রংপুর মেডিকেলকে দালালমুক্ত করতে ৩০ দিনের রোডম্যাপ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১০:০৬ পিএম

রফিকুল ইসলাম সাবুল :রংপুর প্রতিনিধি

 

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে দালালমুক্ত করা, জনবল সংকট দূর করা এবং ১ হাজার শয্যার পূর্ণাঙ্গ অবকাঠামো গড়ে তুলতে আগামী ৩০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ তৈরি ও প্রকাশের ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। 

 

রোববার (১৬ আগস্ট) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে ১৪ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ছয়তলা আইসোলেশন ভবনের ফলক উন্মোচন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের প্রায় চার কোটি মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান প্রতিষ্ঠান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। বহির্বিভাগ থেকে ভর্তি রোগী পর্যন্ত প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে জরুরি চিকিৎসা সরঞ্জাম সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

তিনি বলেন, হাসপাতালকে দালালমুক্ত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। রোগী ও স্বজনেরা যাতে কোনো ধরনের হয়রানি বা প্রতারণার শিকার না হন, সে বিষয়েও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, শুধু নতুন ভবন নির্মাণ করলেই হাসপাতালের সেবার মান বাড়বে না। চিকিৎসক, নার্স ও কর্মচারীদের কর্মস্থলে উপস্থিতি এবং দায়িত্ব পালনে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এ জন্য হাসপাতালের সামগ্রিক সেবাব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে আগামী ৩০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ তৈরি করে তা প্রকাশ করা হবে।

 

তিনি আরও বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যার পূর্ণাঙ্গ হাসপাতালে রূপ দিতে প্রয়োজনীয় অবকাঠামো, জনবল ও চিকিৎসা সরঞ্জামের বিষয়গুলো রোডম্যাপে অন্তর্ভুক্ত করা হবে।

ফলক উন্মোচন অনুষ্ঠানে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানসহ পেশাজীবী চিকিৎসক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com