নগরকান্দায় মাদক, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৮:৩৬ পিএম
মামুন মিঞা, ফরিদপুর:
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ, আত্মহত্যা প্রতিরোধ এবং স্থানীয় বিরোধ ও জমিজমা সংক্রান্ত সংঘাত নিরসনে সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) জেলা পুলিশের উদ্যোগে নগরকান্দা থানাধীন ভবুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জনাব মিজ শামা ওবায়েদ ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম এবং পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
বক্তারা বলেন, মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও আত্মহত্যা সমাজের জন্য মারাত্মক হুমকি। এসব অপরাধ ও সামাজিক ব্যাধি থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে পরিবারে নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ চর্চা এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া গ্রামীণ পর্যায়ে জমিজমা সংক্রান্ত বিরোধ ও সামাজিক সংঘাতের ক্ষেত্রে আইন নিজের হাতে তুলে না নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না; সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সচেতনতা সৃষ্টি ও প্রতিরোধমূলক কার্যক্রমে অংশ নিতে হবে।
সভায় স্থানীয় প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জনপ্রতিনিধি, সুধীসমাজের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।