ঝালকাঠিতে ডিবি পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবাসহ সজীব নামের এক যুবক গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পিএম

রাজীব কুমার মালো, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি শহরের কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ সজীব কুমার সাহা (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টা ২০ মিনিটে ঝালকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকার জাফর মেনশনের তৃতীয় তলার একটি কক্ষে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, ডিবির অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) মো. তারিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জাফর মেনশনের ৭১ নম্বর হোল্ডিংয়ের তৃতীয় তলার পশ্চিম পাশের একটি কক্ষে অভিযান চালানো হয়। অভিযানে সজীব কুমার সাহাকে আটক করা হয়। পরে ওই কক্ষ থেকে ১৩ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার সজীব কুমার সাহা ঝালকাঠি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ৬০ ডাক্তারপট্টি এলাকার বাসিন্দা। তিনি অমল চন্দ্র সাহা ও সন্ধ্যা রানী সাহার ছেলে।

 

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. তারিফুল ইসলাম বাদী হয়ে সজীব কুমার সাহার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) ক্রমিকে ঝালকাঠি সদর থানায় একটি নিয়মিত মামলা করেছেন।

 

আইন অনুযায়ী, ধারা ৩৬(১) এর সারণির ১০(ক) ক্রমিকের আওতায় সংশ্লিষ্ট মাদকদ্রব্যের নির্দিষ্ট পরিমাণের ক্ষেত্রে অপরাধ প্রমাণিত হলে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।

 

এদিকে জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে তাদের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com