আবু সাঈদের বিশ্ববিদ্যালয়েও বহাল পোষ্য কোটা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা ‎

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০২:১৪ পিএম

‎মোঃ শফিকুজ্জামান সোহেল, ‎রংপুর:

‎২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম প্রতীক ও আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের নিজ ক্যাম্পাস রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে এখনো বিভিন্ন কোটার আওতায় শিক্ষার্থী ভর্তি নেওয়া হচ্ছে। বিশেষ করে পোষ্য কোটা বহাল থাকায় ক্ষোভ ও প্রশ্ন তুলছেন আন্দোলনে সম্পৃক্ত শিক্ষার্থী এবং সচেতন মহল।

‎বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি ও চূড়ান্ত ভর্তি-সংক্রান্ত নোটিশে দেখা যায়, সরকার নির্ধারিত মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী কোটার পাশাপাশি পোষ্য কোটায়ও শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।

‎বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের দাবি, বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম দাবিই ছিল মেধাভিত্তিক ও বৈষম্যহীন ভর্তি ও নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করা। সেই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়েই এখনো পোষ্য কোটা বহাল থাকা আন্দোলনের চেতনার সঙ্গে সাংঘর্ষিক।

‎আবু সাঈদের সহযোদ্ধা ও বেরোবির শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, "যিনি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে জীবন দিয়েছেন, তাঁর বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তিতে পোষ্য কোটার মূল্যায়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসন যদি এ কোটা বাতিল না করে, তাহলে শিক্ষার্থীদের নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।"

‎আন্দোলনের আরেক সহযোদ্ধা জাহিদ হাসান জয় বলেন, "বর্তমানে প্রয়োজন একটি স্বচ্ছ, ন্যায়সংগত ও সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য ভর্তি ব্যবস্থা, যেখানে একদিকে মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত হবে, অন্যদিকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য রাষ্ট্রের ইতিবাচক বৈষম্যের নীতিও যথাযথভাবে বাস্তবায়িত হবে। তবে পোষ্য কোটাসহ বর্তমান ভর্তি প্রক্রিয়া প্রশ্নের জন্ম দিয়েছে। শহীদ আবু সাঈদের আত্মত্যাগ ন্যায্যতা ও সমঅধিকারের প্রতীক।"

‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিব ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, "অনেক বিশ্ববিদ্যালয়েই এ ধরনের কোটা রয়েছে, তাই এখানেও রাখা হয়েছে। এটি ভর্তি পরীক্ষার সমন্বিত কমিটির সিদ্ধান্ত। বিষয়টি নিয়ে সমালোচনা হলে পুনর্বিবেচনার সুযোগ রয়েছে।"

‎বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমে পোষ্য কোটাসহ বিভিন্ন কোটার প্রয়োগ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনা বাড়ছে। আন্দোলনের চেতনার সঙ্গে সামঞ্জস্য রেখে ভর্তি নীতিমালা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।‎

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com