বাংলাদেশ বার্তা টুডে
কালীগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির সতর্ক অবস্থান
(২২ জুন ) ঝিনাইদহ কালীগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং মাঠ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থান নিয়েছে বিএনপি ও এর অঙ্গসংগঠন। এরই অংশ হিসেবে কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলনের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা এলাকায় একটি বিশাল মোটরসাইকেল মহড়া দিয়েছেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে যেন কোনো ধরনের উসকানিমূলক পরিবেশ তৈরি না হয়, সেজন্য মাঠে সক্রিয় অবস্থানে রয়েছে যুবদল। উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়কগুলোয় এই মোটরসাইকেল মহড়া দেন। নেতাকর্মীদের বার্তা: মহড়া শেষে মিলন জানান, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী স্থানীয় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিএনপি ও যুবদল রাজপথে সদা প্রস্তুত রয়েছে। তিনি বলেন -"আমরা এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা উসকানিমূলক কর্মকাণ্ড বরদাশত করব না। সাধারণ মানুষের নিরাপত্তা ও রাজনৈতিক সহাবস্থান বজায় রাখতেই আমাদের এই সতর্ক অবস্থান।"
বদলি-পদোন্নতির আদেশেও বহাল সমালোচিত এসিল্যান্ড জসিম উদ্দিন
গাইবান্ধার সাদুল্লাপুরে অর্পিত (সরকারি) সম্পত্তি অধিগ্রহণে কোটি টাকার ক্ষতিপূরণ বিতর্ক এবং তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগে আলোচিত সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন পদোন্নতি ও বদলির আদেশ জারির পরও সাদুল্লাপুরে বহাল রয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বদলির আদেশ কার্যকর না হওয়া, প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিনের বিতর্ক এবং সাম্প্রতিক সাংবাদিক হেনস্তার ঘটনার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে পড়েছে। একই সঙ্গে বদলির পরও তিনি কেন কর্মস্থল ছাড়েননি, তা নিয়েও জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের ২০ এপ্রিলের এক প্রজ্ঞাপনে তাকে রংপুরের কাউনিয়া উপজেলায় বদলি করা হয়। একই আদেশে কাউনিয়ার সহকারী কমিশনার (ভূমি) অংকন পালকে সাদুল্লাপুরে পদায়ন করা হয়। জনস্বার্থে আদেশটি অবিলম্বে কার্যকরের কথা উল্লেখ থাকলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি নতুন কর্মস্থলে যোগদান করেননি বলে জানা গেছে। এর আগে গত ২৪ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তিনি সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পান। ৩৮তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তা ২০২৪ সালের ৩ অক্টোবর সাদুল্লাপুরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি সুন্দরগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত এসিল্যান্ডের দায়িত্বও পালন করেন। স্থানীয়দের অভিযোগ, দায়িত্ব পালনকালে তার বিভিন্ন কর্মকাণ্ডকে কেন্দ্র করে ভূমি সেবাপ্রত্যাশীদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সরকারি খাস জমি, সরকারি সম্পদ সংরক্ষণ, নামজারি ও ভূমি প্রশাসনের বিভিন্ন কার্যক্রম নিয়েও প্রশ্ন উঠেছে। সম্প্রতি ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া মৌজায় সরকারের ১/১ খতিয়ানের অর্পিত ‘ক’ তফসিলভুক্ত সম্পত্তি ব্যক্তি মালিকানাধীন দেখিয়ে প্রায় ৩ কোটি টাকা ক্ষতিপূরণ উত্তোলনের অভিযোগ নতুন করে আলোচনায় আসে। একই সম্পত্তি নিয়ে ভূমি প্রশাসনের দুটি পরস্পরবিরোধী প্রতিবেদনের বিষয়ও প্রশ্নের জন্ম দেয়। এ বিষয়ে তথ্য ও বক্তব্য জানতে গত ১৮ জুন সাদুল্লাপুর উপজেলা ভূমি কার্যালয়ে যান যমুনা টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি জিল্লুর রহমান পলাশ ও সময় টেলিভিশনের প্রতিবেদক হেদায়েতুল ইসলাম বাবু। সাংবাদিকদের অভিযোগ, এ সময় এসিল্যান্ড জসিম উদ্দিন তাদের সঙ্গে অসৌজন্যমূলক ও অপেশাদার আচরণ করেন, বুম ও ক্যামেরা সরিয়ে দেন এবং কার্যালয় ত্যাগ করতে বলেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি আমলে নেয় বিভাগীয় প্রশাসন। অভিযোগের সত্যতা যাচাইয়ে গত রোববার গাইবান্ধা সার্কিট হাউসে তদন্ত পরিচালনা করেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আশরাফুল ইসলাম। তদন্তে সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ, ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার নথিপত্র, রেকর্ড ও দলিলপত্র পর্যালোচনা করা হয়। ফলে আলোচিত ঘটনাটির বিভিন্ন দিক এখন প্রশাসনিক পর্যালোচনার আওতায় এসেছে। এদিকে, সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে শুধু অর্পিত সম্পত্তি কাণ্ডই নয়, সরকারি খাস জমি, মূল্যবান গাছ ও সরকারি সম্পদ সংরক্ষণে অবহেলার অভিযোগও রয়েছে। স্থানীয়দের দাবি, সাদুল্লাপুর মৌজার জেএল নং-৪১-এর বিআরএস ১ নং খতিয়ানভুক্ত ৫৮৯ নং দাগের সরকারি খাস জমি ও মূল্যবান মেহগনি গাছ সংরক্ষণে তার ভূমিকা প্রশ্নবিদ্ধ। সরকারি রেকর্ড ও গেজেটভুক্ত নকশায় জমিটির অস্তিত্ব স্পষ্ট থাকলেও গত ২৩ এপ্রিল সরেজমিনে তিনি জমিটি শনাক্ত করা সম্ভব নয় এবং তা “রাস্তায় মিশে গেছে” বা “খুঁজে পাওয়া যাচ্ছে না” বলে মন্তব্য করেন। অথচ তহসিলদার ও তার কার্যালয়ের স্মারক নং-৩০০ ও ৩১১-এর নোটিশে একই জমিতে সরকারি স্বার্থ ও গাছ থাকার বিষয়টি উল্লেখ রয়েছে। এ ধরনের পরস্পরবিরোধী অবস্থান জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে। এ ছাড়া জামুডাঙ্গা মৌজার জেএল নং-২২-এর বিআরএস ২৯৬ ও ১৪৪২ খতিয়ানভুক্ত জমি খাস হিসেবে চিহ্নিতকরণ নিয়েও বিতর্ক রয়েছে। এ ঘটনায় কামরুজ্জামান মণ্ডল নামে এক ব্যক্তি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ রয়েছে, প্রকৃত মালিক ও সংশ্লিষ্টদের যথাযথভাবে অবহিত না করেই লাল নিশানা ও সাইনবোর্ড টানানো হয়, যা এলাকায় ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। শুধু তাই নয়, সরকারি ১ নং খতিয়ান, ১/১ খতিয়ান ও ‘ক’ তফসিলভুক্ত জমি ব্যক্তিগত নামে নামজারির অভিযোগও উঠেছে। পাশাপাশি সেবাপ্রত্যাশীদের সঙ্গে অমার্জিত আচরণ, হয়রানি এবং একটি বিশেষ পক্ষকে সুবিধা দেওয়ার অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচিত। ফলে ভূমি প্রশাসনের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে। স্থানীয়দের মতে, প্রশাসনের প্রতি জনআস্থা পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।
সবুজ পাহাড়ের নতুন স্বপ্ন: মহালছড়িতে আড়াই লাখ চারা রোপণ করছে সেনাবাহিনী
মহালছড়ি সংবাদদাতা: খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ জুন ২০২৬) মহালছড়ি জোনের তত্ত্বাবধানে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। জানা যায়, পরিবেশের ভারসাম্য রক্ষা, ভূমিক্ষয় প্রতিরোধ এবং পাহাড়ি অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে মহালছড়ি জোনের উদ্যোগে প্রায় ২ লাখ ৫০ হাজার বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হবে। “সুন্দর-সুশৃঙ্খল ও একটি সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে” এই কর্মসূচির প্রথম পর্যায়ে মহালছড়ি উপজেলার ৪নং মাইসছড়ি ইউনিয়নের মানিকছড়ি মুসলিমপাড়ার মুন্সি আব্দুর রউফ উচ্চ বিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মো. আল-জাবির আসিফ, পিএসসি। একই দিনে মহালছড়ি উপজেলার শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়, লেমুৃছড়ি শান্তিপুর বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়, চৌংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়। পর্যায়ক্রমে মহালছড়ি জোনের আওতাধীন পাঁচটি ইউনিয়নের ১৭টি পাড়ায় স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। এসময় প্রায় ৫০০টি চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে জোন অধিনায়ক বলেন, পাহাড়ি অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আজ যে চারা রোপণ করা হচ্ছে, তা ভবিষ্যতে একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই চারাগুলো লাগিয়ে পরিচর্যা করতে হবে। তিনি পরিবেশ রক্ষায় সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলার আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা
ঝিনাইদহের কালীগঞ্জে চাঞ্চল্যকর চার বছর বয়সী শিশু তাবাচ্ছুমকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার মামলায় একমাত্র আসামি আবু তাহেরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। সোমবার বেলা ১১.৫০ টার দিকে জেলা ও দায়রা জজ ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহুজ্জামান জনাকীর্ণ আদালতে এই আলোচিত রায় ঘোষণা করেন। রায়ে আদালত আসামিকে ফাঁসির আদেশের পাশাপাশি ৫ লাখ টাকা জরিমানা করেন। জরিমানার এই টাকা আসামির সম্পত্তি বিক্রি করে আদায় করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া হত্যার পর লাশ গুম করার অপরাধে আসামিকে আরও ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এদিকে ঘটনা সংঘটিত হওয়ার পর থেকে রায় ঘোষণা পর্যন্ত ১১৬ দিনের (৩ মাস ২৬ দিন) মধ্যে এই মামলার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন ও রায় ঘোষণা হলো, যা ঝিনাইদহের আদালতে এক অনন্য নজির। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু তাহের কালীগঞ্জ উপজেলার ফারাসপুর গ্রামের শফি উদ্দীনের ছেলে। হত্যাকাণ্ডের শিকার ৪ বছর বয়সী শিশু তাবাচ্ছুম মূলত মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার নজরুল ইসলামের মেয়ে। তবে শিশুটির পরিবার দীর্ঘদিন ধরে কালীগঞ্জের বারবাজার এলাকার বাদেডিহি গ্রামে ভাড়া বাসায় বসবাস করছিলেন। তাবাচ্ছুমের পিতা নজরুল ইসলাম স্থানীয় একটি দর্জির দোকানের কর্মচারী এবং মাতা হালিমা খাতুন বেসরকারি সংস্থা ‘ওয়েব ফাউন্ডেশন’-এ কর্মরত আছেন। আদালত ও মামলায় রায় সূত্রে জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি কালীগঞ্জ উপজেলার বাদেডিহি গ্রামে চিপস ও জুস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশু তাবাচ্ছুমকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী ভাড়াটিয়া আবু তাহের। একপর্যায়ে শিশুটি চিৎকার করতে গেলে তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে পাশের একটি বিদ্যালয়ের সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখা হয়। ঘটনার পরদিনই পুলিশ আসামি আবু তাহেরকে কুষ্টিয়া শহরে তার ভাইয়ের ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে এবং তদন্ত শেষে গত ২৬ মে আদালতে চার্জশিট দাখিল করেন তাবাসসুম হত্যা মামলার দতন্ত কর্মকর্তা পরিদর্শক জেল্লাল হোসেন। গত ১৬ জুন মামলার চার্জ গঠন, ১৭ জুন সাক্ষ্য গ্রহন এবং ২১ জুন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ সোমবার রায় ঘোষনার দিন ধার্য্য করে আদালত। সরকার পক্ষে পিপি অ্যাড আকিদুল ইসলাম ও আসামি পক্ষে রাষ্ট্র নিযুক্ত (স্টেট ডিফেন্স) অ্যাডভোকেট আশরাফুল ইসলাম মামলাটি পরিচালনা করেন। মোট ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে আদালত এই সর্বোচ্চ সাজার রায় প্রদান করেন। রায়ে সন্তোষ প্রকাশ করে সরকার পক্ষের আইনজীবী এ্যাড আকিদুল ইসলাম জানান, “মাত্র ১১৬ দিনে এই রায় ঘোষণার মাধ্যমে ঝিনাইদহের বিচারব্যবস্থায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হলো এবং সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ হলো।” অন্যদিকে, শিশু তাবাচ্ছুমের পিতা নজরুল ইসলাম ও মা হালিমা খাতুন রায়ে সন্তোষ প্রকাশ করেন এবং আসামি আবু তাহেরের ফাঁসি দ্রুত কার্যকর করার দাবি জানান।
দীঘিনালা সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিতরণ করা হয় ৩ হাজার ৬০০ টি চারা গাছ
খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনী জোনের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ২১ই জুন রোজ রবিবার দীঘিনালা জোনের তারাবুনিয়া নিউজিল্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দীঘিনালা জোন কমান্ডার লে. কর্ণেল আল-আমিন উপস্থিতিতে আয়োজিত এ কর্মসূচিতে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন প্রজাতির প্রায় ৩ হাজার ৬০০টি ফলজ,বনজ,ঔষধি বৃক্ষের চারা বিতরণ করেন। জোন অধিনায়ক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা,ভবিষ্যতে প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। পাশাপাশি স্থানীয় সকলকে নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম বৃদ্ধির জন্য আহবান জানান। বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, বাজার চৌধুরী জেসমিন চাকমাসহ স্থানীয় পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর প্রতিনিধিরা। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ
কালীগঞ্জে উন্নয়ন সহায়তা উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ
