পাঁচবিবিতে সরকারি অনুদানের গরু আত্মসাতের অভিযোগ: ফেসবুকের ‘অপপ্রচার’ দাবি করে সংবাদ সম্মেলন রাইটের

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৮:০৭ পিএম

মোস্তাকিন হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে সরকারি অনুদানের দুটি গরু আত্মসাতের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী জিয়াউল ফেরদৌস রাইট।

 

বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৩টায় উপজেলার অগ্রণী ব্যাংক সংলগ্ন নিজ গদি ঘরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, আসন্ন উপজেলা চেয়ারম্যান নির্বাচনে তিনি প্রার্থী হওয়ার প্রস্তুতি নেওয়ায় রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন ও মানহানির উদ্দেশ্যে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে।

 

তিনি অভিযোগ করেন, একই দিন সকাল সাড়ে ১১টার দিকে ‘খাদেমুল’ বখতিয়ার নামে একটি ফেসবুক আইডি এবং ‘জয়পুরহাট প্রতিদিন’ নামের একটি ফেসবুক পেজে সরকারি অনুদানের দুটি গরু আত্মসাতের অভিযোগ এনে পোস্ট করা হয়। এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেন তিনি।

 

জিয়াউল ফেরদৌস রাইট বলেন, আমি কোনো গরু আত্মসাৎ করিনি। যারা আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়েছে, তাদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

 

তিনি আরও বলেন, বিষয়টির নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে এবং তিনি প্রশাসনের কাছে সরেজমিন তদন্তের দাবি জানান।

 

সংবাদ সম্মেলনের পর সরেজমিনে গিয়ে দেখা যায়, আলোচিত দুটি গরুই সংশ্লিষ্ট উপকারভোগী দুই নারীর হেফাজতে রয়েছে। উপকারভোগী নিলুফা ও সুবর্ণা জানান, তারা এসডিএসের মাধ্যমে সরকারি অনুদানের গরু পেয়েছেন এবং এ জন্য কারও কাছে কোনো অর্থ দিতে হয়নি। তারা আরও বলেন, গরু রাখার নিরাপদ জায়গা না থাকায় মাঝে মধ্যে গরু দুটি নিরাপত্তার স্বার্থে জিয়াউল ফেরদৌস রাইটের বড় ভাইয়ের গোয়ালে রাখা হতো। তবে গরু দুটি সব সময়ই তাদের মালিকানায় রয়েছে এবং কেউ তা আত্মসাৎ করেননি।

 

উল্লেখ্য, গত ১৭ জুলাই বিকেল ৪টায় পাঁচবিবি মহিলা কলেজ প্রাঙ্গণে এসডিএসের উদ্যোগে এবং সমাজসেবা অধিদপ্তর বৈশ্বিক মহামারির প্রেক্ষাপটে প্রান্তিক কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত ও বিধবা-পরিত্যক্তা নারীদের আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় গবাদিপশু বিতরণ করা হয়। ওই কর্মসূচিতে উপকারভোগী নিলুফা ও সুবর্ণা দুটি গরু পান।

 

স্থানীয় সূত্রে জানা যায়, অসহায় দুই নারীকে উপকারভোগী হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য এসডিএসের কাছে সুপারিশ করেছিলেন জিয়াউল ফেরদৌস রাইট। তবে গরু আত্মসাতের অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার এবং প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে সত্য উদঘাটিত হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com