বাংলাদেশ বার্তা টুডে
চট্টগ্রাম সমিতি ঢাকার উদ্যোগে বোয়ালখালী বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
বোয়ালখালীতে বন্যাদুর্গতদের মাঝে চট্টগ্রাম সমিতি ঢাকার উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ (১৩ জুলাই) সোমবার সকালে বোয়ালখালীর সারোয়াতলী, শাকপুরা, পশ্চিম শাকপুরা, পশ্চিম গোমদন্ডী ইমামুল্লার চর এলাকায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বোয়ালখালী উপজেলা শাখার সদস্যরা এই ত্রাণ বিতরণ করেন। এসময়ে সারোয়াতলী ইউনিয়ন পরিষদের মেম্বার তৌহিদুর রহমান, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বোয়ালখালী উপজেলা শাখার অর্থ সম্পাদক জামশেদুল আলম, বোয়ালখালী প্রেসক্লাবের সদস্য এম মনির চৌধুরী রানা, বিএনপি নেতা মোহাম্মদ সুলতান, মোহাম্মদ সবুজ উপস্থিত ছিলেন।
দৌলতপুরে যুবদল নেতার রাজনৈতিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ হিসনাপাড়া গ্রামে উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুমের রাজনৈতিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। রবিবার (১২ জুলাই) মাগরিবের নামাজের সময় এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, একদল দুর্বৃত্ত কার্যালয়ে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে এবং পরে আগুন ধরিয়ে দেয়। এতে চেয়ার-টেবিলসহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি এবং যুবদল নেতা শরিফ উদ্দীন জুয়েলের রাজনৈতিক ব্যানার পুড়ে যায়। রেজাউর রহমান মাসুম বলেন, তিনি ঘটনার সময় এলাকায় ছিলেন না। তিনি ঢাকা থেকে বাড়ি ফেরার পথে বিষয়টি জানতে পারেন। বাড়িতে পৌঁছে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরবেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। মাসুমের সমর্থকদের দাবি, ঘটনাটি রাজনৈতিকভাবে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং বিভেদ উসকে দেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ঘটানো হয়ে থাকতে পারে। তবে এ দাবির পক্ষে তারা কোনো প্রমাণ উপস্থাপন করেননি। পুলিশও এ বিষয়ে এখনো কাউকে দায়ী করেনি। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রাজাপুরের "বাউল ছালমা" সীমাহীন দুঃখ-কষ্ট পেরিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী
"বাউল ছালমার" মাবনসেবা ও সমাজসেবার অব্যাশ স্কুলজীবন থেকেই। সংগীতশিল্পী হিসেবেই পথচলা শুরু হয়েছে আজ থেকে প্রায় ২৭ বছর আগে। এই দীর্ঘ সময়ে অসংখ্য মানুষকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। কেউ ক্ষমতার আলোয় এসেছেন, আবার সময়ের সঙ্গে হারিয়েও গেছেন। কিন্তু কিছু মানুষ আছেন, যাদের পরিচয় ক্ষমতায় নয় নিরব অনুশীলন ও সংগ্রামের, সততায় এবং অসহায় মানুষের প্রতি দায়বদ্ধতায়। বাউল "ছালমা" তাঁদেরই একজন।একটি দরিদ্র পরিবারে জন্ম নেওয়া একজন মানুষের জীবনের প্রতিটি ধাপই সহজ হয় না। অভাব, কষ্ট, অবহেলা আর অসংখ্য বাধা পেরিয়ে নিজের অবস্থান তৈরি করতে হয়। ছালমা বেগমের জীবনও ঠিক তেমনই। প্রতিটি ঘাত-প্রতিঘাতকে সঙ্গী করে তিনি আজ একজন বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নিয়মিত সংগীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত, "সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী" ক্যাটাগরিতে বিভাগীয় শ্রেষ্ঠ জয়িতা ও রাষ্ট্রিয় দ্বিতীয়, ছালমা যুব সংস্থা ও শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সভাপতি, সাবেক নারী ইউপি সদস্য, সাবেক বাংলাদেশ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, স্থানীয় সংবাদকর্মী কর্তৃক পরিচালিত "রাজাপুর সাংবাদিক ক্লাব" নামে একটি সকলজন পরিচিত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য। এছাড়াও একাধিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বশীল ব্যক্তি। দেখা যায় এধরণের কোনো সংগঠনের নেতৃত্বে থাকলে সরকারের বিভিন্ন দপ্তর, প্রশাসনের কর্মকর্তা কিংবা রাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রাখা দায়িত্বেরই একটি অংশ। তবে এটি