জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ যুবক আটক

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ এএম

মোহাম্মদ হোসাইন, টেকনাফ ,(কক্সবাজার):

কক্সবাজারের উখিয়ায় জেলের ছদ্মবেশে মিয়ানমার থেকে ইয়াবা পাচারের সময় ৫০ হাজার পিস ইয়াবাসহ মো. ইমরান (৩৪) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোররাতে উখিয়া ৬৪ বিজিবির পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী আনজুমানপাড়ার ফাইসা খাল নুরুল বশর ঘেরসংলগ্ন বেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করে।

আটক মো. ইমরান উখিয়া উপজেলার নলবনিয়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। তার মায়ের নাম মৃত নুরজাহান বেগম। তিনি বালুখালী ডাকঘরের আওতাধীন নলবনিয়া গ্রামের বাসিন্দা।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী আনজুমানপাড়ার ফাইসা খাল নুরুল বশর ঘেরসংলগ্ন বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে মিয়ানমার সীমান্তের দিক থেকে জেলের ছদ্মবেশে মাছের ঝুড়ি হাতে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যদের সন্দেহ হয়।

এ সময় টহল দল তাকে চ্যালেঞ্জ করলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।

আটকের পর তার হাতে থাকা মাছের ঝুড়িতে তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের পাঁচটি কার্টনে মোট ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন ও নগদ টাকাও উদ্ধার করা হয়েছে।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ইমরান মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করেছে বলে জানিয়েছে বিজিবি।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, সীমান্ত দিয়ে মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তা রক্ষায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আটক ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও বিভিন্ন ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com