দুর্নীতিমুক্ত সোনার বাংলা গঠনে সামাজিক আন্দোলন জোরদারের প্রত্যয়

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৩:০৮ এএম

ঝালকাঠি সংবাদদাতা:

দুর্নীতিমুক্ত সোনার বাংলা গঠনের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন ঝালকাঠির দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের স্বেচ্ছাসেবকরা।

 

দুর্নীতি প্রতিরোধ শুধু কোনো একক প্রতিষ্ঠান বা সংগঠনের মাধ্যমে সম্ভব নয়; বরং নাগরিকদের সম্মিলিত ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় সেবাখাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করেই দুর্নীতি রোধ করা সম্ভব—এমন প্রত্যয় নিয়ে শুক্রবার (১৭ জুলাই) ঝালকাঠি সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা।

 

সচেতন নাগরিক কমিটি (সনাক), ঝালকাঠির আয়োজনে দিনব্যাপী এ সভায় সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) ও অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)-এর প্রায় দেড় শতাধিক সদস্য অংশ নেন। সভা শেষে অংশগ্রহণকারীরা দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ করেন।

 

সনাক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্তের সভাপতিত্বে এবং সনাক সদস্য শিমুল সুলতানা হেপী ও ইসমাঈল হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সিভিক এনগেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান, ক্লাস্টার কো-অর্ডিনেটর মো. ফিরোজউদ্দিন, সনাক সহসভাপতি রাবেয়া বেগম, গৌতম চন্দ্র বণিক, মো. নজরুল ইসলাম তালুকদারসহ ইয়েস ও এসিজির সদস্যরা।

 

সভায় উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরে টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান বলেন, স্বাধীনতার ৫৪-৫৫ বছর পরও কাঙ্ক্ষিত পরিবর্তনের স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল। তিনি বলেন, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের পথ সহজ নয়। সমাজে ক্ষমতাধর ব্যক্তিদের অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে হলে কঠিন পথ পাড়ি দিতে হয়।

 

তিনি বলেন, “আমরা সবার সমঅধিকারের স্বপ্ন দেখি। সেই অধিকার কেন বাস্তবায়ন হয়নি, তা খুঁজে বের করতে হবে। আমাদের এই স্বপ্নগুলো প্রতিনিয়ত দুর্নীতি নামক একটি শব্দ কেড়ে নিচ্ছে। যারা দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত, তাদের যুদ্ধ মনস্তাত্ত্বিক, তথ্যভিত্তিক ও মেধাভিত্তিক।”

 

তিনি আরও বলেন, অন্যকে প্রশ্ন করার আগে নিজেকে শুদ্ধ ও সঠিক পথে থাকতে হবে। নিজের কর্মকাণ্ড নিয়ে কেউ যেন প্রশ্ন তুলতে না পারে, সেই অবস্থান তৈরি করতে পারলেই অন্যায়ের বিরুদ্ধে শক্তভাবে কথা বলা সম্ভব। তিনি দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে স্থানীয় অভিজ্ঞতা ও অর্জন কাজে লাগিয়ে সচেতন নাগরিকদের পাশাপাশি তরুণ ও তরুণ সংগঠকদের সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান।

 

সভায় ২০২২ সাল থেকে বাস্তবায়িত ‘প্যাকটা’ প্রকল্পের আওতায় শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও পরিবেশ খাতে পরিচালিত নাগরিক উদ্যোগের অগ্রগতি, অর্জন, চ্যালেঞ্জ এবং উত্তরণের কৌশল তুলে ধরেন টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মিজানুর রহমান।

 

ক্লাস্টার কো-অর্ডিনেটর মো. ফিরোজউদ্দিনের পরিচালনায় অংশগ্রহণকারীরা দুর্নীতি প্রতিরোধে নিজেদের উদ্যোগ, অভিজ্ঞতা, অর্জন ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা করেন। তারা স্থানীয় সেবাখাতে শুদ্ধাচার, স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতিবিরোধী কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

 

সনাক সদস্য ইসমাঈল হোসেনের পরিচালনায় সভায় অংশগ্রহণকারীরা দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে শপথ গ্রহণ করেন।

 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী নাটিকা, গান, কৌতুক ও নৃত্য পরিবেশন করা হয়।

 

সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্ত দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান। তিনি বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী ও বিস্তৃত করতে হবে। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধ এবং সেবাখাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তরুণদের অগ্রাধিকার ভিত্তিতে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com