ব্যক্তি স্বার্থের নয়, বরং সংগঠন, মানুষের বা সমাজের বিভিন্ন সামাজি ও মানবিক কাজ এগিয়ে নেওয়ার প্রয়োজনে। কিন্তু দেখা যায় কিছু স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ের বিভিন্ন অনুষ্ঠানের ছবি ছড়িয়ে দিয়ে ও সভা-সেমিনারে বিভিন্ন মিথ্যে ট্যাগ লাগিয়ে বক্তব্য দিয়ে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চালায়, তবে স্থানীয় নেটিজেনরা তাদের এই অপপ্রচারের তিব্র নিন্দাও জানান। এসবনিয়ে ছালমা বেগম প্রতিবেদককে জানান যে, একটি স্থিরচিত্র কখনো একজন মানুষের দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও আত্মত্যাগের ইতিহাসকে মুছে দিতে পারে না। যে মানুষটি দীর্ঘ ২৭ বছর নানা প্রতিকূলতা, সামাজিক নির্যাতন ও নিপীড়নের মধ্য দিয়ে পথ চলেছেন—সেই কঠিন সময়ে কজন মানুষ আমার পাশে দাঁড়িয়েছিলেন? কজন আমার কর্মের প্রশংসা করেছিলেন? আজ যারা সামাজিক যোগাযোগমাধ্যমে তথা সভা-সেমিনারে নানা ব্যাখ্যা দিয়ে আমাকে হেওপ্রতিপন্ন করার চেষ্টা করছেন, তাঁদের অনেককেই তখন দেখা গেছে নিয়ম-অনিয়মের মাধ্যমে স্ব-সুবিধা গ্রহনে ব্যাস্ত ছিলেন। জাতি জানেন, দারিদ্র্যের কষ্ট যে মানুষ নিজে অনুভব করেছেন, তিনি অন্যের দুঃখও বুঝতে পারেন। গরিব মানুষের কান্না, অসহায় মানুষের আর্তনাদ এবং বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর যে মানবিক শক্তি, তা আসে নিজের জীবনের সংগ্রাম থেকে। বাউল ছালমার জীবন সেই বাস্তবতারই একটি উদাহরণ। মানুষকে মূল্যায়ন করতে হলে একটি ছবি নয়, একটি পোস্ট নয়, দেখতে হবে তাঁর পুরো জীবন, তাঁর কর্ম, তাঁর ত্যাগ এবং মানুষের জন্য তাঁর অবদান। ইতিহাস সবসময় ক্ষণিকের প্রচারণা দিয়ে লেখা হয় না; ইতিহাস লেখা হয় সংগ্রাম, সততা, সাহস এবং মানবিকতার কালি দিয়ে। সময়-ই শেষ পর্যন্ত সত্যকে প্রতিষ্ঠিত করে। আর সত্যিকারের সংগ্রামী ও নিরলস মানুষকে সাময়িক অপপ্রচার কখনো পরাজিত করতে পারে না। মানুষের ভালোবাসা, সম্মান এবং আস্থা, এগুলোই একজন মানুষের সবচেয়ে বড় পরিচয়। সেই পরিচয়ই বহন করে চলছি আমি কণ্ঠশিল্পী মোসাঃ ছালমা বেগম (বাউল ছালমা)। আর বাকী জীবনও এভাবেই চালাতে চাই মানবসেবায়।
মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন
গাজীপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় গাজীপুর-৫ কালীগঞ্জ আসনের এমপি আলহাজ¦ একেএম ফজলুল হক মিলন সংসদ সদস্য হিসাবে এক মাসের প্রাপ্য সম্মানী ভাতা/বেতন মাননীয় প্রাধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদানের ঘোষণা দিয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। রবিবার (১২ জুলাই) গাজীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল করিম ভ‚ইয়ার সভাপতিত্বে ভাওয়াল সম্মেলন কক্ষে গাজীপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় চলমান বন্যা পরিস্থিতিতে বন্যার্তদের তাৎক্ষণিক ত্রাণ ও পুনর্বাসন সহায়তার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় আলহাজ¦ একেএম ফজলুল হক মিলন সংসদ সদস্য হিসাবে এক মাসের প্রাপ্য সম্মানী ভাতা/বেতন মাননীয় প্রাধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদানের ঘোষণা দেন। পরে তিনি সভায় উপস্থিত সবাইকে এক দিনের বেতন বন্যাদুর্গত মানুষের সহায়তায় দান করার জন্য আহ্বান জানান। তাঁর আহ্বানে উপস্থিত সবাই স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে মানবিক উদ্যোগে অংশগ্রহণের সম্মতি প্রকাশ করেন এবং গাজীপুর জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে বন্যার্তদের তাৎক্ষণিক ত্রাণ ও পুনর্বাসন সহায়তার লক্ষ্যে গাজীপুর জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ১ দিনের মূল-বেতনের সমপরিমাণ অর্থ মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়। জেলার সকল দপ্তর প্রধান আগামী ১৪ জুলাই ২০২৬ অপরাহ্নের মধ্যে নিজ নিজ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণের ১ দিনের মূল-বেতনের সমপরিমাণ অর্থ সংগ্রহ করে জেলা প্রশাসক গাজীপুর, হিসাব নং ০২০৬০০১০০০১৮৩, সোনালী ব্যাংক পিএলসি, গাজীপুর কোর্ট বিল্ডিং