পঞ্চগড়ে মাস্টাররোল ও মজুরিভিত্তিক কর্মচারীদের মানববন্ধন, ৫ দফা দাবি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৯:১০ এএম
পঞ্চগড়, ২৬ জুলাই ২০২৬: সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত মাস্টাররোল ও দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণসহ ৫ দফা দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।
রোববার (২৬ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পঞ্চগড় জেলা মজুরিভিত্তিক কর্মচারী সমিতির ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত শতাধিক কর্মচারী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করলেও তারা এখনো স্থায়ী চাকরির সুযোগ থেকে বঞ্চিত। মাসজুড়ে কাজ করলেও পূর্ণ মাসের মজুরি পান না। পাশাপাশি নৈমিত্তিক ছুটি, মাতৃত্বকালীন ছুটিসহ বিভিন্ন মৌলিক শ্রমিক সুবিধা থেকেও তারা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন।
বক্তারা আরও বলেন, দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা-২০২৫ বাতিল করতে হবে। আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মী নিয়োগের পরিবর্তে বয়স শিথিল করে কর্মরত শ্রমিকদের নিজ নিজ প্রতিষ্ঠানে স্থায়ী নিয়োগ দেওয়ার দাবি জানান তারা।
এ সময় দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনকারীরা।
মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর ৫ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।
কর্মসূচিতে পঞ্চগড় জেলা মজুরিভিত্তিক কর্মচারী সমিতির উপদেষ্টা আবদুস সুবাহান, আহ্বায়ক তৌফিক, সদস্য সচিব উসমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।