচ্ছে। মাদক ও অপরাধ নির্মূলে আমাদের এধরণের অভিযান অব্যাহত থাকবে।