শাখায় জমা দিয়ে নিজ নিজ দপ্তরের একটি রিপোর্ট জেলা প্রশাসকের কার্যালয়ে দাখিল করার এবং আগামী ১৫ জুলাই ২০২৬ইং তারিখে সংগৃহীত অর্থ মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চেকের মাধ্যমে প্রেরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনের মহতী উদ্যোগে সাড়া দিয়ে বন্যার্তদের ত্রাণ ও পুনর্বাসন সহায়তার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চেকের মাধ্যমে অনুদান প্রেরনের সিদ্ধান্ত তাৎক্ষণিক গ্রহণ করায় তিনি সবাইকে ধন্যবাদ জানান। এ সময় অন্যান্যের মাঝে গাজীপুরের পুলিশ সুপার মোঃশরিফ উদ্দিন, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহরিয়ার নজির, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য সহ জেলায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের সার্ভেয়ার নাছির নামে বেনামে গড়েছে সম্পদের পাহাড়
জেলা পরিষদের একজন সার্ভেয়ার হয়ে নামে বেনামে গড়েছেন অবৈধ সম্পদের পাহাড়। নির্মাণ করেন আলিশান বাড়ি। জানা যায়, নাছির নামে এই সার্ভেয়ার একই কর্মস্থলে এক যুগেরও উপরে রয়েছেন। যার ফলে মানুষের সাথে দিন দিন তার সম্পর্ক গভীর হয়ে ওঠে। এ সুযোগে তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে টাকা হাতিয়ে নেন।পিতার ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে সার্ভেয়ারের চাকরি নেন। এমনকি এলাকায় আওয়ামী লীগের দলীয় প্রভাব বিস্তার করে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করতেন। তার ভয়ে কেউ মুখ খুলে কথা বলতে সাহস পেতো না। ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নের সরখাল গ্রামের মজিবুর রহমানের ছেলে নাছির। নাছিরের পিতার জন্ম একই ইউনিয়নের পার্শ্ববর্তী রাজাপুর গ্রামে। শিশু বয়সে দত্তক হিসেবে তাঁর পিতা মুজিবুর রহমানকে সরখাল গ্রামের আহমদ উল্লাহ মৌলভী নিয়ে আসেন। সেখানে তিনি বড় হন।পরে তাঁর পিতা মুজিবুর রহমানকে কুমিল্লায় একটি লাইব্রেরীতে সামান্য বেতনের কর্মচারী হিসেবে চাকরি দেয়া হয়। নাছিরের পিতা প্রকৃত মুক্তিযোদ্ধা না হলেও ভুয়া সার্টিফিকেট তৈরি করে সরকারি সুযোগ সুবিধা ভোগ করেন। সার্ভেয়ার নাছির পিতার ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে জেলা পরিষদের সার্ভেয়ার হিসেবে চাকরি নেন। এমনকি নাছিরের পিতার তেমন অর্থ সম্পদ না থাকলেও নাছির জেলা পরিষদের একজন সার্ভেয়ার হয়ে অঢেল সম্পদের মালিক বনে যান। বাড়িতে নির্মাণ করেন আলিশান বাড়ি।ফরিদগঞ্জের চান্দ্রা বাজারে কয়েকটি দোকান ক্রয় করেন। হাজীগঞ্জ বাজারেও রয়েছে তার দোকান। চাঁদপুর শহরের মিশন রোড এলাকায় কোটি টাকার উপরে সম্পত্তি ক্রয় করেন। তার সহায় সম্পত্তি দেখে মানুষ হতবাক হয়ে যায়। ইতোমধ্যে জেলা পরিষদের সকল সদস্য সার্ভেয়ার নাছিরের বিরুদ্ধে অনাস্থা প্রদান করেন। সরজমিনে সরখাল গ্রামে গিয়ে জানা যায়, সার্ভেয়ার নাছির নামে বেনামে বহু সম্পত্তি ক্রয় করার পাশাপাশি বাড়িতে আলিশান বাড়ি নির্মাণ করেছে।এলাকায় সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ করে। সরকারি জায়গায় অন্য মানুষের নির্মাণকৃত দোকান জোরপূর্বক দখল করে। চান্দ্রা বাজারে কয়েকটি দোকানঘর ভিটিসহ ক্রয় করে। তিনি জেলা পরিষদের সকল লীজকৃত জায়গা মাপ জরিপ করে মানুষকে বুঝিয়ে দিতে গিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেন। মোটা অংকের টাকা না ফেলে রিপোর্ট দিতে গিয়ে গড়িমসি করে থাকেন। উপায়ন্তর না পেয়ে তার দাবিকৃত টাকা দিয়ে রিপোর্ট বুঝে নিয়ে থাকে। তিনি মানুষকে হয়রানি করার পাশাপাশি চাপ প্রয়োগ করে টাকা হাতিয়ে নেন। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার অনেকে বলেন, নাছিরের পিতার তেমন অর্থ সম্পত্তি না থাকলেও নাছির জেলা পরিষদে সার্ভেয়ারের চাকরি করে অবৈধভাবে বহু সম্পদের মালিক বনে গেছে। বিলাশ বহুল বাড়ি করেছে। আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাব বিস্তার করে বালিথুবা রাস্তার মাথায় দোকান নির্মাণ করে। সে দলীয় ক্ষমতা দেখিয়ে এলাকার নিরীহ মানুষকে ভয়ভীতি দেখাতো। তার ভয়ে মানুষ মুখ খুলে কথা বলতে সাহস পেতো না। তার পিতা ভুয়া কাগজপত্র তৈরি করে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে সরকারি সুযোগ সুবিধা ভোগ করতো। তার সহায় সম্পত্তিসহ সকল কিছুর বিষয়ে প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া জরুরি।
