বান্দরবানে প্রাইভেটকার থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার, আটক–১

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পিএম

বান্দরবান প্রতিনিধি :

বান্দরবানে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৩০ হাজার পিস ইয়াবাসহ একটি প্রাইভেটকার ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. জাকির হোসেন (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টা ২১ মিনিটে বান্দরবান সদর থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর সাকিনস্থ তাজিংডং হোটেলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. কামরুল আজমের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাজিংডং হোটেলের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কেরানীহাট থেকে বান্দরবানের দিকে আসা একটি সাদা রঙের প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় গাড়ির চালকের আসনে থাকা জাকির হোসেনের কথাবার্তায় অসংলগ্নতা দেখতে পায় পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি গাড়িতে ইয়াবা থাকার কথা স্বীকার করেন বলে জানায় পুলিশ।

পরে তার দেখানো ও শনাক্ত মতে গাড়ির পেছনের সিটের ভেতর বিশেষ কৌশলে খাকি কসটেপ দিয়ে মোড়ানো ১৫টি পোটলা উদ্ধার করা হয়। এসব পোটলার মধ্যে ১৫০টি নীল রঙের বায়ুরোধক পলিজিপার প্যাকেট ছিল। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের হিসাবে উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ টাকা।

অভিযানে ৩০ হাজার পিস ইয়াবার পাশাপাশি ইয়াবা পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-১৬-৮৪৩৯ নম্বরের সাদা রঙের প্রাইভেটকার এবং গ্রেপ্তার জাকিরের ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির জানিয়েছেন, কক্সবাজার সীমান্তবর্তী এলাকা থেকে অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে কুমিল্লার অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রির উদ্দেশ্যে আরও তিন সহযোগীসহ গাড়িতে করে ইয়াবা পরিবহন করছিলেন তিনি।

কেরানীহাট এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা কেরানীহাট হয়ে বান্দরবানে প্রবেশ করেন। পরে বান্দরবান বাসস্টেশন এলাকায় ওই তিন সহযোগী গাড়ি থেকে নেমে পালিয়ে যায় বলে পুলিশকে জানিয়েছেন জাকির।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা, প্রাইভেটকার ও মোবাইল ফোন যথাযথ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পলাতক সহযোগী ও সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মাদকবিরোধী অভিযানে বান্দরবান পার্বত্য জেলা পুলিশ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলেও প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com