ঝিনাইদহ কালীগঞ্জে উপকরণ খাতের বিশেষ বরাদ্দের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রকৃত উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন, ব্যাটারিচালিত কীটনাশক স্প্রে মেশিন ও ফুটবল বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "তৃণমূল পর্যায়ের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, নারীদের স্বাবলম্বী করা, আধুনিক কৃষির প্রসার এবং যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতেই সরকারের এই বিশেষ উদ্যোগ। এই সামগ্রীগুলোর সঠিক ব্যবহারের মাধ্যমে আমাদের এলাকার অর্থনীতি আরও গতিশীল হবে।" সেলাই মেশিন: গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করে তুলতে। ব্যাটারিচালিত কীটনাশক স্প্রে মেশিন: কৃষকদের শ্রম লাঘব এবং আধুনিক উপায়ে ফসল সুরক্ষার জন্য। ফুটবল: যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে মাঠমুখী করতে এবং সুস্থ ক্রীড়া চর্চায় উৎসাহিত করতে। অনুষ্ঠানে উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপকারভোগীদের মুখে এই আনন্দ ও স্বস্তির হাসিই আমাদের আগামী দিনের কাজের মূল প্রেরণা।
গাইবান্ধা সাঘাটায় প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচন কেন্দ্র করে হত্যা
গাইবান্ধার সাঘাটায় একটি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন নিয়ে বিরোধের জেরে সাইফুল ইসলাম (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২১ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার বোনারপাড়া চৌরাস্তা মোড়ে এই হামলার ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি এবং শিমুল তাইড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে। এই হামলায় সালাউদ্দিন নামে আরও এক কর্মী গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বোনারপাড়া চৌরাস্তা মোড়ে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহর সঙ্গে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন নিয়ে বাটি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মুকুলের কথা-কাটাকাটি হয়। এ সময় সাইফুল ও সালাউদ্দিন সেখানে উপস্থিত ছিলেন এবং তারা এই ঘটনার প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে মুকুল, তার ভাই পলাশ ও সহযোগী আশরাফ তাদের ওপর চড়াও হন এবং ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে সাইফুলকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত সালাউদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সাঘাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম হোসেন এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় বোনারপাড়ায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িত অন্যদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
ঝিনাইদহ জেলা অপরাধমুক্ত গড়ে তোলা হবে নবাগত পুলিশ সুপার
ঝিনাইদহ জেলাকে শান্ত, নিরাপদ এবং অপরাধমুক্ত হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন জেলার নবাগত পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান। রবিবার (২১ জুন) সকাল ১১ টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ অঙ্গীকার করেন। মতবিনিময়কালে নবাগত পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে বলেন,-' মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। ঝিনাইদহকে মাদকমুক্ত করতে যা যা করণীয়, তার সবটুকুই পুলিশ বিভাগ থেকে করা হবে।' আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন,- 'ঝিনাইদহে শিশু নির্যাতন, আধিপত্য বিস্তার, সাইবার ক্রাইম এবং চাঁদাবাজির মতো অপরাধ দমনে পুলিশ অত্যন্ত তৎপর থাকবে। তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো ব্যক্তির দায় পুলিশ নেবে না। আমি এখানে কাজ করতে না পারলে দায়িত্ব নিয়ে বসে থাকব না, চলে যাব।' আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকসহ জেলাবাসীর সহযোগিতা কামনা করে তিনি আরও বলেন, একটি নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে সাংবাদিকরা পুলিশের সহযোগী হিসেবে কাজ করবেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান তিনি এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাবেক সভাপতি আসিফ কাজল, দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক শহিদুল ইসলাম, একুশে টিভির এম রায়হান, এসএ টিভির ফয়সাল,জিটিভির ওলিয়ার রহমান,বৈশাখী টিভির রফিকুল ইসলাম আহম্মেদ,চ্যানেল ২৪ সাদ্দাম হোসেন,বাসস প্রতিনিধি শাহাজাহান নবীন,বাংলাদেশ বেতারের সংবাদদাতা আহসান কবিরসহ জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ছাত্রীর সঙ্গে অনৈতিক কাজের জন্য শিক্ষক কে সাময়িক বরখাস্ত
গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার খোদ্দকোমরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর সঙ্গে অনৈতিক কাজের জন্য বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোঃ ইয়াসিন আলী খান কে সাময়িক বরক্ষাস্ত করেছে বিদ্যালয় কতৃপক্ষ। স্থানীয় এবং বিদ্যালয়ের ছাত্র ছাত্রী দের সুত্রে জানাযায়, গত১৪/০৬/২৬ ইং তারিখে অত্র বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোঃ ইয়াসিন আলী খান ইনডেক্স নাম্বার ৩২২৩০০ অষ্টম শ্রেণির ছাত্রী বৃষ্টি সরকার এর সাথে অনৈতিক আচরণ করেন। উক্ত বিষয়টি শিক্ষির্থীর পরিবার ও অন্যান্য অবিভাবকদের মধ্যে জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। যার ফলশ্রুতিতে আজ রোজ রবিবার বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ক্লাস বর্জন করে অবিভাবক এলাকাবাসী সঙ্গে বিক্ষোভ শুরু করে। এর পুর্বেও তার বিরুদ্ধে এ ধরণের অভিযোগ উঠেছিল। পরবর্তীতে বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষে অভিযুক্ত শিক্ষক কে সাময়িক বরক্ষাস্তের সিদ্ধান্ত গ্রহণ করেন।
কালীগঞ্জে ১৯৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
কালীগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী বি শেষ অভিযানে শহরের কলেজ পাড়া এলাকা থেকে ১৯৫ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে কালীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল কলেজ পাড়া এলাকায় এই ঝটিকা অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে উক্ত মাদকদ্রব্যসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এলাকাবাসীর দাবি, মাদকের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান যেন চলমান থাকে, যাতে তরুণ সমাজকে এই মরণনেশা থেকে রক্ষা করা যায়।
ঝিনাইদহে রেল লাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন
ঝিনাইদহ জেলা শহরে রেল লাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২০ জুন) সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ জেলা রেল লাইন ও মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটি। মানববন্ধনে সংগঠনটির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ঝিনাইদহবাসী রেল যোগাযোগ থেকে বঞ্চিত। একইসঙ্গে জেলায় একটি মেডিকেল কলেজ না থাকায় উন্নত চিকিৎসা ও চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে এ অঞ্চলের মানুষ। জেলার সার্বিক উন্নয়ন ও জনস্বার্থে দ্রুত রেল লাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানান তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন বাস্তবায়ন কমিটির সভাপতি এন.এম. শাহজালাল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু, পরিবেশবিদ খন্দকার গিয়াস উদ্দিন, বাসদ নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান, শারমীন সুলতানা, আব্দুস সালাম, আব্দুল জলিলসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ঝিনাইদহে রেল লাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
ঝিনাইদহে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
গাইবান্ধার পলাশবাড়িতে শ্রীরামচন্দ্রের অবমাননা ও মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাদের নেতৃত্বে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার (২০জুন) শহরের কেন্দ্রীয় শহীদ মিনার ও কালীগঞ্জ উপজেলা শহরে এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ঝিনাইদহ জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কানন কুমার দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাবেক যুবলীগ নেতা বিনয় কৃষ্ণ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক সাবেক মেয়র মিন্টুর বিশ্বস্ত সহচর চন্দন বসু মুক্ত, সদস্য সচিব ওয়ার্কাস পার্টির অরুণ কুমার ঘোষ, যুগ্ম আহ্বায়ক ও আলীগ নেতা প্রসেনজিৎ ঘোষ শিপন, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সাধন সরকার, ছাত্র ঐক্য