চেয়ারম্যানঘাট নলচিরার মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ
নেতাকর্মী নিয়ে মাঝ নদী থেকে ফিরে আসা ফেরিতে উঠছেন এমপি হান্নান মাসউদ নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায় ফেরি মহানন্দা। ফেরিটি ২৩ মিনিট চলার পর আবার পূর্বের ঘাটে ফিরে আসে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে নিতে। এতে দুর্ভোগে পড়েন আগে থেকে ফেরিতে থাকা যাত্রীরা। আজ শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে ঘটে এ ঘটনা। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম।স্থানীয়রা জানান, নির্ধারিত সময় অনুযায়ী বিকাল সাড়ে ৩টায় চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী ও মালবাহী যানবাহন নিয়ে নলচিরা ঘাটের উদ্দেশ্যে রওনা দেয় ফেরি মহানন্দা। প্রায় ২৩ মিনিট চলার পর ফেরিটি মাঝনদী থেকে ঘুরিয়ে আবার চেয়ারম্যান ঘাটে আনা হয়। এ সময় ঢাকা থেকে ঘাটে পৌঁছান স্থানীয় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। তিনি নেতাকর্মীদের নিয়ে ফেরিতে ওঠার পর ফেরিটি পুনরায় নলচিরা ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।দায় এড়াতে চায় বন্দর, ব্যবহারকারীদের অসন্তোষঘাট ইজারাদারের প্রতিনিধি জহির বললেন, ‘ফেরির মাস্টার প্রথমে আমাকে জানান, ফেরি ছাড়বে না। পরে আবার জানান, বিকাল সাড়ে ৩টায় ফেরি ছাড়বে। কিন্তু ছাড়ার প্রায় ২৩ মিনিট পর ফেরি আবার ফিরে আসে এমপি হান্নান মাসউদকে নিয়ে যাওয়ার জন্য। হাতিয়ার ফেরি চলাচলের ইতিহাসে এমন ঘটনা আগে দেখিনি।’নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী জানান, ঘাট থেকে ছেড়ে আসার অনেকক্ষণ পর হঠাৎ দেখি ফেরি ঘুরে যাচ্ছে। পরে ঘাটে ফিরে দেখি এমপি হান্নান মাসউদ ও তার সঙ্গে থাকা লোকজন ফেরিতে উঠছেন। তিনি আরও জানান, এমন বৈরী আবহাওয়ায় একদিকে আমরা ভয়ের মধ্য দিয়ে নদী পাড়ি দিচ্ছি আর এমপি দেখাল তার ক্ষমতা।ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম বলছিলেন, ‘চেয়ারম্যান ঘাট থেকে ছাড়ার আনুমানিক ১০ মিনিট পর এমপির জন্য ফেরি ঘাটে ফিরে আসে।’ তিনি আরও উল্লেখ করেন, এমন ভিআইপিদের ক্ষেত্রে কিছু নিয়ম অনুসরণ করতে হয়।ফেরি মহানন্দার মাস্টার নুরুল আমীনের ভাষ্য, ‘আমি এত কিছু জানি না। ফেরি ছাড়ার পর মেরিন ইঞ্জিনিয়ার আমাকে জানান, ঘাটে এমপি এসেছেন। ফেরি ঘুরিয়ে তাকে নিয়ে যেতে হবে। পরে আমরা ঘাটে ফিরে এমপিকে নিয়ে নলচিরা ঘাটে যাই।’এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন ভিআইপির জন্য নির্ধারিত গন্তব্যে ছেড়ে যাওয়া ফেরি মাঝপথ থেকে ফিরিয়ে আনা কতটা যৌক্তিক?এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
কালীগঞ্জে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে চেক হস্তান্তর
ঝিনাইদহ-৪ আসনের আওতাধীন কালীগঞ্জ ও সদর উপজেলার আংশিক এলাকার ১০টি মসজিদের সংস্কার কাজের সরকারি বরাদ্দের অনুমোদন পত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। ( ১২ই জুলাই) রাত ৮টার সময় স্থানীয় সংসদ সদস্যের কার্যালয়ে এক সংক্ষিপ্ত ও ভাবগাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই পত্র হস্তান্তর করা হয়। ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাওলানা আবু তালিব সংশ্লিষ্ট মসজিদগুলোর সভাপতি ও পরিচালনা কমিটির সম্মানিত সদস্যদের হাতে মোট ৩ লক্ষ টাকা বরাদ্দের এই অনুমোদন পত্র তুলে দেন। ধর্মীয় প্রতিষ্ঠানের এই উন্নয়নমূলক বরাদ্দ সংশ্লিষ্ট এলাকার মসজিদগুলোর অবকাঠামোগত সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এলাকার ধর্মীয় ও সামাজিক উন্নয়নে মাননীয় সংসদ সদস্যের এই আন্তরিক প্রচেষ্টাকে সবাই সাধুবাদ জানাই।
কালীগঞ্জে ট্রেনের নিচে পড়ে যুবকের দুই পা বিছিন্ন
