কুয়াকাটা উপকূলে একটি ইলিশ মূল্য ৬ হাজার ৮২৫ টাকা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৫:০৮ পিএম

কলাপাড়া প্রতিনিধি:

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। শুক্রবার সকালে এফবি জারিফ-তারিফ নামের ট্রলারে মাছ ধরার সময় জেলে দেলোয়ার মাঝির জালে ধরা পড়ে মাছটি।

 

পরে মাছটি মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে আনা হলে নিলামে ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি হয়। হিসাব অনুযায়ী, মাছটির প্রতি মণ দাম দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা।

 

দুপুরে মাছটি মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের মেসার্স মনোয়ারা ফিশ আড়তে তোলা হলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী ফারুক হোসেন সর্বোচ্চ দর দিয়ে মাছটি কিনে নেন। তিনি জানান, মাছটি ঢাকার বাজারে বিক্রির জন্য পাঠানো হবে।

 

মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ম্যানেজার সগির আকন বলেন, “বড় আকারের ইলিশের আলাদা চাহিদা রয়েছে। তাই মাছটি প্রতি মণ ১ লাখ ৩০ হাজার টাকা দরে বিক্রি হয়েছে।”

 

জেলে দেলোয়ার মাঝি জানান, ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে প্রায় ১৫ দিন বৈরী আবহাওয়ার কারণে সাগরে যেতে পারেননি। আবহাওয়া অনুকূলে আসায় মাছ ধরতে গিয়ে অন্যান্য মাছের সঙ্গে জালে ধরা পড়ে বড় এই ইলিশটি। তিনি বলেন, “এ বছর বড় ইলিশ তুলনামূলক কম পাওয়া যাচ্ছে। তারপরও এমন একটি মাছ পেয়ে আমরা খুবই আনন্দিত।”

 

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের খবর। তিনি জানান, গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় এলাকাতেও এখন বড় ইলিশ মিলছে। সামনের দিনগুলোতে জেলেদের জালে আরও বেশি ইলিশ ধরা পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com