গঙ্গাচড়ায় তিস্তার ভাঙনের মুখে স্বেচ্ছাশ্রমে নির্মিত বাঁধ রক্ষায় মানববন্ধন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৮:৪৪ এএম

মোঃ শফিকুজ্জামান সোহলে, রংপুর সংবাদদাতা:

নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে নির্মিত বাঁধ রক্ষার দাবিতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের বিনবিনা চরে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (১৫ জুলাই) বিকেলে বাঁধের ওপর আয়োজিত এ কর্মসূচি থেকে দ্রুত সরকারি হস্তক্ষেপের দাবি জানিয়ে সাত দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা না নিলে মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

মানববন্ধনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর জেলা আহ্বায়ক আল মামুন, গঙ্গাচড়া উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা মুনতাসীর মামুনসহ ভাঙনকবলিত এলাকার শতাধিক মানুষ অংশ নেন।

স্থানীয়রা জানান, ২০২১ সালে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার দীর্ঘ বাঁধটি নির্মাণ করা হয়। বর্তমানে এটি প্রায় ১০ হাজার পরিবারের বসতভিটা ও ফসলি জমি রক্ষা করছে। তবে তিস্তার তীব্র স্রোতে বাঁধটির বিভিন্ন অংশ ঝুঁকির মুখে পড়লেও এখনো কার্যকর কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।

 

এনসিপির রংপুর জেলা আহ্বায়ক আল মামুন বলেন, স্থানীয় মানুষের উদ্যোগে নির্মিত এই বাঁধটি রক্ষায় দ্রুত সরকারি পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায় হাজারো পরিবার নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। আগামী সাত দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে।

 

গঙ্গাচড়া উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম বলেন, ঝুঁকিপূর্ণ অংশে অবিলম্বে জিওব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধ এবং বাঁধটি স্থায়ীভাবে সংরক্ষণের উদ্যোগ নিতে হবে। অন্যথায় ভাঙনকবলিত এলাকার মানুষের বৃহত্তর স্বার্থে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

 

সাবেক ছাত্রদল নেতা মুনতাসীর মামুন বলেন, প্রতিবছর তিস্তার ভাঙনে এ অঞ্চলের মানুষ চরম দুর্ভোগের শিকার হন। দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে ভাঙনরোধে কার্যকর উদ্যোগ নেওয়ার বিকল্প নেই। দ্রুত কাজ শুরু না হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করা হবে।

 

মানববন্ধন থেকে ঝুঁকিপূর্ণ স্থানে দ্রুত জিওব্যাগ ফেলা, বাঁধটি স্থায়ীভাবে সংরক্ষণ এবং তিস্তা নদীর ভাঙনরোধে দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com