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনের নিচে পড়ে ফরিদ হোসেন (৩০) নামের এক যুবকের দুই পা বিছিন্ন হয়ে গিয়েছে। রোববার (১২ জুলাই) বিকাল ছয়টার দিকে উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে পয়েন্ট এলাকায় আত্মহত্যার উদ্দেশ্যে ট্রেনের নিচে ঝাঁপ দিলে তার দুই পা বিচ্ছিন্ন হয়। ফরিদ হোসেন কালীগঞ্জ শহরের কন্ঠ কর্মী আকবর হোসেনের ছেলে। চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস ডাউন ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এসময় সে প্রাণে বেঁচে গেলেও তার দু পা বিছিন্ন হয়ে যায়। মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার শাহাজান আলী বলেন, ঘটনার পরপরই কালীগঞ্জ ফায়ার ফাইটারের একটি টিম তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুমাইয়া শারমিন সুমি জানান, দুই পা বিচ্ছিন্ন অবস্থায় এক যুবককে ফায়ার সার্ভিস কর্মীরা হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়াই প্রাথমিক চিকিৎসার শেষে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ রবিবার (১২ জুলাই) জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম-এর সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, অপরাধ প্রতিরোধ এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করে নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয় তুলে ধরেন। এ সময় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত, স্থিতিশীল ও জনবান্ধব রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
বদলগাছীর নারী হত্যাকাণ্ডের প্রধান আসামি সৌখিন ঢাকা থেকে গ্রেফতার
নওগাঁর বদলগাছি উপজেলার পারআধাইপুর গ্রামে সংঘটিত নারী হত্যা মামলার প্রধান আসামি সৌখিন (২৫)কে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুলাই রাতে উপজেলার পারআধাইপুর গ্রামের বুড়াকালী মন্দির সংলগ্ন এলাকায় গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় তাহমিনা ওরফে রেবা (স্বামী: শফিকুল ইসলাম, গ্রাম: ধুরাইল, থানা: ধামইরহাট, জেলা: নওগাঁ) কে উদ্ধার করে বদলগাছি থানা পুলিশ। প্রথমে তাকে বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে ঘটনাটি হত্যা মামলায় রূপ নেয়। ঘটনার পর নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় বদলগাছি থানায় মামলা রুজু করা হয় এবং ঘটনার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারে জেলা গোয়েন্দা শাখাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়। জেলা ডিবির একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে সাক্ষ্য-প্রমাণ ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে আসামিকে শনাক্ত করে। পরবর্তীতে গাজীপুর ও ঢাকায় অভিযান পরিচালনা করে শনিবার (১১ জুলাই) বিকেলে ঢাকা মেট্রোপলিটনের শাহ আলী থানা এলাকার মিরপুর থেকে সৌখিন (২৫), পিতা: মোনায়েম, গ্রাম: মদনচক, থানা: মান্দা, জেলা: নওগাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জেলা গোয়েন্দা শাখা ও পুলিশ সুপারের কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে সৌখিন তাহমিনাকে ছুরিকাঘাত করে হত্যার কথা স্বীকার করে বলে পুলিশ জানায়। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ২৭ সেপ্টেম্বর
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন আগামী ২৭ সেপ্টেম্বর ট্রাস্টের কার্যনির্বাহী কমিটির সভায় ঘোষণা করা হয়েছে। কার্যনির্বাহী কমিটির সভা গত সোমবার (৭ জুলাই) পূর্ব লন্ডনের ব্রিকলেইনের মাসালা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ট্রাস্টের সংগঠনের সভাপতি মাফিজ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গুলজার খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় কার্যনির্বাহী কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। সভায় ট্রাস্টের নির্বাচনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ আগস্ট নির্ধারণ করা হয় । সভায় জজ বেলায়েত হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার