লাইসেন্সহীনতা ও পরীক্ষার রিপোর্টে অসঙ্গতি: পঞ্চগড়ে মেডিকেয়ার ডায়াগনস্টিক বন্ধ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৫:০৫ পিএম
পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ
পঞ্চগড়, ১২ আগস্ট ২০২৬: রোগীর পরীক্ষার রিপোর্টে বড় ধরনের অসঙ্গতি এবং বৈধ ও হালনাগাদ লাইসেন্স না থাকায় পঞ্চগড় জেলা শহরের তেঁতুলিয়া রোডের আনোয়ার প্লাজায় অবস্থিত ‘মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার’ সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
বুধবার (১২ আগস্ট) সকালে জেলা স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধি দল অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শন করে। এ সময় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ প্রয়োজনীয় হালনাগাদ কাগজপত্র ও বৈধ লাইসেন্স দেখাতে ব্যর্থ হয়। পরে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার লিখিত নির্দেশ দেওয়া হয়।
ঘটনার সূত্রপাত গত ১০ আগস্ট। লিভারের সমস্যায় ভোগা সাইদুজ্জামান রেজা (৪৪) পঞ্চগড় মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালে SGPT পরীক্ষা করান। সেখানে তার রিপোর্টে ফলাফল আসে ১২৭ U/L। একই দিন ফলাফল নিশ্চিত করতে তিনি মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে পুনরায় পরীক্ষা করালে রিপোর্টে SGPT-এর মাত্রা দেখানো হয় ২৬.৭ U/L।
দুটি রিপোর্টের মধ্যে বড় ধরনের পার্থক্য থাকায় সন্দেহ তৈরি হলে পরদিন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে তৃতীয়বার পরীক্ষা করান তিনি। সেখানে SGPT-এর ফলাফল আসে ১২১ U/L।
এ ঘটনায় মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলে এবং ভুল রিপোর্টের কারণে শারীরিক ও মানসিক ক্ষতির পাশাপাশি ভুল চিকিৎসার ঝুঁকি তৈরি হয়েছে—এমন অভিযোগে ১১ আগস্ট পঞ্চগড়ের সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ করেন সাইদুজ্জামান রেজা।
অভিযোগের পর বিষয়টি যাচাই করতে বুধবার স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি দল প্রতিষ্ঠানটিতে পরিদর্শনে যায়। পরিদর্শনকালে প্রয়োজনীয় বৈধ ও হালনাগাদ লাইসেন্স না পাওয়ায় প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়। পরে প্রতিষ্ঠানটির সামনে এ সংক্রান্ত নোটিশ টানিয়ে দেওয়া হয়।
পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোগীর লিখিত অভিযোগের পর তদন্তে প্রতিষ্ঠানটির হালনাগাদ ও বৈধ লাইসেন্স পাওয়া যায়নি। জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধ লাইসেন্স সম্পন্ন না করা পর্যন্ত প্রতিষ্ঠানটি চালু করা যাবে না।
সিভিল সার্জন কার্যালয়ের স্মারক নং-সিএ-স/পঞ্চ/প্রশা/২০২৬/৯৪৫-এর মাধ্যমে প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।