ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ এএম

রিপন কান্তি গুণ, নেত্রকোনা;

নেত্রকোনায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেয়ার কথা বলে কয়েকজনের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগে সাদিয়া আক্তার (২২) নামের এক নারী নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রকোনা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জেলা শহরের কুড়পাড় এলাকা থেকে (৮ সেপ্টেম্বর) মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ।

আটক হওয়া সাদিয়া আক্তার নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, সাদিয়া আক্তার কুড়পাড় এলাকার কয়েকজনকে বর্তমান সরকারের কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে ৩ হাজার টাকা করে নেন বলে অভিযোগ ওঠে। পরে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দিলে তারা সাদিয়াকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলে পাঁচজনের কাছ থেকে তিন হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে নেত্রকোনা সদর সার্কেলের কর্মকর্তা সজল কুমার সরকার জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পেরেছি, ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলে সাদিয়া আক্তার পাঁচজনের কাছ থেকে তিন হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

তিনি বলেন, বিষয়টি পুলিশ যাচাই-বাছাই করছে। পরবর্তীতে অভিযোগ পাওয়া গেলে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com