সুন্দরগঞ্জে বিকাশ এজেন্টের ৬ লাখ টাকা, মোটরসাইকেল ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৫:৩২ পিএম
গাইবান্ধা সংবাদদাতা:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক বিকাশ এজেন্টের কাছ থেকে নগদ ৬ লাখ টাকা, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বিকাশ এজেন্ট হোসেন আলী পাঁচজনের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ছিনতাইয়ের পর স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে উদ্ধারের আশ্বাস দিয়ে অর্থ নেওয়ারও অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ জুন রোববার রাত প্রায় ১১টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের নয়ন সুখ এলাকায় শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ি বার বলদিয়া গ্রামের উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা দেন হোসেন আলী। পথে শখের বাজার সংলগ্ন বদিয়ার মাঠ এলাকার একটি সেতুর ওপর পৌঁছালে মুখোশধারী ৪-৫ জন দুর্বৃত্ত তার পথরোধ করে। তাদের মধ্যে দুজন তাকে চেপে ধরে এবং অন্যরা তার ১২৫ সিসির বাজাজ মোটরসাইকেল, ব্যবসার ৬ লাখ টাকা এবং ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন ফোন ছিনিয়ে নেয়। দুটি মোবাইল ফোনের আনুমানিক মূল্য প্রায় ৩৬ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, এ সময় ওই সড়ক দিয়ে দুটি মোটরসাইকেল আসতে দেখে দুর্বৃত্তরা তাকে সেতুর নিচে নামানোর চেষ্টা করলে একজনের মুখোশ খুলে যায়। সুযোগ বুঝে তিনি অপর একজনকে ধাক্কা দিয়ে নদীতে লাফ দেন। পরে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করলে তিনি নদী থেকে উঠে শ্বশুরবাড়িতে ফিরে যান।

এরপর শ্বশুরকে সঙ্গে নিয়ে শখের বাজারে গেলে স্থানীয় মোজাফফর, সাবেক ইউপি সদস্য আলম এবং সংরক্ষিত নারী সদস্য তাহেরা খাতুন ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের আশ্বাস দিয়ে প্রথমে ২০ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ করেন হোসেন আলী। পরে আলম মেম্বার ৫ হাজার টাকা নেন বলেও তিনি অভিযোগে উল্লেখ করেন। তবে টাকা নেওয়ার পরও কোনো উদ্ধারকাজ না হওয়ায় বিষয়টি শেষ পর্যন্ত থানায় অভিযোগ হিসেবে গড়ায়।
এ বিষয়ে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য আলম বলেন, "হোসেন আলীর পক্ষ থেকে টাকা দেওয়া হয়েছিল। তবে আমরা তা গ্রহণ করিনি। পরে তার শ্বশুরের কাছে টাকা ফেরত দেওয়া হয়েছে।"
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বলেন, "এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে সুন্দরগঞ্জের বিভিন্ন এলাকায় ছিনতাই ও চুরির ঘটনা বাড়তে থাকায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। দ্রুত ঘটনার রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
আরও পড়ুন
আগ্নেয়াস্ত্রসহ র্যাবের হাতে সোনারগাঁওয়ের শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেফ/তার
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিটি পোস্টের সঙ্গে একটি করে বৃক্ষ রোপণের আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে জাবিতে হায়ার স্টাডি ক্লাবের ‘হায়ার স্টাডি ৩৬০°’ শীর্ষক দিন0ব্যাপী সেমিনার আয়োজন