বোয়ালখালীতে আবারও বসত বাড়িতে ঘটল চুরি ঘটনা; খোয়া গেল নগদ অর্থ আর স্বর্ণালংকার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৭:৩৫ পিএম

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি-ঃ 

মাত্র একদিনের ব্যবধানে উপজেলার পোপাদিয়া ইউনিয়নে

আবারও ঘটল চুরির ঘটনা। এ নিয়ে উপজেলার বিভিন্ন এলাকা জুড়ে সংগঠিত হল বেশ কয়েকটি চুরির ঘটনা। এতে করে একদিকে যেমন বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মাঝে উদ্বেগ আর উৎকন্ঠা, অন্যদিকে প্রশ্নবিদ্ধ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। 

 

রবিবার (২৬ জুলাই) দিবাগত গভীর রাতে

আকুবদণ্ডী গ্রামের ২ নাম্বার ওয়ার্ডের আব্দুল জলিল চৌধুরী বাড়ির সাবেক পল্লী বিদ্যুৎ কর্মকর্তা সাইফুল চৌধুরীর বসত ঘরে এই চুরির ঘটনা ঘটে।

 

ভুক্তভোগীর পরিবারিক সূত্রে জানা যায়, গৃহকর্তা সাইফুল চৌধুরী তার স্ত্রীকে নিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর একটি চিকিৎসা কেন্দ্রে যান। চিকিৎসা শেষে গভীর রাত হয়ে যাওয়ায় তাঁদের ছেলে সায়েম চৌধুরী বাবা-মাকে নগরীতে নিজের বাসায় নিয়ে যান। 

 

পরদিন সকালে বাড়িতে ফিরে তারা দেখতে পান, বাড়ির মূল দরজা বাইরে থেকে বন্ধ থাকলেও ভেতর থেকে লক করা রয়েছে। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে দেখা যায়, ঘরের আলমারি ও আসবাবপত্র তছনছ করা হয়েছে।

 

ভুক্তভোগীর ছেলে সায়েম চৌধুরী জানান, দুর্বৃত্তরা আলমারি ভেঙে নগদ ৮৫ হাজার টাকা এবং প্রায় দুই ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। পাশাপাশি ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো করে রেখে যায় চোরের দল।

 

ঘটনার খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, 'ঘটনার সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি একটি সুপরিকল্পিত ও সংঘবদ্ধ চুরির ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

 

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা রাতের নিরাপত্তা জোরদার এবং চুরির সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com