হিসেবে একেএম ইয়াহিয়া, অধ্যাপক নুরুল ইসলাম, অধ্যাপক আব্দুল মতিন ও আবুল কাহার আলীকে নিযুক্ত করা হয় । নতুন ট্রাস্টিদের অনুমোদন এবং সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে ট্রাস্টির সংখ্যা বেড়ে ৬১৮ জনে উন্নীত হয়েছে। আরও বেশ কয়েকজন নতুন ট্রাষ্টীদের পরবর্তী মিটিয়ে অনুমোদন দেওয়া হবে। যুক্তরাজ্যে বসবাসরত বিশ্বনাথবাসীদের মধ্যে যারা এখনও ট্রাষ্টি হননি তাদেরকে ট্রাষ্টীশীপ গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে । নতুন ট্রাষ্টির সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে ট্রাষ্টির সংখ্যা ৭ শত ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ। এছাড়া সংগঠনটি ইউকে চ্যারিটি কমিশনে চ্যারিটেবল ট্রাস্ট হিসেবে রেজিস্ট্রেশন পেয়েছে বলেও সভায় জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, বর্তমান কার্যনির্বাহী কমিটি গত নির্বাচনে ট্রাস্টিবৃন্দের কাছে যে অঙ্গীকার করেছিল তার অধিকাংশই ইতোমধ্যে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও শিক্ষা, সমাজকল্যাণ ও মানবসেবামূলক কর্মকাণ্ডে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করা হয়। সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টের ট্রেজারার আখলাকুর রহমান, সহসভাপতি মুহাম্মদ মিসবাহ উদ্দিন, প্রফেসর ফরিদ আহমদ, যুগ্ম সম্পাদক আবদুর রহিম রঞ্জু, মো. কবির মিয়া, সহকারী কোষাধ্যক্ষ মো. হাসিনুজ্জামান নুরু, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরিফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ দৌলত হোসাইন, কার্যনির্বাহী সদস্য আবুল হুসাইন, খালেদ খান, নেছার আলী লিলু, মো. সিরাজুল ইসলাম, মো. আব্দুস সালাম, শেখ মোবাশ্বির আলী, গিয়াস মিয়া। সভায় গত দুই বছরে সংগঠনের কার্যক্রম সফলভাবে পরিচালনা এবং সার্বিক সহযোগিতার জন্য সকল ট্রাস্টির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করা হয়।
ঝিনাইদহে জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন
ঝিনাইদহ শহরের সায়াদাতিয়া সড়কসহ বিভিন্ন পাড়া-মহল্লায় জলাবদ্ধতা নিরসন, সরকারি খাল পুনরুদ্ধার, খাল খনন, ড্রেনেজ ব্যবস্থা সংস্কার এবং নতুন ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেল ৪টায় ঝিনাইদহ শহরের পাগলাকানাই মোড়ে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সায়াদাতিয়া সড়ক, সিদ্দিকিয়া সড়ক, বদরউদ্দিন সড়ক, গণি মাস্তান সড়ক, উপশহর এলাকাসহ শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় সামান্য বৃষ্টিতেই ঘরবাড়ি ও সড়ক পানিতে তলিয়ে যায়। এতে জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। বক্তারা অভিযোগ করেন, প্রতিবছর পৌরবাসী কোটি কোটি টাকা পৌরকর পরিশোধ করলেও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠেনি। বর্ষা মৌসুমে ড্রেন পরিষ্কারের পর কাদা সড়কে ফেলে রাখায় চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয় এবং দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পায়। ঝিনাইদহ কেন্দ্রীয় কবরস্থানসহ শহরের বিভিন্ন এলাকাও জলাবদ্ধতায় আক্রান্ত হয় বলে তারা উল্লেখ করেন। তারা দ্রুত সরকারি খাল পুনরুদ্ধার, খাল খনন, বিদ্যমান ড্রেনেজ ব্যবস্থার সংস্কার এবং নতুন ড্রেন নির্মাণের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ পৌরসভা ঘেরাও করা হবে বলে ঘোষণা দেন। মানববন্ধনে বক্তব্য দেন ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক আবুল বাসার, সহ-সভাপতি আবদুল ছবুর হোসেন, সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দিন মুন্না, প্রচার সম্পাদক আল মিরাজ, সহ-প্রচার সম্পাদক ইনজামুল হক, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আলমগীর হোসেন, সাংবাদিক আসাদ মণ্ডল এবং সাংবাদিক সুরুজ বাঙালী। এছাড়াও সংগঠনের সদস্য সোহাগসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী নারীরা মানববন্ধনে অংশ নেন।
কালীগঞ্জে বিশ্বজনসংখ্যা দিবসের আলোচনা সভা
