গণভোট অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ, বিএনপি সরকার অবৈধ: সারজিস আলম

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৯:২৯ এএম

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, জনাব সালাহ উদ্দিন আহমেদ দেশে বিদেশে যেখানেই থাকেন এই গণভোট যদি অবৈধ হয় তাহলে আপনি স্বরাষ্ট্রমন্ত্রীও অবৈধ, বিএনপি সরকারও অবৈধ।

 

বুধবার (২২ জুলাই) রাত ১০ টায় লালমনিরহাটের কালীগঞ্জের বাণিনগর উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই পথযাত্রা শেষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

 

সারজিস আলম বলেন, আওয়ামী লীগের সময় মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট হয়েছে। পদ্মা সেতু প্রকল্পেই দশ হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। বিএনপিও খাল খননের মেগা প্রকল্প নিয়ে লুটপাট করছে। শ্রমিক দিয়ে খাল খননের কথা বলে বিএনপি'র নেতাকর্মীদের এবং যারা দশ বছর আগে মারা গেছে তাদের নামও দেওয়া হয়েছে। পরে সেই খাল তারা ড্রেজার দিয়ে খনন করেছে। সেই বালু, পাথরও তারা লুটপাট করেছে। বিএনপি'র নেতা খেতাদের টাকা না দিলে কোনো ঠিকাদার কাজ শুরু করতে পারে না।

 

তিনি আরও বলেন, প্রাইমারি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বা সদস্য হতে চাইলে বিএনপির নেতা হতে হবে। চাঁদাবাজ হোক, দুর্নীতিবাজ বা লম্পট যাই হোক, বিএনপি'র পদে থাকতে হবে। নয়তো সম্ভব নয়। 

 

রাতের নির্বাচন, ডামি নির্বাচন করা ডিসি এসপিরা ভেবেছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় এলে সচিব হবেন, উপদেষ্টা হবেন, বড় বড় পদ বাগিয়ে নেবেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে একজনেরো চাকুরি নেই বলে মন্তব্য করেছেন সারজিস আলম। 

 

এনসিপির লালমনিরহাট জেলা কমিটির সদস্য সচিব শাহ সুলতান নাসির উদ্দিন নাহিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথির বক্তব্য রাখেন, এনসিপির সদস্য সচিব রংপুর ৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com