পরিষদের সভাপতি বিনয় কুমার বিশ্বাসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে একই দাবীতে জেলার কালীগঞ্জ উপজেলা শহরে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাবু রবীন্দ্রনাথ দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রশান্ত কুমার খাঁ, বিল্লব বিঞ্চু, সুরজিৎ কুমার মন্ডল, এনজিও নেতা শিবুপদ বিশ্বাস, পংকজ সাহা ( কালীবাড়ি), অমিত শিকদার, বলরাম দাস, মিঠুন পাল, প্রান্ত বিশ্বাস ও দিবস কুমার পাল। বক্তারা গাইবান্ধার পলাশবাড়ী এলাকায় সংঘটিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উপাসনালয় নিয়ে উসকানিমূলক কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
হরিণাকুণ্ডুে আওয়ামী লীগ এবং বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে আওয়ামী লীগ এবং বিএনপি সমর্থকদের মধ্যে এক ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন। আহতদের হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২০ জুন) সকালে উপজেলার ফলসী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এই সংঘাতের ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে এক সন্দেহের জেরে স্থানীয় আওয়ামী লীগ নেতা রকিবুল ইসলামকে মারধর করা হয়। রকিবুল ইসলাম ফলসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বজলুর রহমানের ছোট ভাই। এই ঘটনারই রেশ ধরে আজ শনিবার সকালে বোয়ালিয়া গ্রামে ইউপি চেয়ারম্যান বজলুর রহমান (আওয়ামী লীগ) এবং সাবেক ইউপি সদস্য মশিয়ার রহমান (বিএনপি)-এর সমর্থকদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের যারা আহত হয়েছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন— ছানোয়ার হোসেন ছনো (৫৫), মিজান আলী (৪৫), বিভান আলী (২২), ঝন্টু মিয়া (৪৫), মতিয়ার রহমান (৫০), আক্তার মোল্লা (৩২), রাশিদুল ইসলাম (৩৫), বরকত মোল্লা (৪০), ফেন্টু মিয়া (৫০), মশিয়ার মেম্বার (৪২), গোলাপফার (৪৯), তোজিবার মোল্লা (৬৫), কবির মন্ডল (৩০), রুবেল মন্ডল (৩২), কাবিল (৪০), তোতা মিয়া (৩৪), নুর আলী (৫৪) এবং বাচ্চু মিয়া (৩২)। হাসপাতাল সূত্র জানায়: আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৫ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে এবং ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। উভয় পক্ষের বক্তব্য ও পুলিশের পদক্ষেপ ঘটনার বিষয়ে জানতে চাইলে বিএনপি সমর্থিত সাবেক ইউপি সদস্য মশিয়ার রহমান অভিযোগ করে বলেন: "একটি অত্যন্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যানের লোকজন পরিকল্পিতভাবে আমাদের সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের প্রায় ৬-৭ জন গুরুতর আহত হয়েছেন।" তবে এই অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বজলুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। হরিণাকুণ্ডু থানার ওসি (তদন্ত) অসিত কুমার রায় জানান: "ঘটনাটি শোনার পরপরই বোয়ালিয়া গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে। তবে এই ঘটনায় এখনো কোনো পক্ষের কাছ থেকে থানায় লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
পুঠিয়ায় জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ
রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোকড়াকুল মৌজায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর, লুটপাট, বসতভিটার জায়গা দখল, পুকুরের মাছ ধরে নেওয়া এবং গাছপালা কেটে ফেলার অভিযোগ উঠেছে।
কালীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাইকপাড়া বটতলা এলাকা থেকে এক অজ্ঞাত পরিচয় বয়স্ক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৯ জুন) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকালে ওই বৃদ্ধের গায়ে শার্ট ও পরনে চেক লুঙ্গি স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পাইকপাড়া বটতলা এলাকায় এক বৃদ্ধের মৃতদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেন। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পরে মৃতদেহটি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এই বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যাবে। নিহত ব্যক্তির পরিচয় সনাক্তের জন্য পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।