গাজীপুরের কালীগঞ্জে “তরুণদের আশা আকাক্সক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” প্রতিপাদ্যে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও ক্রেস প্রদান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছা. নাহিদা খাতুনের সার্বিক তত্বাবধানে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারোয়ার লিমা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সরকারী হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ফারজানা হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃআল-আমিন দেওয়ান, নাগরী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কুহিনুর বেগম, পরিবার কল্যাণ সহকারী নাদিয়া আঞ্জুম, পরিবার কল্যাণ পরিদর্শিকা নাজমুন নাহার কলি, উপজেলা কমিউনিটি মেডিক্যাল অফিসার কানিছ ফাতেমা, পরিবার কল্যাণ পরিদর্শক রাকিবুল ইসলাম। উপজেলা মহিলা সংস্থার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, ডাঃ আল-আমিন হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আতাউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সামসুজ্জামান সহ পরিবার পরিকল্পনার কর্মকর্তার কার্যালয়ের অধীন সকল কর্মচারী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, তরুণ প্রজন্ম দেশ ও জাতির ভবিষ্যৎ। কেননা তরুণরাই একসময় পরিণত মানুষ হয়। ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে এদের ক্ষমতায়ন ন্যায় ভিত্তিক সমাজ গঠন ও প্রতিশ্রæতি বাস্তবায়নের মাধ্যমে পছন্দের পরিবার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ প্রজন্ম খুবই আশাবাদী এবং পছন্দ অনুযায়ী জীবন সাজাতে আগ্রহী। তরুণদের পছন্দের পরিবার এবং সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে তাদের সঠিক পরিচর্যা করতে হবে। তরুণদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মের অধিকার নিশ্চিত করতে তাদের কথা শোনা এবং তাদের বৈধ চাহিদাকে গুরুত্ব দেয়ার এখনই উপযুক্ত সময়। সভায় কর্মদক্ষতা স্বরুপ শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে নাজমুন্নাহার, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা নাজমুন্নাহার কলি, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হয়েছেন মো. রফিকুল ইসলাম, শ্রেষ্ঠ বক্তারপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, শ্রেষ্ঠ উপ-সহকারী মেডিকেল অফিসার কানিজ ফাতেমা, শ্রেষ্ঠ নাগরী ইউনিয়ন পরিষদ শ্রেষ্ঠদের মধ্যে ক্রেস প্রদান করা হয়।
কুষ্টিয়ায় মাদক/বিরোধী অভিযানে চার মাদক/সেবী আটক, ভ্রাম্য/মাণ আদালতে কারা/দণ্ড
কুষ্টিয়ার সদর ও কুমারখালী উপজেলায় পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। রোববার (১২ জুলাই) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়ার “খ” সার্কেলের উদ্যোগে কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতেঘরিয়া এবং কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া লালনের মাঠ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আটক ব্যক্তিরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতেঘরিয়া গ্রামের মো. হাবিব (২১), রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া গ্রামের মো. আশফাক আলম (৩৪), কুষ্টিয়া সদর উপজেলার থানাপাড়া এলাকার মো. মানিক (৩৩) এবং কুমারখালীর জয়নাবাদ চরপাড়া গ্রামের মো. খাদিমুল ইসলাম (৪৯)। অভিযান চলাকালে তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খবির আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপপরিদর্শক মো. ইকবাল হোসেন ও মো. আসিফুজ্জামান অংশ নেন। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উপস্থাপন করা হলে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. জাকিউল আলম এবং মেহেদী হাসান রিফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত চার আসামির প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। রায় কার্যকরের জন্য তাদের কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূল ও মাদক ব্যবসা প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকৃতির বৈরী সময়কে উপেক্ষা করেও বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে সেবাদান
