নেত্রকোনায় সারের দোকানে অনিয়ম, ছয় ব্যবসায়ীকে জরিমানা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পিএম
রিপন কান্তি গুণ, নেত্রকোনা;
নেত্রকোনার বারহাট্টায় লাইসেন্স ছাড়া সার বিক্রি, ক্রয়-বিক্রয়ের রশিদ যথাযথভাবে সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ছয় ব্যবসায়ীকে পৃথক ছয়টি মামলায় মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার আসমা ও চিরাম ইউনিয়নে সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাজেদুল ইসলাম। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে দুই ইউনিয়নের বিভিন্ন সারের দোকান পরিদর্শন ও মনিটরিং করা হয়। এ সময় লাইসেন্স ছাড়া সার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ‘সার ব্যবস্থাপনা আইন-২০০৬’ এর ৮(২) ধারায় জরিমানা করা হয়।
এছাড়া ক্রয়-বিক্রয়ের রশিদ যথাযথভাবে সংরক্ষণ না করায় আরও দুই ব্যবসায়ীকে ‘কৃষি বিপণন আইন-২০১৮’ এর ১৯(১)(ঞ) ধারায় জরিমানা করা হয়।
অন্যদিকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বা পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে আরও দুই ব্যবসায়ীর বিরুদ্ধে -ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯’ এর ৪০ ও ৫১ ধারায় ব্যবস্থা নেওয়া হয়। এভাবে ছয়টি মামলায় ছয় ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বারহাট্টা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেদুল ইসলাম বলেন, কৃষকদের স্বার্থ সুরক্ষায় সারের দোকানে তদারকি ও এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।