সাংবাদিক ফোরামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, আন্দোলনের মুখে কার্যক্রম স্থগিত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১০:৩৪ পিএম
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। অপতথ্য ছড়িয়ে এক নারী শিক্ষার্থীকে হেনস্তা ও উস্কানিমূলক তথ্য প্রচারের অভিযোগে বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সব কার্যক্রম সাময়িক স্থগিত করেছে প্রশাসন। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে উচ্চপর্যায়ের একটি কমিটি।
রবিবার শিক্ষার্থীদের দুই দফা দাবিতে ঘণ্টাব্যাপী আন্দোলনের পর রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
ঘটনার সূত্রপাত গত ১১ জুলাই। ক্যাম্পাসে কয়েকজন বহিরাগত যুবক কয়েকজন ছাত্রীর গোপনে ভিডিও ধারণ করলে শিক্ষার্থীরা তাদের আটক করেন। ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার পর তদন্ত কেন্দ্র তাদের ছেড়ে দেয়। এ দৃশ্য ধারণ করেন সাংবাদিক ফোরামের সদস্য ও দৈনিক কালবেলার প্রতিনিধি আসাদুল্লাহ আল গালিব। অভিযোগ, ভুক্তভোগীদের বক্তব্য বাদ দিয়ে ভিডিওটি ক্লিকবেইট আকারে সম্পাদনা করে ফোরামের ফেসবুক পেজে প্রকাশ করা হয়, যা বিভ্রান্তিকরভাবে উপস্থাপিত।
ভিডিও ছড়িয়ে পড়ার পর সেখান থেকে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের এক শিক্ষার্থীর ছবি নিয়ে ভুঁইফোড় পেজগুলো অপপ্রচার চালায়। সাইবার বুলিংয়ের শিকার হন তিনি। ফোরামের সংশ্লিষ্ট সদস্যও পোস্টে উস্কানিমূলক মন্তব্য করেন বলে অভিযোগ। প্রশাসনের অপসারণ নির্দেশনার পরও বিলম্ব ও অসতর্কতায় পরিস্থিতি জটিল হয়।
প্রতিবাদে রবিবার শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দিয়ে আন্দোলনে নামেন। দাবি ছিল ফোরামের কার্যক্রম নিষিদ্ধ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। কয়েক ঘণ্টার আন্দোলনের পর প্রশাসন স্থগিতাদেশ ও তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়।
নাট্যকলা বিভাগের শিক্ষার্থী রাফেল আফ্রাদ বলেন, ছেলেরা ভুল বুঝুক এটাই চেয়েছিলেন তারা, কিন্তু ভিডিও প্রকাশ না করার অনুরোধ উপেক্ষা করে কাটছাঁট করা ভিডিও প্রচার করা হয়, যা উত্তেজনা তৈরি করে। তিনি এ ধরনের হলুদ সাংবাদিকতার বিচার দাবি করেন।
ঘটনার পর ফোরাম নিজেদের পেজে বিবৃতি দিলেও সেখানে ভুক্তভোগীর নাম-পরিচয় প্রকাশের অভিযোগ উঠেছে। ফোরামের সভাপতি শাকিল বাবুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
উল্লেখ্য, ২০২৩ সালে তৎকালীন উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখর, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি ও ছাত্র উপদেষ্টা মেহেদী উল্লাহর উদ্যোগে গঠিত এ ফোরামের বিরুদ্ধে প্রতিষ্ঠাকাল থেকেই মানহানিকর ছবি-ভিডিও প্রকাশ ও অপতথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে।
আরও পড়ুন
নওগাঁয় গরুবোঝাই ভুটভুটি পুকুরে উল্টে প্রাণ গেল ব্যবসায়ীর, আহত ৫ জন
চা চাষিদের ভর্তুকির সার বরাদ্দ নিশ্চিতের আশ্বাস, চায়ের চোরাচালান রোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান
চরভদ্রাসনে ভুবনেশ্বর খাল খননে অনিয়মের অভিযোগ চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারীর নাম শ্রমিকের তালিকায়