আনসারের তৎপরতায় তিন ঘণ্টায় হারানো শিশু উদ্ধার, মায়ের কোলে ফিরল লেদুয়ান

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ

পঞ্চগড়, ৬ সেপ্টেম্বর ২০২৬:

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল থেকে হারিয়ে যাওয়া ছয় বছরের শিশু মো. লেদুয়ানকে প্রায় তিন ঘণ্টার তল্লাশি অভিযানের পর উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। দায়িত্ব পালনের পাশাপাশি শিশুটিকে উদ্ধারে আনসার সদস্যদের দ্রুত তৎপরতা ও মানবিক ভূমিকা প্রশংসিত হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের প্রধান ফটকের সামনে দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্য পিসি মো. আতাউর রহমান ও আনসার সদস্য সুকুমার। এ সময় অসতর্কতার কারণে শিশুটি হাসপাতাল চত্বর থেকে নিখোঁজ হয়।

শিশুটি নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়। বিষয়টি জানতে পেরে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধারে তৎপর হন। হাসপাতালের বিভিন্ন স্থান ও আশপাশের এলাকায় শুরু হয় ব্যাপক তল্লাশি।

প্রায় তিন ঘণ্টার নিরলস অনুসন্ধানের পর আনসার সদস্যরা শিশুটির সন্ধান পান। পরে হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে শিশুটিকে নিরাপদে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়।

সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শিশুটির মা। আনন্দাশ্রুসিক্ত চোখে আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এ সময় হাসপাতালের রোগী, রোগীর স্বজন ও দর্শনার্থীদের মধ্যেও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

শিশুটিকে নিরাপদে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ায় সিভিল সার্জন, হাসপাতালের তত্ত্বাবধায়কসহ সংশ্লিষ্টরা আনসার সদস্যদের প্রশংসা ও ধন্যবাদ জানান।

দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ আনসার সদস্যদের মানবিক দায়িত্ববোধেরও পরিচয় বহন করে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের এ ঘটনাটি দায়িত্বের প্রতি তাঁদের আন্তরিকতা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতার একটি উদাহরণ হয়ে থাকল।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com