প্রকৃতির বৈরী সময়কে উপেক্ষা করেও বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে সেবাদান সবুজ অরণ্য / বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি-ঃ মানুষের পাঁচটি মৌলিক চাহিদার মধ্যে অন্ন আর বস্ত্রের পর যে চাহিদাটি একান্ত অপরিহার্য হিসেবে দেখা দেয় তা হল চিকিৎসা। চিকিৎসার অপ্রতুলতার কারণে কত জীবনই না অকালে ঝরে যায়। গত রবিবার মধ্যরাত থেকে সারা দেশের মতো শহরতলি বোয়ালখালীর প্রায় সকল জনপদ তলিয়ে গেছে অতি বর্ষণ, পাহাড়ি ঢল আর কর্ণফুলীর জোয়ারের পানিতে। ডুবে গেছে লক্ষাধিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার একমাত্র অবলম্বন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের করিডোর, জরুরি বিভাগ, এ্যাম্বুলেন্স রাখার স্থান এমনকি তত্বাবধায়কের কক্ষের সম্মুখভাগ। তবুও থেমে থাকেনি স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম। আজ (১২ জুলাই) রবিবার সকালটা শুরু হয়েছিল অন্যসব দিনের মতই মানব সেবার ব্রত নিয়ে। সময় গড়িয়ে গিয়ে ঘড়ির কাটাটা পৌঁছে দুপুর ১২টার ঘরে। অর্থোপেডিক্স কনসালটেন্ট ডা. স্বরুপানন্দ চক্রবত্তীর অন্যবদ্য পেশাদারিত্ব আর আন্তরিকতায় পরিচালিত হয় মেজর অর্থো- সার্জারী অপারেশন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডা. মামুনুল হক মামুন'র তত্ত্বাবধান আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বোয়ালখালীর সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত অপারেশনে সার্বিক সহযোগীতা করেন এনেস্থেসিয়া কনসালটেন্ট ডা. আয়াজ মাহমুদ, সিনিয়র স্টাফ নার্স মোছাম্মৎ নাছরিন আকতার, ওটি এটেনডেন্ট মোহাম্মদ সালাউদ্দিন। এদিকে আজ সপ্তাহ শেষেও যখন অতিবৃষ্টির কারণে স্বস্তি ছিলোনা জনজীবনে, প্লাবিত হচ্ছিল উপজেলার নতুন নতুন এলাকা। যে মুহুর্তে মানুষ মরিয়া হয়ে ছুটছে মাথা গোঁজার ঠাঁই খুঁজতে। এমন পরিস্থিতিতে বোয়ালখালীবাসীর স্বাস্থ্যসেবা নিরবিচ্ছিন্ন রাখতে দূ্র্যোগ প্রবণ এলাকাসহ ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করার উদ্যোগ নেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক মামুন। আজ বৃষ্টিস্নাত সকালে মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার ইসলাম, ডা. হাসান, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) এস.এম জিহাদ বাবলু, মোহাম্মদ নাজমুল আর মোহাম্মদ সোহাগকে সাথে নিয়ে উপজেলার পোপাদিয়া ও চরনদ্বীপ ইউনিয়নের বেশ কয়েকটি স্বাস্থ্যসেবাকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। এসময় কেন্দ্রগুলোতে খাওয়ার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ টেবলেট, বিশুদ্ধ খাওয়ার পানি, জীবন রক্ষাকারি ঔষধ সরবরাহ করা হয়। এ প্রসঙ্গে জানতে চাইলে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক মামুন বলেন, 'অতি বর্ষণ আর বন্যায় উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে। আমাদের স্বাস্থ্যকর্মীদের আন্তরিক সেবার মাধ্যমে ইতিপূর্বে প্রায় সত্তর শতাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে, বাকিদের অবস্থাও উন্নতির দিকে। কিছু রোগী সাপে কাটা আবার বাকি কিছু রোগী সন্দেহ করছে তাদের সাপে কেটেছে, তাদের আলাদা রেখে চিকিৎসা দেয়া হচ্ছে, পাশাপাশি আমরা তাদের পর্যবেক্ষণ করছি।' উল্লেখ্য যে, জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম'র জরুরী স্বাস্থ্যসেবা চলমান রাখার নির্দেশনা পরবর্তী গত (৯ জুলাই) বৃহস্পতিবার আকস্মিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন ডেপুটি সিভিল সার্জন ডা. সৌনম বড়ুয়া। প্রসঙ্গত; বিগত কয়েক দশক ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার মান তলানিতে গিয়ে ঠেকার পর সদ্য বিদায়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি'র আন্তরিক প্রচেষ্টা, পেশাদারি মনোভাব আর নিরবিচ্ছিন্ন সেবায় চিকিৎসা সেবা প্রার্থীদের আস্থা ফিরে আসে।